‘বড় প্রাপ্তি অভিজ্ঞতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো জার্মানি সফর করে গতকাল সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের হকি খেলোয়াড়েরা। জাহিদ হোসেনের জন্য অবশ্য জার্মানি সফরটা প্রথম, দেশে পৌঁছে তিনি গল্প শুনিয়েছেন প্রায় দুই মাসের এই সফরের কেমন কাটল জার্মানি সফর?জাহিদ হোসেন: এককথায় অসাধারণ। ভালো ট্রেনিং হয়েছে। ইউরোপিয়ান কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হয়েছে। বড় প্রাপ্তি এই অভিজ্ঞতা। দেশটাও দারুণ। সবকিছু ছবির মতো সুন্দর। কিন্তু সমস্যা একটাই—ঠান্ডা।  খুব ঠান্ডা ছিল?জাহিদ: ওরে বাবা রে বাবা। আমরা যেদিন পৌঁছালাম, সেদিন তাপমাত্রা ছিল এক ডিগ্রি। এরপর সপ্তাহ খানেক ও রকম ছিল। পরে একটু বেড়ে ছয়-সাত ডিগ্রি হলেও আসার আগের এক সপ্তাহ আবার ও রকম ঠান্ডা ছিল। এত ঠান্ডা দেখে হকচকিত হয়ে গিয়েছিলেন?জাহিদ: না, চমকাইনি। কারণ কোচ পিটার গেরহার্ড আমাদের আগেই বলেছিলেন। আর জিমিরা তো আগে একবার ওখানে গেছে। ওরাও বলেছিল কেমন প্রস্তুতি নিয়ে যেতে হবে।  দেশ ছেড়ে এত দিন থাকতে কষ্ট লাগল না?জাহিদ: তা তো লেগেছেই। বিদেশ যত ভালোই হোক, দেশের মতো ভালো কি আর লাগে! আর এর মধ্যে গত ৪ তারিখ আমার মেয়ে হয়েছে। ওকে দেখার জন্যও মনটা খারাপ লাগছিল। তার পরও খেলোয়াড় মানুষ, খেলার উন্নতির জন্য কষ্ট তো করতেই হবে। ওখানে কোন দলের হয়ে খেললেন?জাহিদ: সবাই তো এক দলের হয়ে খেলতে পারিনি। আমরা আটজন ছিলাম ‘এইচটিসি বন’ ক্লাবে; জার্মানির দ্বিতীয় বিভাগ হকি লিগের দল। এই ক্লাবেরই দ্বিতীয় দলে ছিল রাসেল। ৭ জন খেলেছে অস্ট্রিয়ার দুটি ক্লাবে। বাকিরা জার্মানিরই অন্য শহরে ছিল। কতগুলো ম্যাচ খেলেছেন?জাহিদ: ছয়টা ম্যাচ খেলেছি ওদের লিগে। সবাই সেরা একাদশে খেলেছেন?জাহিদ: প্রায় সবাই। দু-একজন বদলি হিসেবে মাঠে নেমেছে। জার্মানির মতো একটা দেশে গিয়ে এতজন খেলোয়াড় সেরা একাদশে ঠাঁই করে নিলেন কীভাবে?জাহিদ: ওদের ওখানে বিদেশি কোটা-টোটা নেই। আর আসল ব্যাপার হলো, এই লিগটাকে পুরোপুরি পেশাদার খেলোয়াড়দের লিগ বলা যায় না। দু-একজন আছে, হকি যাদের পেশা। কিন্তু বেশির ভাগই শখে হকি খেলে। নানা বয়সী খেলোয়াড় আছে দলে। আর এই সময়টায় এ রকম শৌখিন দলগুলোর অনেক খেলোয়াড় ছুটি কাটাতে দেশের বাইরে চলে যায়। আমার ক্লাবের যে এক নম্বর গোলরক্ষক, সে যেমন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিল ছুটি কাটাতে।  এ রকম দল তাহলে আপনাদের পেয়ে খুবই উপকৃত হয়েছে?জাহিদ: তা তো বটেই। আমরা আর যা-ই হই, পেশাদার খেলোয়াড় তো। এইচটিসির হয়ে ৬ ম্যাচ খেলেছি; ৩টি জিতেছি। এই জয়ে প্রথম লেগ শেষে ক্লাবটি লিগের দ্বিতীয় স্থানে আছে। এই জায়গা ধরে রাখতে পারলে পরের বছর প্রথম বিভাগে উঠে যাবে তারা। এই ক্লাবের ইতিহাসে আগে যা হয়নি। ওখানে অনুশীলনটা কেমন হলো?জাহিদ: দারুণ। ভাই, যে মানের অনুশীলন সরঞ্জাম দেখেছি, যেভাবে অনুশীলন করেছি, তা কোনো দিন কল্পনাও করিনি। আমি গোলকিপার, আমার কথা বলি। সপ্তাহে এক দিন অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে অনুশীলন করতাম, বল ছোড়া মেশিন-টেশিন ছিল। ওখানে লুদকা নামে অসাধারণ একজন কোচ ছিলেন আমাদের দায়িত্বে।  টাকা-পয়সা কী পেলেন?জাহিদ: ওই যে কোচ যেমন বলেছিলেন, প্রতিদিন ৫ ইউরো করে এবং অন্যান্য খরচ। আমাদের ক্লাবের টাকা অবশ্য ওরা হাতে হাতে দেয়নি। কোচ নিয়ে আসবেন।