বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নযাত্রার সময়টায় মাঠের বাইরে নেতৃত্ব দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন উৎপল শুভ্র দ্বিতীয় ও শেষ পর্ব বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলতে শুরু করার পর বছর না ঘুরতেই তো আপনাকে বিদায় করে দেওয়া হলো। যা করতে চেয়েছিলেন, সেটি অসমাপ্ত থেকে যাওয়ার কোনো আক্ষেপ কি আছে?সাবের হোসেন চৌধুরী: একজনেরই তো সবকিছু করার প্রয়োজন নেই। একজন হয়তো নেতৃত্ব দিয়ে সুযোগটা সৃষ্টি করে পথ দেখাবে। অন্যরা সেটিকে এগিয়ে নিয়ে যাবে। এটা অনেকটা রিলে রেসের মতো। তবে আমাদের ক্ষেত্রে মনে হয় ব্যাটনটা ড্রপ হয়ে গেছে। তার পরও যেটা গেছে, গেছে। এখন সামনে তাকাতে হবে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্রিকেট বোর্ডকে যত সরকারের নিয়ন্ত্রণের বাইরে রাখা যায়, ততই মঙ্গল। আপনার মনে থাকার কথা, সম্ভবত আমাদের প্রথম এজিএমেই বলা হয়েছিল, ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হবেন। অন্যান্য ফেডারেশনে সরকার মনোনীত সভাপতি থাকার যুক্তি আছে। ফেডারেশন যদি সরকারের অর্থায়নের ওপর নির্ভরশীল হয়, তাহলে টাকাটা কীভাবে খরচ হচ্ছে তা দেখার জন্য সরকারের একজন লোক দিতেই হবে। কিন্তু ক্রিকেট বোর্ডের বাজেট হয়তো আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের বাজেটের চেয়েও বেশি। এখানে তো সরকারের ওপর কোনো নির্ভরশীলতা নেই। এটাকে সত্যিকার অর্থে একটা প্রতিষ্ঠান করতে হলে ক্রিকেট-সমাজ থেকেই কারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে। তাহলে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে। সরকার পরিবর্তন হলে সেটির ছায়া ক্রিকেট বোর্ডে পড়বে না। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা তো এটাই—মাঠের বাইরে যোগ্য নেতৃত্ব না পাওয়া। আপনার পর যাঁরা সভাপতি হয়েছেন, তাঁদের অনেককেই টেস্ট খেলুড়ে একটা দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি বলে মানতে কষ্ট হয়...সাবের হোসেন চৌধুরী: আমার এটা না বলাই ভালো। সবাই তো আসলে ক্রিকেটের ভালোর জন্যই কাজ করেছেন। তবে এখন সমস্যার মূলে গিয়ে সমাধান করতে হবে। সেই সমাধানটা হচ্ছে নির্বাচিত সভাপতি। যাঁরা সভাপতি নির্বাচিত করবেন, সেই কাউন্সিলররা যদি ভুল সিদ্ধান্ত নেন পরে তা শোধরাবেন। এটাই তো গণতন্ত্র। আমি মনে করি, ক্রিকেট বোর্ড একেবারে একটা পাবলিক কোম্পানির মতো হওয়া উচিত। সবকিছুতে স্বচ্ছতা থাকবে, আয়-ব্যয়ের হিসাব সবাই জানবে। প্রয়োজনে এ জন্য সরকার থেকে একজন পর্যবেক্ষক হিসেবে থাকতে পারেন। আপনি যদি সিস্টেমের কথা বলেন, অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে ভালো। পুরোপুরি পেশাদার। বোর্ড শুধু নীতি নির্ধারণ করে এবং পেশাদারদের কাছ থেকে ওটা আদায় করে নেয়। ভারতে যেটা আছে, তা একেবারে হাইব্রিড পদ্ধতি। সেখানে বোর্ডের কর্মকর্তাদের অনেক ক্ষমতা। আমাদের ওই হাইব্রিডে না গিয়ে পুরোপুরি একটা পেশাদার