‘বড় মানুষের আত্মীয়’ বলে বুয়েটের উপাচার্যকে সরানো হচ্ছে না
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) উচ্চশিক্ষার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। বুয়েটের উপাচার্য ‘অনেক বড় মানুষের আত্মীয়’ হওয়ায় তাঁকে সরানো হচ্ছে না।আজ শনিবার বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত এক বইমেলার উদ্বোধনকালে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, মেডিকেল কলেজে ভর্তি নিয়ে তুঘলকি কাণ্ড চলছে। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে উচ্চশিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, যাতে পড়ালেখার পরিবেশ নষ্ট হয়। শিক্ষার্থীরা পড়ালেখার জন্য যাতে দেশের বাইরে পাড়ি জমায়, এ জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।