খেলা ছাড়ার সময় নামের পাশে ছিল একগাদা রেকর্ড। এক টেস্টে সর্বোচ্চ রান, ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান, লর্ডসে সবচেয়ে বেশি রান—এমন কিছু রেকর্ড টিকে আছে এখনো। এখন তিনি বেশি আলোচিত ব্যাটিং কোচ হিসেবে, কুক-বেলদের পাল্টে দিয়ে। প্রেমাদাসা স্টেডিয়ামে এসব নিয়েই গ্রাহাম গুচের সঙ্গে কথা বললেন আরিফুল ইসলাম দেড় বছর হয়ে গেল আপনি ব্যাটিং কোচ। দায়িত্ব কতটা উপভোগ করছেন?গ্রাহাম গুচ: ভীষণ, উপভোগ না করলে করতাম না। আমার কাছে প্রস্তাবটাই এসেছিল বড় একটা বিস্ময় হয়ে। তখন রেডিওতে কাজ করি। ট্রেন্টব্রিজে একদিন অ্যান্ডি (ফ্লাওয়ার) আমাকে বলল কাজ করতে চাই কি না। ইংল্যান্ডের হয়ে খেলে এত কিছু পেয়েছি, ফিরিয়ে দেওয়ার সুযোগ ছাড়তে চাইনি। অ্যান্ডি নিজেও ছিলেন ব্যাটসম্যান, তো আপনি ঠিক কীভাবে কাজ করেন?গুচ: অ্যান্ডির সঙ্গে প্রথম আলাপেই আমি বলেছিলাম, কোচিং নয়, আমার কাজ হবে সম্পর্ক গড়ে তোলা। আমি কারও খেলা বদলে দেব না। নিজের ক্রিকেটারদের ভালোভাবে জানা জরুরি। আমি নিজেকে ব্যাটিং কোচ বলি না, বরং বলি ‘রান মেকিং কোচ’। ব্যাটিং অনেকেই করতে পারে, রান সবাই করতে পারে না। অ্যালিস্টার কুককে আপনি কীভাবে পাল্টে দিলেন? এবার অ্যাশেজে দেখা গেল অন্য এক কুককে...গুচ: আমি আসলে খুব বেশি কিছু করিনি। কুক সব সময়ই দারুণ প্রতিভাবান। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছে। প্রথম ২০ টেস্টেই বোধ হয় ছয়-সাতটি সেঞ্চুরি ছিল। গত বছর কিছুটা খারাপ সময় যাচ্ছিল, কিন্তু নিজের ক্ষমতার ওপর আস্থা আছে। আমি শুধু ছোটখাটো দু-একটা জিনিস ঠিক করেছি। কিন্তু কুক তো সব কৃতিত্ব আপনাকেই দিলেন...গুচ: শুধু কুককে নয়, সাবেক ক্রিকেটার হিসেবে আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। কুকের ব্যাপার হলো, ও আমার কাউন্টি এসেক্সের। অনেক দিন ধরেই ওকে চিনি, ওর সঙ্গে কাজ করেছি। আমি বিশ্বাস করি, ওর সেরাটা সবে আসতে শুরু করেছে। আপনার ক্যারিয়ারে ফিরে যাই—অভিষেক টেস্টে পেয়ার, দ্বিতীয় টেস্টের পর তিন বছরের জন্য দলের বাইরে, সে সময় কী মনে হচ্ছিল?গুচ: ৩৫-৩৬ বছর আগের কথা, ভালো করে মনেও নেই। লিলি-টমসনদের বিপক্ষে অভিষেক, কী জানি নার্ভাস ছিলাম কি না! তবে এটুকু মনে আছে, বাদ পড়ার পর এসেক্সের হয়ে প্রচুর রান করেছিলাম। জানতাম ফিরবই। ফিরলেন বটে, কিন্তু প্রথম সেঞ্চুরির জন্য ২২ টেস্ট অপেক্ষা...গুচ: (হাসি)...কী বলি...জানতাম, সেঞ্চুরিটা আসবে। তার পরও মাঝেমধ্যে অস্থির হয়ে উঠতাম। মেলবোর্নে একবার ৯৯ করে রানআউট হলাম। অবশেষে সেঞ্চুরি এল লর্ডসে। ওই টেস্টে ভিভ রিচার্ডসও দারুণ একটা ইনিংস খেলেছিল (১৪৫), কী ব্যাটসম্যানই না ছিল! ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই? মনে হয় না সেঞ্চুরি (২০) যদি কয়েকটা বেশি হতো, কিংবা গড়টা (৪২.৫৮) একটু বেশি?গুচ: নাহ্...এত দিন ধরে ইংল্যান্ডের পক্ষে খেলতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। টেস্টে আমার ২০ বছরের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই, সামান্য আক্ষেপ শুধু বিশ্বকাপটা জেতা হলো না কখনো। এই প্রসঙ্গেই আসতাম, ইংল্যান্ডের তিনটি ফাইনালেই আপনি ছিলেন। ফাইনালে ইংল্যান্ডের সমস্যাটা কোথায় হয়?