‘বৌদ্ধ সম্প্রদায়ের ওপর আঘাত হাসিনার ওপর আঘাত’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ২০০১ সালে নৌকায় ভোট দেওয়ার অপরাধে যারা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষে ঘরে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট চালিয়ে মানুষ হত্যা করেছিল, তারাই রামু ও উখিয়ায় হামলা চালিয়েছে। এ বর্বর ঘটনার সঙ্গে কারা জড়িত, কোথায় গোপন বৈঠকের মাধ্যমে কীভাবে ঘটনার পরিকল্পনা করা হয়, সব তথ্য সরকারের কাছে আছে। মানুষ ভাড়া করার ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহূত একটি কংক্রিট প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে।আজ রোববার দুপুুরে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের অগ্নিদগ্ধ পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহার পরিদর্শনের পর বৌদ্ধ সম্প্রদায়ের নেতা এবং ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় সভায় জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এ আঘাত গণতন্ত্র, দেশ ও বাঙালির সংস্কৃতির ওপর, যা সইবার মতো নয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুরের জনসভায় যখন উসকানিমূলক বক্তব্য দেন, তখনি বুঝতে পারি এটা অশনিসংকেত। বেগম জিয়া হবিগঞ্জে প্রলাপ করে এ ঘটনা সরকারি দলের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে উল্লেখ করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন।’জাহাঙ্গীর কবির নানক বলেন, এ দেশকে যারা আফগানিস্তান ও পাকিস্তানে পরিণত করতে চেয়েছিল এবং রামুর গহিন অরণ্যে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তারা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তারা যে দলেরই হোক না কেন এবং যত বড় শক্তিশালী ব্যক্তিই হোক, কাউকে রেহাই দেওয়া হবে না। তিনি সব ভয়ভীতি, আশঙ্কা দূর করে আগামী প্রবরণা অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর বলেন, ‘বৌদ্ধ সম্প্রদায়ের ওপর এ আঘাত বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নয়, শেখ হাসিনার ওপরই করা হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা ভাঙলে গড়া যায়, কিন্তু মানুষের মন ভাঙলে তা গড়া যায় না।’ উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি বলেছেন, বিএনপির সাংসদ শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি উপজেলা চেয়ারম্যান শাহ জালাল চৌধুরীর বাড়ির আধা কিলোমিটারের মধ্যে একটি মন্দির পোড়ানো ও দুটি ভাঙচুর করা হয়। এর পর থেকে উপজেলার অন্যান্য স্থানে ধ্বংসযজ্ঞ শুরু হয়। জেলা প্রশাসনকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের জন্য বলা হলেও তা হয়নি। ঘটনার পরদিন পুলিশ সুপার অন্যত্র চলে যান।এ সময় কক্সবাজার জেলা বৌদ্ধ সমিতি (যুব) সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, ‘ওই দিন কি কোনো প্রশাসন ছিল না? ঘটনার সময় প্রশাসনকে অবহিত করেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। ঘটনার পরবর্তী সময় এখনো অনেকে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকে হুমকি দিচ্ছে। এখন আমরা নিরাপদে শান্তিতে ঘুমাতে চাই।’প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু কাউসার মোল্লা, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।