পর পর দুই ম্যাচ হারল আবাহনী ফুটবল দল। আবাহনীর ইতিহাসে এমন ঘটনা কমই আছে। কাল কোয়ার্টার ফাইনালে শেখ জামালের কাছে হেরে আকাশি-নীলরা বিদায় নিয়েছে ফেডারেশন কাপ থেকে। নতুন অধিনায়ক ওয়ালি ফয়সাল নিজেও এ ঘটনায় স্তম্ভিত। নিজেদেরই দায়ী করলেন ম্যাচের পর ব্রাদার্সের কাছে গ্রুপের শেষ ম্যাচে হেরেছে আবাহনী। তারপর আজ (কাল) আবার হার। কেন এমন হলো?ওয়ালি ফয়সাল: আবাহনীকে পর পর দুই ম্যাচ হারতে দেখা খুবই কষ্টের। এটা বিরাট এক আঘাত আমাদের জন্য। ভাবতেই পারিনি এমনটা হবে। আমরা খারাপ খেলেছি। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এমন হওয়ার কথা নয়। এক ম্যাচ খারাপ যেতে পারে। কিন্তু এই ফেড কাপে চারটি ম্যাচেই আবাহনী ছিল ম্রিয়মাণ। এর কারণ কী?ওয়ালি: আপনি দেখুন, স্থানীয় খেলোয়াড় সংগ্রহে আমরা অন্য দলগুলোর চেয়ে বেটার। আমাদের বিদেশিরা দেরিতে আসায় দলের সঙ্গে মাত্র দুই দিন অনুশীলন করতে পেরেছে। দলীয় সমন্বয়টা গড়ে ওঠেনি। আমার মনে হয়, আমাদের একটু দীর্ঘ মেয়াদে অনুশীলন করা দরকার। আপনার নিজের জন্যও তো এটা একটা ধাক্কা। নতুন অধিনায়ক হওয়ার প্রথম টুর্নামেন্টেই এমন পরিণতি ভাবতে পেরেছিলেন?ওয়ালি: এটা পুরোপুরি অপ্রত্যাশিত। আমাদের দলটা গত বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হয়েছে। লক্ষ্য ছিল, মৌসুমের প্রথম টুর্নামেন্টটা ঘরে তুলব। কিন্তু পারলাম না। চেষ্টা করব লিগে যেন এই ভুলগুলো না হয়, প্রতিপক্ষের ওপর যেন চড়াও হয়ে খেলতে পারি। কোচ আলী আকবর পোরমুসলিমি না থাকাটাও কি ব্যর্থতার একটা কারণ?ওয়ালি: না, না, ইরানি কোচ আলী আকবর গত বছর যেভাবে আমাদের অনুশীলন করিয়েছেন, অমলেশদা সেভাবেই করাচ্ছেন। আলী আকবরের শিগগিরই আসার কথা। তাঁর আসার আগ পর্যন্ত অমলেশদা ভালোই চালিয়ে নিয়েছেন। সমস্যা ওই একটা জায়গাতেই হয়ে গেছে, আমরা সবাই একসঙ্গে অনুশীলন করতে পারিনি। আজ কখন মনে হয়েছে, ম্যাচটা হারছেন?ওয়ালি: আমি শেষ পর্যন্ত আশাবাদী ছিলাম, ২-০ গোলে পিছিয়ে থেকেও ফিরে আসতে পারব। একটা গোলও আমরা করেছি। আসলে সমস্যাটা হয়েছে, আমরা শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। আবাহনীকে এর আগে এমন কোণঠাসা অবস্থায় কমই দেখা গেছে। তার মানে কি আবাহনী মানসিকভাবেও দুর্বল হয়ে পড়েছে?ওয়ালি: আবাহনীর খেলার ধরনই এমন, প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষকে ধাক্কা দাও। আমি তো টানা ছয় মৌসুম খেলে আবাহনী ছেড়েছিলাম, তারপর ফিরে এসে এবার দ্বিতীয় মৌসুম খেলছি। আবাহনী খেলার ধারা সম্পর্কে আমি ভালোই জানি। এই ব্যর্থতার জন্য আমরা খেলোয়াড়েরাই আসলে দায়ী। তবে মানসিকভাবে দুর্বল নই, ব্যর্থতা মুছে আবাহনী লিগে ঘুরে দাঁড়াবেই। সমর্থকেরা ম্যাচের পর ইটপাটকেল ছুড়ল। সামনে ভালো করতে না পারলে এই জনতাকে রুখবেন কীভাবে?ওয়ালি: ইনশাআল্লাহ, সামনে আমরা ভালো করব। ভুল থেকে শিক্ষা নেব। সমর্থকদের কাছে আমার অনুরোধ, তারা যেন ধৈর্য না হারায়। একটা টুর্নামেন্ট খারাপ গেছে, সব সময় তো এমন হবে না। আমি কথা দিচ্ছি, লিগে আমরা আবাহনীর মতোই খেলব। গতবারও ফেডারেশন কাপে এই শেখ জামালের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। পরে লিগ জয়। তার মানে আবাহনীর পুরো মনোযোগটা কি শুধু লিগকেন্দ্রিক?ওয়ালি: প্রতিটি টুর্নামেন্টই গুরুত্বপূর্ণ। হয়তো প্রস্তুতিটা যেভাবে হতে পারত, সেভাবে হয়নি। এবার বিদেশিদের ঢাকায় আসা নিয়ে ভিসা-সমস্যা ছিল। যে কারণে ওদের আসতে আসতে খেলা শুরু হয়ে যায়। আমি বলব, আর কটা দিন আগে ইব্রাহিমরা এলে আমাদের এভাবে হারতে হয় না।