‘বয়স হয়েছে, আমার রূপ আপনি দেখেননি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আনোয়ার আলী সেখানকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলুর রহমানকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে মেয়র আনোয়ার আলী মুঠোফোনে ও কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে গালাগাল দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলুর রহমান অভিযোগ করে বলেন, পয়োনালা নির্মাণের ফাইলে স্বাক্ষর আটকে থাকায় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী মুঠোফোনে অশ্লীল ভাষায় তাঁকে ‘তুই’ সম্বোধন করে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তিনি জেলা প্রশাসন কার্যালয়ে যান। সেখানেও অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন। এ সময় মেয়র আনোয়ার আলী হুমকি দিয়ে বলেন, ‘আমার বয়স হয়েছে, আমার রূপ আপনি দেখেননি।’ এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পৌরসভার চেয়ার-টেবিলে থাপড়াতে থাকেন। ২০ মিনিট পর তাঁরা চলে যান।অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পয়োনালা নির্মাণের ওই ফাইলটি সকালে স্বাক্ষর করে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছিল। এ ক্ষেত্রে কোনো গাফিলতি করা হয়নি। কিন্তু মেয়র সাহেব একজন জনপ্রতিনিধি হয়ে যে কাজ করলেন, সেটি তিনি তাঁর চাকরি জীবনে কোথাও দেখেননি। এ কথা বলে তিনি হতভম্ব হয়ে পড়েন।মেয়র আনোয়ার আলী মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, তিনি অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে একাই গিয়েছিলেন। তিনি কোনো গালাগাল দেননি বলে দাবি করেন। তবে তিনি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলুর রহমান ও তাঁর মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘মেয়র সাহেব যা করেছেন তা খুবই দুঃখজনক। একজন জনপ্রতিনিধি ও প্রবীণ নেতা হিসেবে এ কাজটি করা ঠিক হয়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আমি বিস্মিত।’জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনা সম্পর্কে বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৯৪-৯৫ সালের দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে বড়পিট খালটি পয়োনালা হিসেবে ব্যবহারের জন্য কুষ্টিয়া পৌরসভা জেলা প্রশাসকের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছিল। চৌড়হাস মৌজায় আট ফুট চওড়ায় ১৩৩৮ ফুট, মোল্লাতেঘরিয়া মৌজায় পশ্চিমে ১০ ফুট চওড়ায় ১১০০ ও পূর্বদিকে ৪০ ফুট চওড়ায় ১৩১৫ ফুট লম্বা নকশা। নানা জটিলতার কারণে সেই সময় জেলা প্রশাসনে প্রস্তাবটি অনুমোদন হয়নি। ২০০৯ সালের দিকে আবার আবেদন করা হয়। কিন্তু সময়মতো টাকা না দেওয়ার কারণে সেটিও বাতিল হয়ে যায়। সর্বশেষ গত বছরের ২৫ সেপ্টেম্বর আবারও আবেদন করা হয়। এই ফাইলটি বিভাগীয় পর্যায়সহ বিভিন্নভাবে আটকে ছিল। এ কারণেই মেয়র আনোয়ার আলী অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলুর রহমানকে গালাগাল দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র তাঁর নিজের গাড়ি, পৌরসভার একটি ট্রাক ও একটি পিকআপে করে পৌরসভা ও ছাত্রলীগের প্রায় ৫০-৬০ জন লোক নিয়ে বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলুর রহমানের ঘরে যান। এ সময় ওই ঘরে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার আজিম আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা ও কুষ্টিয়া আদালতের আইনজীবী অনুপ কুমার নন্দী উপস্থিত ছিলেন।