‘বড়ে মিয়াঁ’র বিশ্বকাপ
পাকিস্তানের বিশ্বকাপ জয় বললেই চোখের সামনে ভেসে ওঠে সেমিফাইনালে ইনজামাম-উল হকের ঝোড়ো ব্যাটিং কিংবা ফাইনালে ওয়াসিম আকরামের আগুন-ঝরানো বোলিং। কিন্তু সে সাফল্যে টুর্নামেন্ট-জুড়েই যাঁর ভূমিকা, তিনি জাভেদ মিয়াঁদাদ। প্রথম ছয়টি বিশ্বকাপ খেলা এই ক্রিকেট গ্রেটকে নিয়ে লিখেছেন আরিফুল ইসলামবয়স সাঁইত্রিশ ছুঁইছুঁই। পিছু ছাড়ছে না হাঁটুর চোট। চারপাশে অনেক উঠতি প্রতিভার আনাগোনা। সব মিলিয়ে ১৯৯৩ সালের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন। ১৯৯৬ বিশ্বকাপের আগে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মনে হলো, ‘বড়ে মিয়াঁ’ কে ছাড়া বিশ্বকাপ কীভাবে সম্ভব! বিশেষ করে আগের বিশ্বকাপেই (১৯৯২) যিনি ছিলেন শিরোপা জয়ের বড় নায়ক। দেশজুড়ে শুরু হলো তাঁকে ফিরিয়ে আনার দাবি। সে সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ফারুক আহমেদ লেঘারি ও প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো অনুরোধ করলেন ফিরে আসতে। ভালোবাসার দাবি উপেক্ষা করতে পারলেন না জাভেদ মিয়াঁদাদ, ৩৯ বছর বয়সে ফিরলেন ক্রিকেটে। খেললেন ষষ্ঠ বিশ্বকাপ। হলেন ইতিহাস।বিশ্বকাপে অনেক কীর্তিই গড়েছিলেন মিয়াঁদাদ। পরে অনেকেই ছাড়িয়ে গেছেন সেসবকে। কিন্তু এই একটা জায়গায় তিনি এখনো অনন্য। ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি নেই আর কারও। এবারই অবশ্য একজন সঙ্গী পাবেন তিনি, শচীন টেন্ডুলকার। এমন এক কীর্তিতে সঙ্গী হিসেবে পরস্পরকে পেয়ে হয়তো খুশি হবেন দুজনই। একদিন হয়তো আরও অনেকেই ছোঁবেন তাঁদের, দু-একজন হয়তো ছাড়িয়েও যাবেন। তবে একটা কীর্তি কিন্তু কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না মিয়াঁদাদের কাছ থেকে। প্রথম ছয়টি বিশ্বকাপেই খেলা তো সম্ভব নয় আর কারও পক্ষেই!যে আশায় এত কিছু করে ফেরানো হয়েছিল মিয়াঁদাদকে, সেটা অবশ্য পূরণ হয়নি। শেষ বিশ্বকাপ, বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা মনে রাখার মতো হয়নি। গ্রুপ পর্বের প্রথম দুম্যাচে ব্যাটিংই পাননি, ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং পেলেন দলের জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রান করে আউট। এরপর বেঙ্গালুরুর সেই কোয়ার্টার ফাইনাল। ২৯০ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরুর পর দ্রুতই ৪ উইকেট হারায় পাকিস্তান। এর পরও মিয়াঁদাদ যতক্ষণ ছিলেন বেঁচে ছিল পাকিস্তানের আশা, শঙ্কায় ছিল ভারত। রান-বলের টানাপোড়েন বেড়েই চলছিল। কিন্তু শারজার সেই শেষ বলে ছক্কার পর থেকেই এই দুদেশের সবাই বিশ্বাস করত, ‘মিয়াঁদাদের অসাধ্য কিছুই নেই।’ ৩৮ রান করে মিয়াঁদাদের রান আউটে কার্যত শেষ হয়ে যায় ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে পাকিস্তান, রূপকথা হয় না মিয়াঁদাদের ফেরা।বিদায়বেলায় অবশ্য মিয়াঁদাদের সঙ্গী হয়েছিল একগাদা রেকর্ড। বিশ্বকাপের সবচেয়ে বেশি রান, ম্যাচ, ক্যাচ—সব রেকর্ডই তাঁর দখলে। কিন্তু দলের ব্যর্থতায় অনেকটাই তেতো হয়ে যায় এসব অর্জন। শেষে এসে যেন এক বিন্দুতে মিলে যায় বিশ্বকাপে মিয়াঁদাদের শুরু। শুরুটাও ছিল এমন বিষাদময়। সত্তরের দশকের শুরুতেই ১৫ বছর বয়সী মিয়াঁদাদকে দেখে পাকিস্তানের প্রথম টেস্ট অধিনায়ক আবদুল হাফিজ কারদার ঘোষণা করেছিলেন, ‘পাকিস্তানের ক্রিকেটের সেরা আবিষ্কার।’ এর পর থেকেই ছিলেন জাতীয় দলের রাডারে। ব্যাটিংয়ের মতো তখন লেগ স্পিনটাও দারুণ করতেন। এটাই খুলে দিল জাতীয় দলের দরজা, লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে ১৯৭৫ বিশ্বকাপের দলে নেওয়া হলো ১৮ বছরের মিয়াঁদাদকে।প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি। অধিনায়ক আসিফ ইকবালের চোট সৌভাগ্য হয়ে এল মিয়াঁদাদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে ওয়ানডে আর বিশ্বকাপ অভিষেক। ব্যাট হাতে ২৪ রান করে রান আউট, বল হাতে ৫৩ রান করা ক্লাইভ লয়েডের উইকেট। কিন্তু শেষ উইকেটে ৬৪ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে অবিস্মরণীয় এক জয় এনে দিলেন ডেরেক মারি ও অ্যান্ডি রবার্টস। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে অপরাজিত ২৮ রান করে ও ২ উইকেট নিয়ে অবশ্য কিছুটা অবদান রেখেছিলেন দলের জয়ে। পরের বছর অভিষেক টেস্ট সিরিজে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করে হইচই ফেলে দিলেন। রান পেতে থাকলেন নিয়মিত। ১৯৭৫-এর আনকোরা তরুণ ১৯৭৯ বিশ্বকাপ খেলতে গেল মোটামুটি বড়সড় এক তারকা হিসেবে। কিন্তু এই তারা জ্বলল না বিশ্বকাপে। ৩ ইনিংসের প্রথমটিতে ৪৬ করলেও পরের দুটোতে শূন্য! অবশেষে বিশ্বকাপের সঙ্গে মিয়াঁদাদের সখ্য হলো ১৯৮৩ তে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে পেলেন প্রথম বিশ্বকাপ ফিফটি, আরেকটি ফিফটি এল ইংল্যান্ডের বিপক্ষে। এই সখ্য বন্ধুতার রূপ পেল ১৯৮৭তে। এবার প্রথম ম্যাচেই সেঞ্চুরি, প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। বিশ্বকাপে মিয়াঁদাদের একমাত্র সেঞ্চুরিও এটি। বিশ্বকাপ তাঁকে দুহাত ভরিয়ে দিল ১৯৯২-এ। ক্যারিয়ারের তখন গোধূলি বেলা, পিঠের চোটটাও দারুণ ভোগাচ্ছিল। কিন্তু আজীবনের লড়াকু সৈনিকের কাছে পরাজিত হলো ব্যথা আর বয়স। ওই বিশ্বকাপে মোট রানে তাঁর ওপরে ছিলেন কেবল মার্টিন ক্রো। সেমিফাইনাল-ফাইনালে খেলেছিলেন দারুণ গুরুত্বপূর্ণ দুটো ইনিংস। পেয়েছিলেন বিশ্বকাপ শিরোপার অমৃত স্বাদ। এই বিশ্বকাপে আলোচিত হয়েছিলেন আরেক কীর্তিতেও। ভারতের উইকেটকিপার কিরণ মোরের ক্রমাগত আবেদনে বিরক্ত হয়ে একপর্যায়ে ব্যাঙের মতো লাফিয়ে উঠলেন একেবারে মোরের মুখের সামনে গিয়ে! সেই ‘ব্যাঙ লাফ’ শুধু বিশ্বকাপ ক্রিকেটের নয়, ঢুকে গেছে ক্রিকেট ইতিহাসেরই ‘ছবি চিরন্তনীতে।’ শেষটা তাঁর মতো হয়নি, তাতে কী? বড়ে মিঁয়া থেকে গেছেন বিশ্বকাপের বড় তারকা হয়েই। পেছন ফিরে তাকালে, স্রেফ শুরু আর শেষটা বাদ দিয়ে বিশ্বকাপ অভিযানটা মন্দ লাগবে না মিয়াঁদাদের নিজেরও।তাঁর বিশ্বকাপ কীর্তি ছয়টি বিশ্বকাপ খেলা একমাত্র ক্রিকেটার ৩০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার বিশ্বকাপে ১ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান। এক বিশ্বকাপে ৫ ফিফটি করা প্রথম ব্যাটসম্যান