গত কয়েক বছরে সেভাবে জাতীয় ফুটবল অঙ্গনে দেখা যায়নি তাঁকে। কিন্তু হঠাৎ করেই ফুটবল ফেডারেশনের নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ হোসেন (মুন)। নীলফামারী ডিএসএর সাধারণ সম্পাদক জানালেন জেলাগুলোয় ফুটবল ফিরিয়ে আনাই হবে তাঁর কাজ গত ১০-১২ বছর আপনাকে ফুটবলে দেখা যায়নি। এখন হঠাৎ করে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন কেন?আরিফ হোসেন (মুন): আমি হঠাৎ করে নির্বাচনে আসিনি। দীর্ঘদিন ধরেই আমি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাধারণ সম্পাদক। এমনকি আমি ডিএফএরও (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) সভাপতি। ফেডারেশনে যারা ডিএফএর নেতৃত্ব দিচ্ছিলেন তাঁদের অনেক দিন থেকেই বলে আসছিলাম, আপনারা যা করছেন তা দিয়ে লাভ হবে না। ফুটবল ঢাকাকেন্দ্রিক হয়ে যাচ্ছে। দেখলাম, তাঁরা আমাদের কথা শুনছেন না। তাই অন্তত তাঁদের কানে কথাগুলো পৌঁছানোর জন্য ফেডারেশনে যেতে হবে। ডিএসএ থেকে অন্তত ৫-৭ জন প্রতিনিধিও ফেডারেশনে আসতে পারলে ভালো হবে। এসব চিন্তা করেই নির্বাচনে আসা। জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী?আরিফ: আমি অবশ্যই আশাবাদী। গত চার বছরে ব্যর্থতা যেমন আছে, সফলতাও আছে। আমি সালাউদ্দিন ভাইয়ের প্যানেলের একজন সদস্য পদপ্রার্থী। আমরা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার আগে ওনাদের বলেছি, ভাই আমাদের এই এই সমস্যা আছে। এত দিন যে ভুল ছিল সেগুলো স্বীকার করে নিয়ে উনি বলেছেন, ইনশাআল্লাহ, আমরা যদি নির্বাচিত হই জেলাগুলোকে প্রাধান্য দেব। তাই আমি আশাবাদী যে জিতব। আপনার বিচারে ফুটবলে সাফল্য কোথায়?আরিফ: আমাদের ফুটবলের একটা পরিচিতি এসেছে বিশ্ব অঙ্গনে। যা-ই বলুন না কেন, সেপ ব্ল্যাটারের মতো লোক এখানে এসেছেন। মেসিরা এখানে খেলে গেছে। বাংলাদেশ যে একটা আন্তর্জাতিক ভেন্যু হতে পারে সেটা দেখিয়েছি। আমি বলছি না যে এতে আমাদের ফুটবলের বিরাট কিছু হয়ে গেছে। কিন্তু বিশ্ব ফুটবলে বাংলাদেশের একটা পরিচিতি তো হয়েছে। অনেক জেলায়ই তো বছরের পর বছর লিগ হয় না। এটাকে কী বলবেন?আরিফ: মানছি, অনেক জেলায় লিগই হয় না। ফুটবল ফেডারেশনের উচিত ছিল যে ডিএফএর সঙ্গে যোগাযোগ করে অন্তত লিগগুলো নিয়মিত করা। তবে এটাও বুঝি যে আর্থিক সমস্যা ছিল। জেলায় ফুটবল না হতে পারার কারণ কী?আরিফ: জেলা পর্যায়ের ফুটবল না হওয়ার অন্যতম কারণ ডিএফএ ও ডিএসএর ঝামেলা। আমার জেলায় এটা না থাকলেও অন্য জেলায় আছে। যত দিন না ডিএফএ এবং ডিএসএ একসঙ্গে কাজ করতে পারবে, তত দিন ঝামেলা চলবেই। তবে শুধু ফেডারেশনের পক্ষে এটা করা সম্ভব নয়। সরকারকেও এগিয়ে আসতে হবে। ডিএসএ-ডিএফএর এই বৈরিতা কেন?আরিফ: কারণ ডিএফএ আর ডিএসএতে একই মনোভাবের লোকজন থাকে না। ডিএসএ মাঠ না দিলে ডিএফএ কীভাবে খেলা চালাবে? ধরুন, ডিএসএর ক্রিকেট লিগ চলছে। ক্রিকেট যেহেতু অনেক দিন ধরে চলে ওই সময় যদি ফেডারেশন বলে যে অমুক দিন আপনারা ফুটবলের এই টুর্নামেন্টটা করেন। এটা তো হবে না। আপনি তো জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ফুটবলের ব্যাপারটা ভালোই বোঝেন। কিন্তু আপনি কেন জেলা পর্যায়ে সফল হতে পারলেন না?আরিফ: আমার জেলায় আমরা শতভাগ সফল। আমি দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘ আট বছর নীলফামারীতে কোনো ফুটবলই হয়নি। আমি প্রথম আলোকে ক্রিকেট লিগে নিয়ে এসেছি। ফুটবলে মার্কেন্টাইল ব্যাংককে। তবে এখানে আমাদের সাংসদ আসাদুজ্জামান নূরেরও অবদান আছে। নির্বাচনে জিতলে কী করবেন?আরিফ: জিতলে আমার প্রথম কাজই হবে যে জেলাগুলোয় লিগ হয়নি, কোনো টুর্নামেন্ট হয়নি সেখানে সেগুলোর আয়োজন করা। তা ছাড়া বয়সভিত্তিক ফুটবলও নিয়মিত করার চেষ্টা করব।