বোর্ডে যেতে হবে। আমার মনে হয় না দৈনন্দিন বিষয়ে ক্রিকেট বোর্ডের কোনো সদস্যের জড়ানো উচিত। যাঁরা দায়িত্বে থাকবেন তাঁদের মনমানসিকতা, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দরকার আছে। আমরা জানি, অনেকে স্বেচ্ছাশ্রম দিয়ে ক্রিকেটটাকে এ জায়গায় নিয়ে এসেছেন। কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি ক্রিকেটকে ভালোবাসেন, তাহলে বুঝতে হবে যে এখন ক্রিকেটকে নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। পুরো নিয়ন্ত্রণটা আমার হাতে ধরে রাখব, এই চিন্তাটা মনে হয় না বর্তমানের সঙ্গে যায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো তেমনই হচ্ছে। পর্দার পেছনে-সামনে সবখানেই তো বোর্ড কর্মকর্তারা। মুখেই শুধু পেশাদারিত্বের কথা... সাবের হোসেন চৌধুরী: হ্যাঁ, এখানে স্বার্থের একটা দ্বন্দ্ব চলেই আসে। ক্রিকেটের অবস্থান যত দৃঢ় হবে, আয় বাড়বে, সবাই ক্রিকেটে আসতে চাইবে। তবে ক্রিকেট যেন নিজের সাফল্যের শিকার না হয়। ক্রিকেটে নেতৃত্বের চাহিদাটা এখন ভিন্ন। এখন একজন অভিভাবকের প্রয়োজন। আপনি পেছনে থাকবেন, আপনার টিম পারফর্ম করছে কি না দেখবেন। এখন সামনে এসে সব নিজে করার প্রয়োজন নেই, প্রয়োজন নীতি নির্ধারণ করা এবং তা মনিটর করা। নীতির বাস্তবায়ন আপনি করবেন না, করবে আপনার পেশাদার নির্বাহী টিম। সবার মধ্যে ওই পরিণতিবোধটা থাকতে হবে যে, ক্রিকেট আর আগের জায়গায় নেই। সভাপতি হিসেবে আমি যেভাবে কাজ করেছি বা সৈয়দ আশরাফুল হক সাধারণ সম্পাদক হিসেবে যেভাবে কাজ করেছেন, এখন আর সেভাবে কাজ করার প্রয়োজন নেই। তখন আমাদের সবাইকে নেতৃত্ব দিয়ে একটা জায়গায় নিয়ে যেতে হয়েছে। বঙ্গবন্ধু যেমন দেশের স্বাধীনতার জন্য ওনার রাজনীতি করেছেন, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীদের তো ওই ভাবে করার প্রয়োজন নেই। যে জায়গায় পৌঁছানোর, আপনি তো পৌঁছে গেছেন। সেটিকে কীভাবে অর্থবহ করবেন, এটাই হচ্ছে আপনার মূল চ্যালেঞ্জ। আপনি পেশাদারিত্বের কথা বলছেন, অথচ ক্রিকেট বোর্ডে সিইওর (চিফ এক্সিকিউটিভ অফিসার) ক্ষমতা খর্ব করার জন্য পদটিকে সিওও (চিফ অপারেটিং অফিসার) বানিয়ে ফেলারও একটা পাঁয়তারা চলছে...সাবের হোসেন চৌধুরী: পদ কী সেটা মূল ব্যাপার নয়। আসল কথা হলো, ওই পদের দায়িত্ব কী হবে, কাজের পরিধিটা কী হবে। এটা ঠিক না করে একজনকে সিইও বা সিওও টাইটেল দিয়ে কোনো লাভ নেই। এটা আবার নির্ভর করবে বিসিবি নিজেকে কীভাবে দেখে, তার ওপর। বিসিবি যেভাবে দেখবে, তার একটা অংশ হিসেবেই তো সিইও দায়িত্ব পালন করবে। আপনি যা বলছেন, সেটিই হওয়া উচিত। কিন্তু বিসিবির কাজকর্ম দেখে কি আপনি আশাবাদী হওয়ার মতো কিছু দেখছেন?