মামুন হোসেন পেশায় মাছ বিক্রেতা। আর আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের ছাত্র। তাঁরা দুজনই ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলার আসামি।পুলিশের দাবি, সহযোগী সন্ত্রাসী হিসেবে মামুনই কাদেরের কথা বলেছেন। কিন্তু মামুনের পরিবার বলছে, বিশ্ববিদ্যালয়ছাত্র কাদেরকে চিনতেন না মামুন। গ্রেপ্তারের পর তাঁদের প্রথম দেখা।পুলিশ এজাহারে দাবি করেছে, ১৫ জুলাই রাতে খিলগাঁও এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় মামুন ও কাদেরকে জনতার সহায়তায় ধরে ফেলে পুলিশ। এ সময় গণপিটুনির শিকার হন তাঁরা। অথচ প্রথম আলোর একাধিক প্রতিনিধি পর পর দুই দিন ওই এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলে ‘ডাকাত অভিযান’ বা গণপিটুনির কোনো সত্যতা পাননি।এদিকে পুলিশ গতকাল শুক্রবার কাদেরকে আদালতে হাজির না করায় তাঁর জামিন আবেদনের শুনানি হয়নি। আদালত সূত্র জানায়, আবদুল কাদেরের পক্ষে জামিন আবেদন করতে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গিয়েছিলেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। কিন্তু পুলিশ কাদেরকে আদালতে হাজির করেনি।কাদেরকে চেনেন না মামুন: গতকাল মামুনের পূর্ব জুরাইনের বাসায় কথা হয় তাঁর স্ত্রী সুমি বেগমের সঙ্গে। সুমি ও চার বছরের মেয়ে জুঁইকে নিয়ে মামুন এ বাসায় থাকেন।গ্রেপ্তারের পরদিন ১৬ জুলাই দুপুর ১২টার দিকে খিলগাঁও থানায় গিয়ে মামুনের সঙ্গে দেখা করেন সুমি, মামুনের মা নাসিমাসহ কয়েকজন। সুমি প্রথম আলোকে বলেন, ‘আমরা থানায় যাওয়ার পর শুনি, মামুনের সঙ্গে কাদের নামে আরেকজন অ্যারেস্ট হইছে। তারপর গরাদখানায় যখন মামুনের সঙ্গে দেখা করি, মামুনরে জিগাইছি, কাদের কে? মামুন কইছে, “হ্যারে চিনি না, আমার লগে ছিল না। ওরে অন্য জায়গা থিকা ধরছে”।’পোশাকশিল্পের কর্মী সুমি বলেন, স্থানীয় বউবাজারে মাছ বিক্রি করেন মামুন। তাঁর নিজের কোনো পুঁজি নেই। অন্য একজন মাছ কিনে আনেন, আর তা বিক্রি করেন মামুন। মামুনের বাবা রঙের কাজ করেন। মামুনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরের সম্পর্ক থাকতে পারে, এ কথা বিশ্বাস করেন না সুমি। সুমি জানান, মামুনের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। তিনিও কাদেরের মতো নিরপরাধ।বড় অভিযান, তবু পুলিশ চুপ: প্রায় প্রতিদিনই মহানগর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্ধার ও গ্রেপ্তার কার্যক্রমের খবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে জানানো হয়। কিন্তু রাজধানী শহরে অস্ত্র ও গাড়িসহ ‘দুই ডাকাত’ গ্রেপ্তার হলেও কোনো সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। পুলিশের ভাষায় এটি বড় অভিযান। এর আগে এর চেয়ে ছোট ঘটনাও বড় করে জানানো হয়েছে। কিন্তু ১৫ জুলাইয়ের ঘটনা জানা গেল ২৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে। ঘটনার পর ১০ দিন ধরে পুলিশ চুপ থাকল কেন?এ বিষয়ে জানতে চাইলে পুলিশের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা বলেন, সাধারণত থানা থেকে উদ্ধার অভিযানের বিবরণ লিখিত আকারে পাঠানো হলে জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দেয়। কিন্তু কাদেরকে গ্রেপ্তারের ঘটনায় থানা থেকে লিখিত কোনো কিছু জানানো হয়নি।কাদেরের স্বজন ও বন্ধুরা এ বিষয়ে বলেন, পুলিশের মনে সন্দেহ ছিল এবং গল্প সাজাতে পারছিল না বলেই হয়তো তারা গণমাধ্যমকে জানায়নি।খিলগাঁও থানার ওই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন গত বুধবার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, থানা থেকে জনসংযোগ বিভাগকে বিষয়টি জানানো হয়েছিল।তিন পুলিশ বহাল: বিশ্ববিদ্যালয়ছাত্র নির্যাতনের ঘটনায় গত বৃহস্পতিবার হাইকোর্ট খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দীন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও এএসআই শহীদুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। কিন্তু তাঁরা স্বপদে বহাল আছেন। গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খিলগাঁও থানার ওসির সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলে থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ফোনটি ধরেন। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আদেশ দেওয়ার পর বৃহস্পতিবার রাতে ওসির দায়িত্ব ও সরকারি মুঠোফোন তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আজিজুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ এখনো থানায় আসেনি। তবে ওসি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। আর এসআই আলম বাদশা ও এএসআই শহীদুর রহমানকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশের পর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তবে হাইকোর্টের লিখিত আদেশ তিনি এখনো হাতে পাননি।ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশ অবশ্যই মানতে হবে। ইতিমধ্যে ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। থানার ওসিসহ অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া চলছে।এজাহারে আছে, ঘটনাস্থলে নেই: পুলিশের এজাহারে উল্লিখিত ‘ডাকাত অভিযান’-এর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর বক্তব্যের কোনো মিল পাওয়া যায়নি। ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি দেওয়া সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসী বলেন, ‘যে ঘটনা ঘটেইনি, তা বলব কীভাবে?’এজাহারে বলা হয়েছে, ১৫ জুলাই রাতে খিলগাঁওয়ের সি ব্লকে একটি কারে পাঁচ-ছয়জন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ ধাওয়া করে ৫৮০/১/সি বাসার সামনে থেকে গাড়িটি আটক করে। এ সময় ছয় যুবক পুলিশকে আক্রমণ করার জন্য চাপাতি, ছোরাসহ গাড়ি থেকে বের হয়ে দৌড় দেন। তখন পুলিশ ‘ডাকাত ডাকাত’ চিৎকার করলে স্থানীয় জনতা ও বিশ্বরোডের শ্রমিকেরা লাঠিসোঁটাসহ তাঁদের ধাওয়া করে ধরে ফেলেন। এরপর তাঁদের পিটুনি দেয় জনতা।এ বিষয়ে কথা বলার জন্য এজাহারে উল্লিখিত স্থানে গিয়ে এমন একজনও পাওয়া যায়নি, যিনি ঘটনা সম্পর্কে জানেন। বিশ্বরোডের ওই স্থানে দুই পাশে পাঁচ কিলোমিটারের বেশি এলাকায় লোকজনের সঙ্গে কথা বলা হয়।স্থানীয় একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘এ ধরনের ঘটনা হলে তো আমরা জানতাম। কোনো আওয়াজই তো পাইলাম না।’ওই এলাকায় বিশ্বরোডের পাশেই খিদমাহ হাসপাতাল। ২৪ ঘণ্টা খোলা হাসপাতালটির একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘না ভাই, এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই।’বিশ্বরোডে পাশাপাশি কয়েকটি আসবাব তৈরির কারখানা ও ওয়ার্কশপে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেও এ ধরনের কোনো ঘটনার কথা জানা যায়নি। ওই সব কারখানার শ্রমিকেরা রাত জেগে কাজ করেন।স্থানীয় একটি মুদি দোকানের কর্মী বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। কয়েকজন সাংবাদিক এসেও জিজ্ঞেস করলে তাঁদের মুখেই ঘটনাটা শুনছি। রাতে আমার এখানে একজন কর্মচারী থাকে। সেও এ ব্যাপারে কিছু জানে না।’বৃহস্পতিবার হাইকোর্টে কাদের বলেন, তাঁকে সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দীনও প্রথম আলোকে সেগুনবাগিচা থেকে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিলেন। তবে সেগুনবাগিচা এলাকার নিরাপত্তাকর্মীদের এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তাঁরাও কিছু বলতে পারেননি। কাদেরের স্বজনদের দাবি, কাদেরকে সেগুনবাগিচার রাস্তা থেকে ধরে নিয়ে ডাকাত হিসেবে চালিয়ে দিয়েছে পুলিশ। গণপিটুনি বা ডাকাত অভিযানের বিষয়টি পুরোটাই পুলিশের সাজানো।সকালে অসুস্থ, রাতে রক্তাক্ত: কাদেরের বন্ধুরা বলছেন, গ্রেপ্তারের পর ১৬ জুলাই সকালে যখন তাঁরা খিলগাঁও থানা হেফাজতে কাদেরের সঙ্গে দেখা করতে যান, তখন প্রচণ্ড মারধরে কাদের নড়তেও পারছিলেন না। কিন্তু রাতে যখন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তখন তিনি ছিলেন রক্তাক্ত।কাদেরের কক্ষসঙ্গী মুক্তাদির বলেন, সকালে খবর পেয়ে তিনি খিলগাঁও থানায় গিয়ে দেখেন, একটি টি-শার্ট আর ট্রাউজার পরিহিত কাদের উঠে দাঁড়াতে পারছেন না।ওই রাতেই কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন কাদেরের পরিবারের মাধ্যমে খবর পেয়ে দেখতে গিয়েছিলেন আরেক বন্ধু মোমিন। মোমিন প্রথম আলোকে বলেন, তিনি গিয়ে দেখেন, মামুন স্ট্রেচারে শোয়া। তার বাঁ পায়ের ট্রাউজার হাঁটু থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। ট্রাউজারে ছিল রক্তের দাগ। বন্ধুরা বলছেন, ১৬ জুলাই দিনেও তাঁকে খিলগাঁও থানায় পেটানো হয়েছে।কাদেরের বর্তমান অবস্থা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন আবদুল কাদের। বাঁ পায়ের কয়েক স্থানে সেলাই দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে বিএসএমএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক এন কে দত্তের অধীনে ভর্তি করা হয়।এন কে দত্ত প্রথম আলোকে বলেন, কাদেরের চিকিৎসার তদারক করছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের আরেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম চৌধুরী। জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, কাদেরের বাঁ পায়ের কয়েক জায়গায় চামড়া ছিলে গেছে। এসব ক্ষতে কয়েকটি সেলাই দিয়ে ড্রেসিং করে দেওয়া হয়েছে। শরীরের আরও কয়েক জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও তা শুকানোর পথে। আঘাতে কাদেরের পায়ের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এক্স-রে করার পর তা নিশ্চিত হওয়া যাবে।কাদেরের বোন জান্নাতুল মাওয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার বিকেলে মা প্রিজন সেলে ভাইয়ার কাছে গিয়ে এক ঘণ্টার মতো ছিলেন। তিনি ভাইয়াকে খাবার দিয়ে আসেন।’