‘বোল্টের দৌড় দেখে ঘুমাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো গেমসের প্রধান আকর্ষণই হচ্ছে ১০০ মিটার স্প্রিন্ট। ২০ এপ্রিল শুরু হতে যাওয়া বাংলাদেশ গেমসেও সবার নজর থাকবে ট্র্যাকের এই ইভেন্টের দিকে। ১১ বছর পর হতে যাওয়া বাংলাদেশ গেমস নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশের দ্রুততম মানব মোহন খান আর মাত্র এক সপ্তাহ পর শুরু হচ্ছে বাংলাদেশ গেমস। আপনার প্রস্তুতি কেমন?মোহন খান: আমার প্রস্তুতি ভালোই হচ্ছে। আর্মি স্টেডিয়ামে নিয়মিত প্রস্তুতি নিচ্ছি। আমাদের কোচ করপোরাল শহীদ স্যারের অধীনে যেভাবে অনুশীলন করছি, তাতে সন্তুষ্ট। তবে প্রধান কোচ কিতাব আলী স্যারের কাছ থেকে মাঝেমধ্যে টিপসও নিচ্ছি। চলমান রাজনৈতিক অস্থিরতায় গেমস নিয়ে কি কোনো শঙ্কা দেখেন?মোহন: আমি গেমস নিয়ে শঙ্কার কিছু দেখছি না। খেলার ব্যাপারে আশা করি সবাই সহযোগিতা করবে। তবে গেমস হোক বা না-হোক, আমি আমার কাজটা চালিয়েই যাব। খেলা হলো কি হলো না, তা নিয়ে আমি ভাবি না। গেমসে আপনার লক্ষ্য কী?মোহন: গত ন্যাশনাল মিটের চেয়ে টাইমিংটা (১১.২২ সেকেন্ড) ভালো করতে চাই। টাইমিং কমিয়ে আনাই আমার মূল লক্ষ্য। বাংলাদেশ গেমস নিয়ে আপনি কতটা আগ্রহী?মোহন: যখন আমি অ্যাথলেটিকস-জগতে আসি, তখন থেকেই শুনে আসছি বাংলাদেশ গেমস হবে। কিন্তু সেটা হচ্ছে সাত বছর পর। গত বছর আমি অলিম্পিকে খেলে এলাম। এটাকে সবাই বলে বাংলাদেশের অলিম্পিক। কিন্তু এটার তো ধারাবাহিকতা নেই। আর কখনো বাংলাদেশ গেমসে খেলতে পারব কি না, জানি না। তবে এবারেরটা খেলতে পারব ভেবে খুব রোমাঞ্চিত। এ জন্য গেমসটা স্মরণীয় করে রাখতে যথাসাধ্য চেষ্টা করব। শাহ আলম, বিমল চন্দ্র, মাহবুব আলমদের কারণে বাংলাদেশের অ্যাথলেটিকসের অতীতটা ছিল ঝলমলে। তাঁদের উত্তরসূরি ভাবতে কেমন লাগে আপনার?মোহন: তাঁদের উত্তরসূরি, এটা ভাবতে ভালোই লাগে। কিন্তু ওনাদের মানের অ্যাথলেট বাংলাদেশে হয়তো আর জন্মই নেবে না। আমি চেষ্টা করে যাচ্ছি। কত দূর পারব, জানি না। আমরা তো তেমন সমর্থন, সহযোগিতা পাই না। একজন অ্যাথলেট অবসর নিলে বা যদি অকালে মারা যান, তাঁর অবস্থা কেমন হবে, ভেবে খারাপ লাগে। মাহবুব ভাইয়ের কথাই ধরুন। উনি দুর্ঘটনায় মারা গেলেন, ন্যাশনালের সময় দেখি, ওনার স্ত্রী আমাদের সামনে করুণ মুখে ঘুরে বেড়ান। দেখে খুব কষ্ট লাগে। কীভাবে তাঁর সংসার চলে, কেউ খোঁজও নেয় না। আমিও তো দ্রুততম মানব। আমার ক্ষেত্রেও যদি এমন ঘটে, তখন আমার আত্মীয়স্বজনেরা এভাবেই ঘুরবে! বাংলাদেশে দ্রুততম মানব খ্যাতিটা তো টানা কয়েক বছর একজন ধরে রাখতে পারেন না।মোহন: আমার মধ্যে এসব নিয়ে কোনো ভয় কাজ করে না। আল্লাহর রহমতে এবারও আশা করছি দ্রুততম মানব হব। সেই আত্মবিশ্বাস আমার আছে। নিজের খেলার উন্নতির জন্য আপনি কতটা উদ্যোগী?মোহন: আমি সব সময় নিজের খেলা নিয়ে ভাবি। কীভাবে স্টার্ট করলে ভালো হয়, কীভাবে ফিনিশিং করব, কীভাবে দৌড়াব, আমার মাথার মধ্যে এটা সব সময় কাজ করে। আমার চিন্তা একটাই, কীভাবে ভালো করব। আমি এখনো প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে উসাইন বোল্টের গত অলিম্পিকের দৌড়টা দেখি। কখনো থামিয়ে থামিয়ে, কখনো স্লো করে দেখি কীভাবে ও স্টার্ট করে। ওর ফিনিশিংটা দেখি। সেখান থেকে কিছু শেখার চেষ্টা করি। আপনার দল সেনাবাহিনীর সমর্থন কেমন পান?মোহন: আমরা সব অ্যাথলেটই সমান সাহায্য পাই। যা পাচ্ছি, তাতে সন্তুষ্ট। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সব সময় উৎসাহ দেন আমাদের। বলেন, ‘মোহন, তোমার দ্রুততম মানবের খ্যাতিটা ধরে রাখতে হবে!’