‘ব্রিজকোনাত উঠলে ভয় নাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার খারুভাজ নদীর ওপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর দুই দিকের মোকার নিচে ইট, রড, সিমেন্ট খসে পড়ে দেবে গেছে, ভেঙে পড়েছে রেলিং ও উইং ওয়াল। এ অবস্থায় ঝুঁকি নিয়ে প্রতিদিন শ শ মানুষ ও যানবাহন এর ওপর দিয়ে যাতায়াত করছে। এলাকাবাসী জানান, তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের সঙ্গে রংপুর শহরে যোগাযোগ সহজ করতে ১৯৯৩ুংু সালে সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু ২০০৫ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর আর সেতুটি সংস্কার করা হয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুসংলগ্ন নদীর পশ্চিম পাড় ব্যাপক ভাঙনের কবলে পড়েছে। সেতুটির দুই দিকের মোকার নিচে ইট, রড, সিমেন্ট খসে পড়ে দেবে গেছে। ভেঙে পড়েছে রেলিং ও উইংওয়াল। পিলারগুলোতেও বড় বড় ফাটল ধরেছে। হাড়িয়ারকুঠি ইউনিয়নের ইউপি সদস্য আলম শাহ বলেন, ইউনিয়নের ৩৪টি গ্রামের ৪০ হাজার মানুষ এ সেতুর ওপর দিয়ে অল্প সময়ে রংপুর শহরে যাতায়াত করে। হালকা ও ভারী যানবাহন ছাড়াও মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান ও ভটভটি চলাচল করে। সেতুটি ভেঙে পড়লে হাড়িয়ারকুঠি থেকে অল্প সময়ে রংপুর শহর যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, এলাকার লোকজন সেতুটি সংস্কারের জন্য আমাকে অনুরোধ করেছেন। খুব শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দপুরের পাউবোর নির্বাহী প্রকৌশলী ফারুক ভূঁইয়া মুঠোফোনে জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।