‘ব্যবসার ধরন, কোচিং সেন্টার’!
সিলেট নগরে ব্যাঙের ছাতার মতো একের পর এক গজিয়ে উঠছে কোচিং সেন্টার। ফলে অনেকটা শিক্ষা-বাণিজ্যের ডামাডোলে টালমাটাল শিক্ষার্থীরা। এসব কোচিং সেন্টারের অধিকাংশ অনুমোদনহীন ও মানসম্মত নয় বলে শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকায় কোচিং সেন্টারগুলো শিক্ষার চেয়ে বাণিজ্যের বিষয়টি গুরুত্ব দিচ্ছে বেশি বলে অভিযোগ করেছেন খোদ শিক্ষার্থীরা। সিটি করপোরেশনের লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, মোট ৫০টি কোচিং সেন্টার সিটি করপোরেশনের লাইসেন্স নিয়েছে। লাইসেন্সে ব্যবসার ধরন ‘কোচিং সেন্টার’ এ শব্দটি লেখা রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান লাইসেন্স বাবদ দুই হাজার টাকা সিটি করপোরেশনকে দিয়েছে। তবে কোনো ধরনের অনুমোদন ছাড়া সিলেট নগরে অনুমোদনহীন শতাধিক কোচিং সেন্টার অবৈধভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন, চোখের সামনে ভুঁইফোড় প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম চালালেও এসব কোচিং সেন্টার বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা মানহীন শিক্ষার ফাঁদে পড়ে নিয়মিত প্রতারিত হচ্ছেন।সিলেট সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার প্রধান কর্মকর্তা আবুল কালাম বলেন, ৫০টির মতো কোচিং সেন্টার ব্যবসায়ী লাইসেন্স নিয়ে নিজেদের কার্যক্রম চালাচ্ছেন। তবে নগরে প্রায় আরও শতাধিক প্রতিষ্ঠান কোনো ধরনের অনুমোদন না নিয়েই কোচিং সেন্টারের জমজমাট ব্যবসা চালাচ্ছেন।