সেই ১৯৯৫ সালে প্রথম ঢাকায় এসেছিলেন। ওই বছরই শুরু, তারপর ’৯৫, ’৯৮ ও ২০০০ সালে ঢাকার মাঠে দাপট নিয়ে খেলেছেন লাডি বাবালোলা। মোহামেডানের জার্সি গায়ে খেলা নাইজেরিয়ান মিডফিল্ডার এখন হঠাৎই ব্রাদার্স ইউনিয়নের কোচ হলেন। কাল ব্রাদার্স মাঠে অনুশীলনের ফাঁকে স্মৃতিচারণা করলেন পুরোনো সেই দিনগুলোর ঢাকায় আপনাকে আবার দেখা যাবে এটা ভাবাই যায়নি। বড় একটা চমক দিলেন...লাডি বাবালোলা: হ্যাঁ, চমকই। আসলে জীবন এমনই। কে কখন কোথায় যাবে, বলা যায় না। এখানে আবার এসে খুবই ভালো লাগছে। বাংলাদেশে আমার অনেক সমর্থক আছে। খেলোয়াড় হিসেবে এখানে খেলে গিয়েছি, এবার এলাম কোচ হয়ে। ভাবতে ভালোই লাগছে। বাংলাদেশ থেকে অনেক কিছু পেয়েছি। এখন কিছু দিতে চাই। এখানে এসে দেখলাম, শহরটা অনেক বদলে গেছে। নতুন নতুন ভবনে ভরে গেছে শহর। ফেডারেশন কাপ দিয়ে আপনার চ্যালেঞ্জটা শুরু হবে। কী ভাবছেন এটা নিয়ে?লাডি: মাত্রই তো দুই দিন হলো এসেছি। এখনো বুঝছি না কেমন খেলোয়াড় আছে দলে। তবে আমার যা কাজ, সেটা আমি করব। অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে। ব্রাদার্সকে সাফল্য দিতে চাই। এর আগে মোহামেডান ক্লাবে খেলেছেন। এত দিন সেই স্মৃতি মনে পড়ত? লাডি: ওহ্! তখন মোহামেডানে দারুণ সময় কাটিয়েছি। ক্লাবের কর্মকর্তারা অনেক ভালো...লোকমান, জনি, বাদল...। সমর্থকেরাও অসাধারণ। সে এক দারুণ অভিজ্ঞতা। আমাদের নাইজেরিয়া একটা ফুটবলপাগল জাতি। বাংলাদেশও ঠিক তাই। আমরা যখন খেলেছি, তখন ছিল দর্শকভর্তি গ্যালারি। কিন্তু এখন ফুটবলে নাকি দর্শক হয় না। শুনে খুবই খারাপ লাগল। বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর কি এ দেশের ফুটবল সম্পর্কে কোনো খোঁজখবর রাখতেন?লাডি: সব সময় হয়তো সম্ভব হতো না। তবে মাঝেমধ্যে লিগের খোঁজখবর নিতাম। কারা চ্যাম্পিয়ন হচ্ছে, কোন দল কেমন করছে এই সব আর কী...। এখন ফুটবলের যে অবস্থা তাতে আবারও তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তুলে আনতে হবে। শুধু পেশাদার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ খেলে কিছু হবে না। এবারের পেশাদার লিগ নিয়ে আপনার চিন্তাভাবনা কী?লাডি: সব পেশাদার কোচেরই একই ভাবনা। সব কোচই ম্যাচ জিততে চান। আমারও সেই লক্ষ্য—প্রতিটি ম্যাচই জিততে চাই। কোচিংয়ে এলেন কবে? লাডি: বেশ কয়েক বছর হলো কোচিং শুরু করেছি। কোচিংয়ের ওপর অনেক সার্টিফিকেটও পেয়েছি। আমি ইউরোপ-আফ্রিকায় খেলেছি, সেখানে কোচিংও করিয়েছি। এ ছাড়া উয়েফার ডিপ্লোমা কোচেস কোর্স করেছি। এটা ফিফার বি-লেভেলের সমমানের কোচেস কোর্স। সর্বশেষ ফিনল্যান্ডের জেএস হারকিউলেসের (তৃতীয় বিভাগের দল) যুবদলের কোচ ছিলাম। ব্রাদার্স ক্লাবের সঙ্গে যোগাযোগটা কীভাবে হলো?লাডি: আমি মাঝেমধ্যে আমেরের (ব্রাদার্সের ম্যানেজার আমের খান) সঙ্গে ই-মেইলে যোগাযোগ করতাম। এরপর কথাবার্তা বলেছি। সবকিছু মিলে যাওয়ায় ঢাকা চলে এলাম। আপনার ছোট ভাই বোডে বাবালোলাও ঢাকার মাঠ মাতিয়েছেন। তিনি এখন কোথায়?লাডি: ও এখন কানাডায়। আমাদের পুরো পরিবারই কানাডায় থাকে। তবে বোডে এখন আর খেলাধুলার সঙ্গে নেই। পরিবারে সময় দিচ্ছে। বাংলাদেশে তো কোচরা অনেক ক্ষেত্রেই স্বাধীন নন। এটা জানেন? লাডি: আমি এখানে আসার আগে আমেরের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেছি। আশা করি, স্বাধীনভাবেই কাজ করতে পারব। এই সুযোগে বলে রাখি, এখান থেকে দুই-তিনজন বাংলাদেশি খেলোয়াড় ফিনল্যান্ড বা ইউরোপের অন্য কোনো দেশে খেলার সুযোগ করে দিতে চাই।