‘স্বাধীনতাযুদ্ধের পর থাকিয়া হামরা শুনি, এইটে একখান ব্রিজ হইবে। ভোট আসিলে অনেকেই আসিয়া একখান পাকা ব্রিজ করে দিবার চায়। ভোট পার হয়ে গেইলে ব্রিজ আর হয় না। ব্রিজখান ভোটের রাজনীতি হয়ে গেইছে। হামার এইঠে আর ব্রিজ হইবে না।’ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও গ্রামে টাঙ্গন নদীর ওপর সেতু নির্মিত না হওয়ায় নিজের হতাশা এভাবে প্রকাশ করেন কৃষক নাসিমুল ইসলাম। এলাকাবাসী জানায়, গ্রামটির পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ওপর পাকা সেতুর দাবি তাদের দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকে নিজেদের উদ্যোগে বাঁশের সেতু নির্মাণ করে স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে নদী পাড়ের হাজার হাজার মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পেহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, মাতৃগাঁও গ্রামটির সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের প্রধান মাধ্যম বাঁশের নড়বড়ে একটি সেতু। শুকনো মৌসুমে সাঁকোটি ব্যবহার করা গেলেও বর্ষায় তা ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায় গ্রামবাসীর। তখন পারাপারের একমাত্র ভরসা হয় নৌকা। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের ছাত্রী শারমিন আকতার জানান, বর্ষাকালে সেতুটি ডুবে যাওয়ায় কলেজ যেতে বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় পরনের কাপড় ভিজে যায়। নৌকায় অনেক সময় গাদাগাদি করে পার হতে হয়। দুর্ভোগের কারণে এ সময় অনেক মেয়ে স্কুল-কলেজে যাওয়া ছেড়ে দেয়। কৃষক ইদ্রিস আলী বলেন, হাটের দিন ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি বাড়ে কয়েকগুণ। অনেক সময় সেতু পার হতে গিয়ে মালামাল নদীতে পড়ে যায়। নদীপথে না গিয়ে বিকল্প পথে গেলে অনেক বেশি পথ ঘুরতে হয়। এতে পরিবহন ব্যয় বেড়ে যায়। ফলে কৃষকেরা অনেক সময় স্থানীয় পাইকারদের কাছেই কম দামে তাঁদের পণ্য বিক্রি করে দেন।গ্রামের চিকিত্সক জয়নাল আবেদিন জানান, সেতুর অভাবে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে অসুবিধা হয়। বিকল্প পথে যেতে গিয়ে অনেক সময় রোগী পথেই মারা যায়। গ্রামের আইয়ুব আলী জানান, প্রতিবছর গ্রামবাসী বাঁশ ও টাকা সংগ্রহ করে সাঁকো মেরামত করে। কিন্তু এটাও বেশি দিন টিকে না। ফলে ঝুঁকি নিয়েই সারা বছর গ্রামবাসীকে চলাচল করতে হয়। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান-ই হাবীব জানান, এখানে একটি পাকা সেতু করা জরুরি। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। এখনো বরাদ্দ পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী বলেন, ‘সেতুটি করে দিতে আন্তরিকভাবে চেষ্টা করছি।’