‘ভটভটি হামার আয়-রোজগার বন্ধ করি দিছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রচলিত আইনকানুনের তোয়াক্কা না করে রংপুর-তারাগঞ্জ মহাসড়কসহ তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে অবাধে চলছে অবৈধ নছিমন-করিমন-ভটভটি। অবৈধ এসব যানবাহনের বিকট শব্দ আর বেপরোয়া চলাচলে অতিষ্ঠ জনজীবন, আর হরহামেশাই ঘটছে দুর্ঘটনা।উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, সেচকাজের জন্য নির্ধারিত ডিজেলচালিত শ্যালো ইঞ্জিনে তৈরি এসব যানবাহনে বেপরোয়াভাবে মালামালসহ যাত্রী পরিবহন করা হচ্ছে। সরকারিভাবে নিষিদ্ধ এসব যানবাহনে নেই কোনো সিগন্যাল বাতি। এমনকি এগুলোর ঠিকমতো ব্রেকও নেই। বিকট শব্দে চলাচলকারী নছিমন, করিমন ও ভটভটিগুলোর নেই রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, রুট পার্মিট ও বৈধ লাইসেন্স।ইকরচালী ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, এসব নছিমন-করিমন ও ভটভটির কারণে পরিবেশদূষণ হচ্ছে। মহাসড়কে যানজট বাড়ছে। সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ৬ মাসে ইকরচালী-তারাগঞ্জ মহাসড়কে এসব পরিবহনের কারণে ছোট-বড় মিলে কমপক্ষে ২০টি দুর্ঘটনা ঘটেছে।নাম প্রকাশ না করার শর্তে এক ভটভটিচালক জানান, এসব যানবাহনের ঠিকমতো ব্রেক না থাকায় এগুলোর গতি সহজে নিয়ন্ত্রণ করা যায় না, ফলে দুর্ঘটনা ঘটে।ইকরচালী বাজারের রিকশাচালক নাইমুল ইসলাম বলেন, ‘হামরা যে ইকরচালী-তারাগঞ্জ বিশ্বরোড দিয়া যাত্রী বহন করি আয় করছিনু, সেই রাস্তা দিয়া এলা ৪০-৫০ খান নছিমন-করিমন ও ভটভটি চলে। রিকশা, ভ্যানোত যাইতে দেরি হওয়ায় যাত্রীরা নছিমন-করিমন ও ভটভটিত চড়ে। এইগুলান হামার আয়-রোজগার বন্ধ করি দিছে। সারা দিন যাত্রীর জন্য বসি থাকিও হামার ৫০ টাকার ভাড়া জোটে না।’পুরাতন চৌপথীর রিকশাচালক গৌতম রায় বলেন, ‘দেখেন না, হামার কী দুর্দশা। সারা দিন রিকশা চালিয়ে ৪০-৫০ টাকা রোজগার করিবার পাই না। ভটভটি বন্ধ করিবার কথা কইলে কায়ও শোনে না। উপজেলা চেয়ারম্যানের কাছেও অভিযোগ করেছি, তাও ফল হইছে না।’মেনানগর গ্রামের ভটভটিচালক মোকলেছার রহমান বলেন, ‘হামরাও তো ভাই গরিব মানুষ, ভটভটি চালিয়ে খাই। রিকশায় বেশি ভাড়া নাগে। সে জন্যি যাত্রীরা রিকশায় যায় না। রিকশায় কেউ চড়লে তাত হামরা তো বাধা দিই না।’তারাগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল আলম বলেন, ‘এসব অবৈধ নছিমন-করিমন ও ভটভটি আমরা বন্ধের চেষ্টা করছি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে থানার জনবল কম থাকায় সব জায়গায় ঠিকমতো নজরদারি করা সম্ভব হয় না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক জানান, ভটভটি কোনো যানবাহনের মধ্যে পড়ে না। তাই এগুলো বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।