গুচ: ১৯৭৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আসলে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। দারুণ সব ফাস্ট বোলার, ভিভের মতো ব্যাটসম্যান; সত্যি বলতে, আমাদের জন্য অনেক বেশি শক্তিশালী। ১৯৮৭ ও ১৯৯২ সালে আমাদের দল অন্য যেকোনো দলের মতোই ভালো ছিল। দুর্ভাগ্যজনকভাবে আসল দিনটিতেই আমরা জ্বলে উঠতে পারিনি। দুটি ফাইনালেই জিতেছে ওই দিনের সেরা দল। কিন্তু ১৯৮৭-র ফাইনালে মাইক গ্যাটিংয়ের ওই রিভার্স সুইপকেই তো দায় দেয় অনেকে...গুচ: মাইক কিন্তু পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেছিল। শুধু ওকে দোষ দেওয়া ঠিক হবে না। ও আউট হওয়ার পরও আমরা ম্যাচে ছিলাম, পরে আর কেউ পারেনি। ‘হ্যান্ডল্ড দ্য বল’ আউটটার কথা মনে পড়ে, ১৯৯৩ অ্যাশেজ?গুচ: হা...হা...ওটার মূল্য দিতে হয়েছে ম্যাচ হেরে, ১৩০-এর মতো ছিল আমার রান, ম্যাচ বাঁচাতে লড়ছিলাম। ডিফেন্স করার পর দেখি মাটিতে পড়ে বলটা স্টাম্পে যাচ্ছে, কীভাবে হাতটা চলে গেল বুঝলামই না...এসব আসলে হয়ে যায়। অধিনায়কত্ব করা ৩৪ টেস্টে ১১ সেঞ্চুরি, বাকি ৮৪ টেস্টে মাত্র ৯টি, রহস্য কী?গুচ: কোনো রহস্য নেই। বললে বাড়াবাড়ি শোনাবে, অধিনায়কত্ব আমাকে আরও দায়িত্বশীল করেছিল। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষুধা বেড়েছিল। ১১৮ টেস্টের ক্যারিয়ারে ১১৩ জন সতীর্থের সঙ্গে খেলেছেন, এমনকি ১৭৭ টেস্ট খেলে টেন্ডুলকারের এখনো ‘সতীর্থের সেঞ্চুরি’ হয়নি। অদ্ভুত লাগে না?গুচ: আসলে এমন দীর্ঘ ক্যারিয়ার...আমার ওপেনিং পার্টনারও অনেক ছিল। এই অনেক ওপেনিং পার্টনারের মধ্যে সবচেয়ে প্রিয় কে?গুচ: ঠিক প্রিয় নয়...ক্যারিয়ারের শুরুতে আমার পার্টনার ছিল জিওফ বয়কট, শেষের দিকে মাইক আথারটন। দুজনের সঙ্গেই ব্যাটিং খুব উপভোগ করতাম। মুখোমুখি হওয়া কঠিনতম বোলার?গুচ: ম্যালকম মার্শাল, কমপ্লিট বোলার ছিল। অভিষেক টেস্টের প্যাট্রিক প্যাটারসনের বোলিং আমার খেলা সবচেয়ে দ্রুততম। স্পিনারদের মধ্যে অবশ্যই ওয়ার্ন; আবদুল কাদিরও দারুণ ছিল। সব মিলিয়ে প্রিয় ক্রিকেটার?গুচ: ডন ব্র্যাডম্যান, ১৯৯১ সালে ওর সঙ্গে ডিনার করেছিলাম, গ্রেট ম্যান! আমাদের সমসাময়িকদের মধ্যে ভিভ। দারুণ আত্মবিশ্বাসী ছিল। এমন আনন্দদায়ী ব্যাটিং...ওর খেলা যে দেখেছে ভুলতে পারবে না। আশা করি, টেন্ডুলকার আরও অনেক দিন খেলবে, চল্লিশের পরে গিয়েও। কারণ, ওর ব্যাটিং মানে নিখাদ বিনোদন, বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য যেটা খুব দরকার। ইংল্যান্ড ছাড়া বাকি সব দলের বিপক্ষেই ও আরও অনেক অনেক রান করুক। বাংলাদেশের ক্রিকেট তো গত কিছু দিনে অনেক দেখলেন, ভবিষ্যৎ কেমন?গুচ: অবশ্যই উন্নতি হচ্ছে। তামিম, সাকিবের মতো ক্রিকেটার আছে। তামিম...হোয়াট এ ট্যালেন্ট! আমি নিশ্চিত, দু-তিন বছরের মধ্যে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে বলার মতো শক্তি হয়ে উঠবে।