‘ব্যবসা বন্ধ কইরা দিলি না খায়া মরা লাগবি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের শহীদুল ইসলাম সারের ব্যবসা করেন প্রায় ১৪ বছর ধরে। গৌরীগ্রাম বাজারে সারের বড় দোকান রয়েছে তাঁর। সময়মতো আবেদন করেও সরকার-অনুমোদিত সার বিক্রেতা হতে পারেননি তিনি। এ জন্য শিগগিরই তাঁকে গুটিয়ে ফেলতে হবে দীর্ঘদিনের ব্যবসা। তবে একই ইউনিয়নের ক্ষেতুপাড়া এবতেদায়ি মাদ্রাসার শিক্ষক আবুল হাশেম কখনো সারের ব্যবসা করেননি, তাতেও তাঁর সমস্যা নেই, ব্যবসা চালিয়ে যেতে পারবেন তিনি। কারণ তিনি অনুমোদিত সার বিক্রেতা হতে পেরেছেন। অথচ সার বিক্রি করার মতো তেমন কোনো ব্যবসাপ্রতিষ্ঠানই তাঁর নেই। অনুমোদিত সার বিক্রেতা হওয়া-না-হওয়ার এমন উদাহরণ অনেক রয়েছে পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলায়। দলীয় প্রভাব ও নানা অনিয়মের মাধ্যমে শিক্ষক, মুহুরি, ঠিকাদার, অন্য ব্যবসায়ীসহ অনেকেই অনুমোদিত সার বিক্রেতা হয়ে দারুণ খুশি। কিন্তু বিপদে রয়েছেন অনুমোদন না পাওয়া প্রকৃত সার ব্যবসায়ীরা। কারণ, এমন ব্যবসায়ীদের সারের ব্যবসা বন্ধের নির্দেশ দিয়ে বেড়া উপজেলা কৃষি কার্যালয় ইতিমধ্যেই উপজেলায় মাইকিং করেছে। সাঁথিয়ায়ও এ ধরনের মাইকিংয়ের প্রস্তুতি চলছে। এর ফলে দীর্ঘদিন ধরে সার ব্যবসা করছেন অথচ অনুমোদন পাননি, এমন ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।সাঁথিয়ার গৌরীগ্রাম বাজারের সার ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, ‘সারের ব্যবসা ছাড়া আর কুনু ব্যবসা বুঝি না। এখন এই বয়সে ব্যবসা বন্ধ কইর্যা দিলি পরিবারের সগলেরই না খায়া মরা লাগবি।’সার বিক্রির অনুমোদন পাওয়া মাদ্রাসার শিক্ষক আবুল হাশেম বলেন, ‘এর আগে সারের ব্যবসা করিনি, কথাটি ঠিক নয়। ক্ষেতুপাড়া বাজারে সার বিক্রির জন্য ছোট একটি দোকান নিয়েছি। মাদ্রাসার ক্লাসের সময় বাদ দিয়ে সকালে ও বিকালে সার বিক্রি করি। তবে সার বরাদ্দ কম পাওয়া যায় বলে দোকানে বেচাকেনা খুব কম।’ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া উপজেলায় অনুমোদিত সার বিক্রেতা হওয়ার জন্য আবেদন পড়েছিল ২৪৭টি। এর মধ্য থেকে অনুমোদন পান ৯৯ জন। খোঁজ নিয়ে জানা গেছে, অনুমোদন পাওয়া এসব ব্যক্তির মধ্যে প্রকৃত সার ব্যবসায়ী যেমন রয়েছেন তেমনি রয়েছেন অসংখ্য অন্য পেশার মানুষ। অন্য পেশা থেকে আসা ব্যক্তিদের অধিকাংশেরই সার বিক্রির পূর্ব-অভিজ্ঞতা নেই। অনেকের আবার সারের দোকানই নেই। মূলত এঁদের কারণেই বাদ পড়ে গেছেন অনেক প্রকৃত সার ব্যবসায়ী।বেড়া উপজেলার আমিনপুর বাজারের ১৮ বছরের পুরোনো সার ব্যবসায়ী মোশারফ হোসেন জানান, আবেদন করার পর প্রাথমিক তালিকায় তাঁর নাম ছিল। কিন্তু তাঁর বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তাঁর নাম বাদ দেওয়া হয়। তিনি অভিযোগ করে বলেন, প্রকৃত সার ব্যবসায়ীদের পরিবর্তে দলীয় বিবেচনায় অনভিজ্ঞদের সার বিক্রেতা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের রাকশা বাজারে নয় বছর ধরে সারের ব্যবসা করেন আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘অনুমোদিত সার বিক্রেতা হওয়ার বিষয়টি প্রচার না করে গোপন রাখা হয়েছিল। এ জন্য সময়মতো জানতে না পারায় আমরা আবেদনই করতে পারিনি। ফলে আজ আমরা অবৈধ ব্যবসায়ী!’ ওই বাজারেরই অনুমোদিত সার বিক্রেতা মোশারফ হোসেন জানান, নিয়ম মেনে আবেদন করায় তিনি সার বিক্রেতা হিসেবে অনুমোদন পেয়েছেন। অনুমোদন পাওয়ার মাস খানেক পর তিনি বাজারে সারের দোকান দিয়ে বসেছেন।নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ইউনিয়নের সার বিক্রেতা যাচাই-বাছাই কমিটির সভাপতি) আমজাদ হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে নয়জনের লাইসেন্স পাওয়ার কথা থাকলেও আবেদনপত্র পড়েছিল মাত্র ছয়টি। তাই আবেদনকারীদের প্রত্যেকেই লাইসেন্স পেয়েছেন। কেউ আবেদন না করলে আমার কী করার আছে। আর এ ব্যাপারে কোনো রকম স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব হয়নি। আবেদন করার আহ্বান জানিয়ে ব্যাপক প্রচার করা হয়েছিল।’ বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘সরকারি নির্দেশ অনুযায়ী অনুমোদনহীন সার ব্যবসায়ীদের সারের ব্যবসা বন্ধ করার জন্য মাইকিং করা হয়েছে। তাঁরা ব্যবসা বন্ধ না করলে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যানদের সভাপতি করে প্রতিটি ইউনিয়নে যাচাই-বাছাই কমিটি করা হয়েছিল। এই কমিটির সুপারিশ অনুযায়ী সার বিক্রির অুনমোদন দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘সাঁথিয়ায় শিগগিরই অনুমোদনহীন সার ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়ে মাইকিং করা হবে। এতে অনুমোদন না পাওয়া পুরোনো সার ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করতে হলেও আমাদের কিছু করার নেই। তবে অনুমোদিত বিক্রেতাদের কারও ব্যবসাপ্রতিষ্ঠান না থাকলে বা তিনি সার বিক্রির সঙ্গে এখনো জড়িত না থাকলে যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ক্ষেতুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান (ইউনিয়নের সার বিক্রেতা যাচাই-বাছাই কমিটির সভাপতি) আবদুল গফুর বলেন, ‘১৯টি আবেদন থেকে বাছাই করে নয়জন প্রকৃত সার ব্যবসায়ীকে নির্বাচন করে অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু উপজেলার শীর্ষ পর্যায়ের নেতাদের হস্তক্ষেপে তার কিছুটা রদবদল হয়ে দু-একজন প্রকৃত সার ব্যবসায়ীর স্থলে নবাগতরা ঢুকে পড়েছে। এটা কোনো মতেই ঠিক হয়নি। অনেক স্থানেই এমন অবস্থা হয়েছে বলে খবর পেয়েছি। অনুমোদন না পাওয়া প্রকৃত সার ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেওয়া হলে তা হবে অমানবিক।’ বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের মধ্য থেকে প্রকৃত সার ব্যবসায়ীরাই অনুমোদন পেয়েছেন। এ ক্ষেত্রে কোনো রকম দলীয় প্রভাব খাটানো হয়নি। তবে অবহেলা করে অনেক পুরোনো সার ব্যবসায়ী আবেদন না করায় অনুমোদনের জন্য তাঁরা বিবেচিত হননি।’