গত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৬৯০ রান করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে শেষ দিকে পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে, সেই ধাক্কায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে। কাল অবশ্য টেলিফোনে ইমরুল কায়েস জানালেন, বাজে ব্যাটিংয়ের কারণ খুঁজে পেয়ে বুক বাঁধছেন নতুন আশায় ক্যাম্পে তো ছুটি পড়ল। কোথায় আছেন এখন?ইমরুল কায়েস: গতকাল (পরশু) মেহেরপুরে এসেছি। কয়েক দিন থেকে ১২-১৩ তারিখে আবার ঢাকায় ফিরে যাব। দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন। ক্যাম্পে আসার আগে কী করছিলেন?ইমরুল: অনেক হতাশায় ভুগছিলাম। জাতীয় দলের বাইরে থাকলে তো আসলে প্র্যাকটিসের সে রকম সুযোগ-সুবিধা পাওয়া যায় না। ইচ্ছামতো জিম-রানিং করা যায় না। তার পরও বিসিবি আমাকে কিছু সুযোগ-সুবিধা করে দিয়েছে। নিজে থেকে রানিং করতাম, ইনডোরে প্রতিদিন ব্যাটিংও করেছি। দেড় বছরেও জাতীয় দলে ফিরতে না পারার কারণ কি শুধুই বাজে পারফরম্যান্স?ইমরুল: নির্বাচকেরা হয়তো মনে করেছেন, তাঁদের হাতে আমার চেয়ে ভালো ওপেনার আছে। সে জন্য ডাকেননি। বিজয় (এনামুল হক) ভালো খেলছিল, সে জন্য হয়তো ওকে সুযোগ দিয়েছেন। তবে আমিও কিন্তু ‘এ’ দলের হয়ে আর প্রিমিয়ার লিগে রান পেয়েছি। ভালো খেলতে থাকলে আবার হয়তো ফিরব জাতীয় দলে। জাতীয় দল থেকে বাদ পড়ার আগে টেস্ট-ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই রান পাচ্ছিলেন না। আপনার চোখে কি কোনো সমস্যা ধরা পড়েছে নিজের ব্যাটিংয়ে?ইমরুল: একটা জায়গায় একভাবে খেলতে থাকলে আসলে কিছু বোঝা যায় না। সেখান থেকে সরে এলে বোঝা যায় সমস্যা কোথায়। আমার মনে হয়, ব্যাটিং নিয়ে আমার চিন্তাভাবনাতেই সমস্যা ছিল। সমস্যাটা কী ছিল, বলা যায়?ইমরুল: জাতীয় দলে আসার পর প্রথম প্রথম লম্বা সময় ধরে ব্যাটিং করার চেষ্টা করতাম এবং সফলও হতাম। মাঝখানে সেখান থেকে সরে এসে আমি দ্রুত রান করার চেষ্টা শুরু করি। কিন্তু আমার উচিত ছিল, আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে সেভাবে তৈরি করা। আমি সেটা না করেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং বদলে ফেলি। সে জন্য দ্রুত রান করতে পারলেও বড় ইনিংস হচ্ছিল না। এখন চেষ্টা করছি আগের সেই ধৈর্যটা ফিরিয়ে আনতে। ওপেনিং সঙ্গী তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে প্রায়ই আপনার ধীরলয়ের ব্যাটিংয়ের তুলনা হতো। দ্রুত রান করার চেষ্টা কি সে কারণেই?ইমরুল: বিপিএলের কারণে মাঝে আমাদের অন্য ফরম্যাটের ক্রিকেটই বেশি খেলতে হয়েছে। আর টি-টোয়েন্টি খেললে আপনার ব্যাটিং অটোমেটিকই বদলে যাবে। তামিম দ্রুত রান করত, এটাও একটা কারণ। একসময় আমিও ওরকম ব্যাটিং করতাম। জাতীয় দলে আসার পরই একটু ধরে খেলতে শুরু করি। মনে হচ্ছিল, একসময় তো পারতাম। আবারও করে দেখি ওরকম ব্যাটিং। কিন্তু চিন্তাটা ভুল ছিল। এখন কি আবার ধীরলয়ের ব্যাটিংয়ে ফিরে যাবেন, নাকি ঘরোয়া ক্রিকেটে মেরে খেলার প্র্যাকটিস করবেন?ইমরুল: আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে সফল হয়েছি, সেভাবেই চেষ্টা করব। অনেক সময় নিয়ে ব্যাটিং করব। পরে যখন সেট হব, তখন আস্তে আস্তে দ্রুত ব্যাটিং করার প্র্যাকটিস করব। কন্ডিশনিং ক্যাম্প কতটা কাজে দিল?ইমরুল: ভালোই কাজে দিয়েছে। আর আমিও এক শ ভাগ সৎ থেকে এই ফিটনেস ক্যাম্পটা করেছি। অনেক পরিশ্রম করেছি। কোচ যে শিডিউল দিয়েছেন, এক শ ভাগ চেষ্টা করেছি সেটা অনুসরণ করার। আশা করি, এর ফল পাব। যেভাবেই হোক, আমি আগের জায়গায় ফিরে আসতে চাই।