সাবের হোসেন চৌধুরী: এটা না বলে উপায় নেই যে, এখন পর্যন্ত সে পথে এগোনোর খুব একটা লক্ষণ দেখছি না। এ জন্য আসলে মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন। সেটা তো আসলে আমরা বললে হবে না, বর্তমানে যাঁরা আছেন তাঁদের মন থেকে এই বিষয়টা আসতে হবে। এই বিশ্বকাপের কথাই বলি। আপনি দেখেছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ নিয়ে ওখানে একটা হাইপ ছিল। কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে বিশ্বকাপের আমেজটা সেভাবে পৌঁছে দিতে পারিনি। এটাও তো বোর্ডকেই চিন্তা করতে হবে। এটাকে কেন্দ্র করে যে আগ্রহটা তৈরি হবে, সেটিকে কীভাবে ক্রিকেটের উন্নয়নের কাজে লাগাবেন, এই চিন্তা তো থাকতে হবে। একটা হচ্ছে অবকাঠামো। বিশ্বকাপ উপলক্ষে তো বাংলাদেশে নতুন কয়েকটা হোটেলই হয়ে যাওয়া উচিত ছিল। এটা তো বিশ্বকাপ! এই কাপের সঙ্গে বিশ্ব শব্দটা সংযুক্ত। এটা বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরার বড় একটা সুযোগ। এ রকম সুযোগ হয়তো আবার ২০ বছর পরে আসবে। আপনার মনে আছে কি না, ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপের সময় আমরা টিভি কোম্পানিগুলোকে আগেই শর্ত দিয়েছিলাম, খেলার ফাঁকে ফাঁকে বাংলাদেশের দর্শনীয় জায়গাগুলো দেখাতে হবে। এবার কি তেমন কিছু ভাবা হচ্ছে? আরেকটা হলো টেকনিক্যাল বিষয়। হোম অ্যাডভান্টেজ কাজে লাগানোর মতো করে কি আমরা আমাদের উইকেটগুলো তৈরি করছি? বিশ্বকাপের একটা বিপদও আমি দেখি। বাংলাদেশ যদি প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে কিন্তু এটার একটা নেগেটিভ দিকও থাকবে। আশা করি, এটা হবে না। তবে প্রত্যাশার ব্যবস্থাপনাটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে ক্রিকেট বোর্ডের একটা ভূমিকা থাকে। মানুষকে আগে থেকে বলা, প্রস্তুত করা। এখন তো সবাই মনে করছে, আমরা হয়তো অনেক কিছুই করে ফেলব। আমার মনে হয়, ক্রিকেট বোর্ডের যেটা করা উচিত প্রত্যাশাকে একটু কম করে দেখানো। তারপর যদি বাড়তি কিছু পাই, সেটা বোনাস। আপনি টার্গেট সেট করার কথা বলছিলেন। পাঁচ বছর পর বাংলাদেশকে এখানে দেখতে চাই, ১০ বছর পর ওখানে—এমন সুনির্দিষ্ট টার্গেটের কথা তো আমরা শুনি না...সাবের হোসেন চৌধুরী: আমি তো বলি, ক্রিকেট বোর্ডকে লক্ষ্যের কথা পরিষ্কার বলতে হবে। নিজেরা যদি না বলে তাদের লক্ষ্য কী, তাহলে আমরা কীভাবে যাচাই করব ক্রিকেট বোর্ড আসলেই আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কিনা। বোর্ডের সেই সাহস আর আত্মবিশ্বাস থাকতে হবে। আমরা যখন বললাম টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করব বা বিশ্বকাপ বাংলাদেশে আনতে হবে—এখানে আত্মবিশ্বাস যেমন ছিল, সাহসেরও একটা ব্যাপার ছিল। বোর্ডকে ওই জায়গাটায় যেতে হবে। আপনি এখন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে থাকলে কোন পাঁচটা লক্ষ্য অগ্রাধিকার পেত?