‘ব্রেইভিককে আরও দ্রুত ধরতে পারত পুলিশ’
নরওয়ে পুলিশ দেশটির রাজধানী অসলোর প্রাণকেন্দ্রে বোমা হামলা রোধ করতে পারত। একই সঙ্গে হামলার হোতা অ্যান্ডার্স বেরিং ব্রেইভিককে দ্রুত সময়ে ধরতে পারত। সরকারি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, অসলোয় বোমা হামলা ও উটোয়া দ্বীপে গোলাগুলির ঘটনা তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিটির ওই প্রতিবেদনটি সদ্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর হামলা রোধে আরও দ্রুত ব্যবস্থা নিতে পারত পুলিশ।ওই কমিটির আরও কিছু বিষয় খতিয়ে দেখার কথা রয়েছে। এগুলো হলো— হেলিকপ্টার ব্যবহার করে গোলাগুলির ব্যাপারে সতর্ক করতে পুলিশের ব্যর্থতা এবং বাতাসভর্তি নৌকাযোগে উটোয়া দ্বীপে পৌঁছানোর ব্যর্থ চেষ্টা। পাশাপাশি হামলার সময়ে পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়টিও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।গত বছর অসলোয় বোমা হামলা এবং এরপর উটোয়া দ্বীপে প্রকাশ্যে গুলি চালান ব্রেইভিক। ওই হামলায় ৭৭ জন নিহত ও ২৪০ জন আহত হন। এ হামলার দায় স্বীকার করেছেন ৩৩ বছর বয়সী ব্রেইভিক। তিনি বলেন, নরওয়েকে মুসলিমদের আধিপত্য থেকে রক্ষা করতেই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আদালতে তাঁর বিচার চলছে। ২৪ আগস্ট মামলায় রায় হওয়ার কথা রয়েছে।