জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে তাঁর ব্যাটিংটাই ছিল ভালো। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত টেস্ট সিরিজে অদৃশ্য কারণে বাদ পড়ে গেলেন দল থেকে। শোনা গিয়েছিল, বছর খানেকের জন্য জাতীয় দলের দরজা খোলা দেখছেন না মোহাম্মদ আশরাফুল। অথচ তাঁকে নিতে হলো ঠিক পরের সিরিজেই! পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের দলে ডাক পেয়ে তিনিও আত্মবিশ্বাসী, এবার ভালো কিছু করবেন আবার টেস্ট দলে ফিরলেন। কেমন লাগছে?মোহাম্মদ আশরাফুল: কাল (পরশু) রাতেই টেলিফোনে আমাকে জানানো হয়েছে, আমি টেস্ট দলে আছি। শুনে ভালো লেগেছে। নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ পেলাম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়ার পর তো শোনা গিয়েছিল, বছর খানেক জাতীয় দলের বাইরে থাকতে হবে আপনাকে...আশরাফুল: আমি এ রকম কিছু শুনিনি। আমি জানতাম, আবার দলে সুযোগ পেতে হলে আমাকে অনেক অ-নে-ক ভালো খেলতে হবে। সেটা এখনো হতে পারে, এক বছর পরও হতে পারে। এই সিরিজে ডাক পেয়ে তাহলে অবাক হননি?আশরাফুল: অবাক হইনি, তবে এটাও ঠিক, আমি জাতীয় লিগে অনেক বড় কিছু করিনি। এমন না যে খুব ভালো খেলে আসছি। তবে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪১০ রান করেছি। এই পারফরম্যান্সে আপনি নিজে সন্তুষ্ট?আশরাফুল: মাঝে কয়েকটা ইনিংস ভালো খেলতে পারিনি। তবে সর্বশেষ চার ইনিংসে আমার স্কোর ছিল ১১৯, ৭১, অপরাজিত ১১ আর ৫৮। একেবারে খারাপ ছিল না ইনিংসগুলো। হতে পারে নির্বাচকেরা এই ফর্মটাকেই বিবেচনায় এনেছেন। আমি চেষ্টা করব, এটা ধরে রাখতে। আন্তর্জাতিক ক্রিকেটে বাজে ফর্ম যাচ্ছিল, কিছু সমস্যাও যাচ্ছিল ব্যাটিংয়ে। জাতীয় লিগে কি সেগুলো কাটিয়ে উঠতে পেরেছেন মনে হয়?আশরাফুল: ওইভাবে আসলে ভাবিনি। আমি চেয়েছি, ফর্মটা ভালো করতে। অন্তত দীর্ঘ পরিসরের ক্রিকেটে যেন রান পাই। উইকেটে টিকে থাকার অভ্যাস করেছি। প্রতিটি ইনিংসেই অনেক সময় নিয়ে ব্যাট করেছি। জাতীয় লিগে তো ওপেন করেছেন। টেস্টে আপনাকে অন্য জায়গায় খেলতে হতে পারে। মানিয়ে নিতে সমস্যা হবে না?আশরাফুল: ওপেন করলে অনেকটা সময় নতুন বলে খেলতে হয়। কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। সেজন্যই আসলে জাতীয় লিগে ওপেনিংয়ে খেলা। টেস্ট খেললে আমি হয়তো চার নম্বরে ব্যাটিং করব। মনে হয় না মানিয়ে নিতে সমস্যা হবে। এটা আমার জন্য নতুন কিছু নয়। এক-দেড় বছর ধরেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এবার কতটা আশাবাদী ভালো কিছু করার ব্যাপারে?আশরাফুল: সর্বশেষ যখন বাদ পড়ি, নিজের সঙ্গে নিজের অনেক কথা হয়েছে আমার। মনে মনে ঠিক করি, আবার ফিরলে অনেক বড় খেলোয়াড় হয়ে ফিরব ইনশাআল্লাহ। সেই আশা নিয়েই আসছি। বড় খেলোয়াড়ের মতো খেলতে চাই। ওয়ানডে সিরিজ না খেললেও চোখ রেখেছেন নিশ্চয়ই। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণ কী মনে হয়?আশরাফুল: যেদিন আমার খেলা ছিল সেদিন সেভাবে দেখা হয়নি। হয়তো সন্ধ্যায় হোটেলে ফিরে কিছু খেলা দেখেছি। আমার মনে হয়, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। আর পাকিস্তান খুবই ভালো দল। এখানকার উইকেটও মনে হচ্ছে তাদেরই বেশি সাহায্য করছে।