সাবের হোসেন চৌধুরী: প্রথম তো অবশ্যই পেশাদারিত্ব। ম্যানেজমেন্ট ও ওনারশিপের মধ্যে পরিষ্কার একটা ভাগ রাখতাম। লক্ষ্য ঠিক করে তা স্পষ্ট বলে দিতাম। এরপর ঠিক করতাম, ওই জায়গায় যেতে হলে কী কী করতে হবে। একটা হচ্ছে টেকনিক্যাল কাঠামো। কিউরেটর-আম্পায়ার-কোচ-গ্রাউন্ডসম্যান আমাদের কতজন আছে, আরও কতজনকে প্রতিবছর ক্রিকেটে নিয়ে আসব এসব। এরপর আসবে ভৌত অবকাঠামো। আমাদের দেশে ক্রিকেট আমরা খেলতে পারছি মাত্র চার মাস। আমরা তাই সারা দেশে ইনডোর ফ্যাসিলিটিজ তৈরি করার কথা বলেছিলাম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিকেন্দ্রীকরণ। আমি বলেছিলাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার কথা। এটা খুবই জরুরি। এটাই হতো প্রথম শ্রেণীর ক্রিকেটের কাঠামো। আমরা বিভিন্ন অঞ্চলে যে বয়সভিত্তিক প্রতিযোগিতা শুরু করেছিলাম, তখন সেটা অস্ট্রেলিয়ায়ও ছিল না। টেস্ট প্লেয়ার তৈরির পাইপলাইনটা ঠিক রাখার জন্য সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা তো থাকতে হবে। এরপর আসে বাণিজ্যিক ব্যাপার। আমাদের চিন্তা ছিল, শুধু ক্রিকেট নিয়ে আমরা একটা চ্যানেল করব। এত স্যাটেলাইট চ্যানেল হচ্ছে, একটা স্পোর্টস চ্যানেল অবশ্যই হতে পারে। একটা ক্রিকেট চ্যানেল হতে পারে। আরেকটা জিনিস এখন হারিয়ে গেছে। সেটা হলো স্পিরিট অব দ্য গেম। ক্রিকেটের চেতনাটা তরুণ প্রজন্মে ছড়িয়ে দেওয়াটা খুব জরুরি। জাতি গঠনে ক্রিকেটের অবদান কী—আমরা চিন্তা করেছিলাম এটাকে একাডেমিক পড়াশোনার আওতায় নিয়ে আসার। এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। আরেকটা হতো হাইপারফরম্যান্স। শ্রীলঙ্কা এত ছোট জনসংখ্যা নিয়েও এত ওপরের দিকে। আমি তো মনে করি আমাদের সবচেয়ে শক্তির জায়গা আমাদের জনসংখ্যা। এখানে ব্যাপার হচ্ছে জালটাকে আপনি কত বিস্তৃত করে দিতে পারেন। যত কোয়ান্টিটি বাড়াতে পারবেন, ততই কোয়ালিটি বাড়বে। চ্যানেল হয়ে গেলে টিভির মাধ্যমেই আমি কোচিংয়ের একটা সিরিজ করতে পারি। আরেকটা কথা, এই যে এত একাডেমি, এত কোচিং ক্লিনিক, এগুলোর মান আমরা কীভাবে নির্ধারণ করছি। এখানে তো আমাদের একটা নিয়মনীতি থাকতে হবে। এগুলোকে মান অনুযায়ী এ, বি, সি এমন ক্যাটাগরিতে ভাগ করতে হবে। দরকার হলে বোর্ডকে সাবসিডি দিতে হবে, সব কাজ তো বোর্ড একা করতে পারবে না। আপনি যে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা বললেন, সেটি সেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে থেকেই শুনে আসছি। এখনো মাঝেমধ্যে শুনি, কিন্তু সেই শোনা পর্যন্তই। এটি হলে আমাদের প্রথম শ্রেণীর টুর্নামেন্টটা প্রতিদ্বন্দ্বিতাময় হতো, এখন তো নামকা ওয়াস্তে প্রথম শ্রেণীর ক্রিকেট হচ্ছে, এর পরও যে টেস্টে বাংলাদেশের প্লেয়াররা সেঞ্চুরি-টেঞ্চুরি করে, এটাই তো আশ্চর্যের...সাবের হোসেন চৌধুরী: ঠিকই বলেছেন, আমাদের যে কাঠামো আছে, তাতে এই পারফরম্যান্সও হওয়ার কথা না। প্লেয়াররা যেটা করছে, বেশিই করছে। তার পরও আমাদের স্বপ্ন দেখার যথেষ্ট কারণ আছে। যেটা অন্য দেশের নেই। বাংলাদেশ এবং ক্রিকেটের মধ্যে একটা মিল খুঁজে পাবেন। দেশ হিসেবে বাংলাদেশের কিন্তু ব্যাপক সম্ভাবনা। সেটা আমরা কাজে লাগাতে পারি না। ক্রিকেটেও আমাদের সম্ভাবনার মাত্রাটা অনেক বেশি। কিন্তু এটাকেও কাজে লাগাতে পারছি না। বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা করি। কিন্তু বাস্তবায়নে বারবার হোঁচট খাই। ক্রিকেটও এই ধারা থেকে সরে আসতে পারেনি। এটাই এখন বড় চ্যালেঞ্জ। উপাদানগুলো সবই আছে। আমাদের দর্শক আছে, স্পনসর আছে, সামর্থ্য আছে, মোটামুটি একটা কাঠামো আছে। এখন সেটার সমন্বয় ঘটাতে হবে। সেটার জন্য যেমন দূরদর্শিতা প্রয়োজন, বলিষ্ঠ নেতৃত্বেরও প্রয়োজন। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি না। প্রাতিষ্ঠানিকভাবে বলছি। বিসিবিকেই সেই নেতৃত্বটা দিতে হবে। অন্য কেউ এসে এই দায়িত্ব ক্রিকেট বোর্ডের জন্য পালন করবে না। এবার শেষ প্রশ্ন, ক্রিকেট বোর্ডের সভাপতি যেহেতু সরকার মনোনীত, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর কি আবার দায়িত্ব পাওয়ার আশা করেছিলেন?সাবের হোসেন চৌধুরী: সেভাবে ভাবিইনি। আসলে আমার মেয়াদটা আমি কখনোই পাঁচ বছরের বেশি দেখিনি। জানি না কীভাবে নেবেন, আমি যখন যে দায়িত্বে থাকি পারলে ১১০ ভাগ সেখানে দিই। আবার যখন সে দায়িত্বে থাকি না, তখন আনুষ্ঠানিকভাবে নিজেকে আলাদা করে নেই। মানসিকভাবে আলাদা হয়ে যাই। আমি দায়িত্ব পেলাম কি পেলাম না, সেটার চেয়ে বড় হলো কী প্রক্রিয়ায় দায়িত্বটা দেওয়া হচ্ছে। বাংলাদেশে ভালো কাজের স্বীকৃতি দেওয়ার সংস্কৃতি কম, তবে আমি একজনের নাম অবশ্যই বলব—ওবায়দুল কাদের সাহেব (তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী)। উনি কখনো আমাদের না করতেন না। প্রধানমন্ত্রীও যথেষ্ট করেছেন তখন। বিষয়টা হচ্ছে কে সভাপতি হবেন, সেটা যদি রাজনৈতিক সিদ্ধান্ত হয়, তখন সেটা অন্য বিষয়। তখন তো আর কারও সঙ্গে আলাপ করার কিছু থাকে না। তবে বিষয়টা যদি ক্রিকেটিং দৃষ্টিভঙ্গি থেকে হয়, তাহলে অতীতে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের সঙ্গে একটা আলোচনা হলে তাঁরাও তাঁদের মতামত দিতে পারেন। সেটা আমি হতে হবে, এমন কোনো কথা নেই। তবে আমার কাছ থেকে জানতে চাইলে হয়তো আমি একটা নাম বলতাম। বা কাদের সাহেবের কাছে জানতে চাইলে উনি একটা নাম বলতেন। এটা আবার সেই মূল জায়গায় চলে যাচ্ছে। যেহেতু এটা রাজনৈতিক নিয়োগের ব্যাপার, এসব তো আর হবে না। এ নিয়ে আমার কোনো দুঃখও নেই। আগেই বলেছি যে সবাই তো আর সবকিছু করতে পারে না। সম্ভবও না। আমার যতটুকু দায়িত্ব ছিল, সেটা আমি পালন করেছি। আক্ষেপটা হচ্ছে তার ধারাবাহিকতা হয়তো আমরা সেভাবে ধরে রাখতে পারিনি। আমি চাই, আমার পরে যে আসবে, সে আমার চেয়ে আরও বেশি করুক। যে কারণে আমি এত দিন সম্পূর্ণ নীরব ছিলাম, এখনো নীরব আছি। আমার বলাটা যেন কাউকে বিব্রত না করে। এটা চ্যালেঞ্জিং একটা দায়িত্ব। এটিকে আরও কঠিন করার কোনো যুক্তি নেই। তবে হ্যাঁ, মতামত চাইলে হয়তো দিতাম। তবে সবার স্টাইল তো আর এক না। আমাদের সময় আমরা আরেকটা জিনিসও অনুমোদন করেছিলাম। অতীতে যাঁরা বোর্ডের সভাপতি-সেক্রেটারি ছিলেন, তাঁদের সবাইকে নিয়ে একটা উপদেষ্টা কমিটি করা। যিনি সভাপতি থাকবেন, তিনি তো সবাইকে একবার একটা চায়ের দাওয়াতও দিতে পারেন। দিয়ে ওনাদের অভিজ্ঞতা উনি যদি নেন, তাহলে তো একটা ধারাবাহিকতা থাকে। কিন্তু যদি ইগো সমস্যা হয়ে যায়, তাহলে তো আর কিছু করার থাকে না।