‘বোমারু মরু’ গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের সাংসদ আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা হামলা মামলার অন্যতম আসামি মরুকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। জেলার দৌলতপুর থানার পুলিশ গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে।মরু দৌলতপুর উপজেলার চামনা গ্রামের বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেওয়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে জানান, মরু এলাকায় ‘বোমারু মরু’ নামে পরিচিত। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে দৌলতপুর থানায় আনা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সাংসদের বাড়িতে বোমা হামলার সময় তিনি বাড়ির বাইরে মোটরসাইকেলে অবস্থান নেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর আসামি জাহিদ বিস্তারিত বলতে পারবেন বলে মরু দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, সাংসদের বাড়িতে বোমা হামলার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন মরু; তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে কয়েক দিনের মধ্যেই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। গতকাল বিকেলে মরুকে দৌলতপুরে বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। হাকিম তৌহিদুল ইসলাম ১৬৪ ধারায় মরুর জবানবন্দি নিয়ে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর আসামি জাহিদ হোসেনকে (৪০) আজ রোববার একই আদালতে রিমান্ডের শুনানির জন্য হাজির করা হবে। গ্রেপ্তারের পর জাহিদ অসুস্থ থাকায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সংবাদ সম্মেলন: সাংসদের বাড়িতে বোমা হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগ গতকাল দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী লিখিত বক্তব্যে বলেন, ‘প্রকৃত ঘটনাকে আড়াল করতে কয়েকটি সংবাদপত্র এই হামলার পেছনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের সংশ্লিষ্টতা প্রকাশ করেছে—যা অত্যন্ত নিন্দনীয়। আমরা একই সঙ্গে বোমা হামলাকারী ফ্রিডম পার্টিসহ জামায়াত-বিএনপি জোট ও গণবাহিনীর ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সদর উদ্দিন খান বলেন, সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে বোমা হামলার পেছনে গণবাহিনীর প্রতিষ্ঠাতা এক নেতা এবং আওয়ামী লীগ থেকে পদত্যাগী আরেক নেতার হাত রয়েছে। সম্মেলনে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ: সাংসদের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা নেতারা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে মুক্তিযোদ্ধা হায়দার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস, সাবেক কমান্ডার নুরুল হুদা, হযরত আলী প্রমুখ। তাঁরা বলেন, একটি মহল বোমা হামলার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাতে দৌলতপুরে সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীনের বাড়িতে বোমা হামলা করা হয়। এ ঘটনায় স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশমত আলী (৪২) এবং বোমা হামলাকারী সিদ্দিকুর রহমান (৪০) ও আহাদুল ইসলাম (৩২) নিহত হন। আহত হন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম (৪২)। ঘটনার পর সাংসদের ছোট ছেলে এজাজ আহমেদ দৌলতপুর থানায় চারজনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা করেন।