মুন্সিগঞ্জের সিরাজদিখানের ভণ্ড পীর আমজাদ হোসেন গতকাল বৃহস্পতিবার একটি মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তিন সহযোগীসহ তাঁকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দিয়েছে। পুলিশ জানায়, রিমান্ডে আমজাদ হোসেন জানিয়েছেন, অমানবিক ওই চিকিৎসা বাবদ সপ্তাহে ২০ হাজার টাকার মতো আয় হতো। তবে তিনি পেতেন মাত্র আড়াই হাজার টাকা। বাকি টাকা নুরু মেম্বারের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা নিয়ে যেতেন।পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গতকাল আমজাদ, নুরু মেম্বার, ইলিয়াস মাতবর ও আবুল কালামকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুর রহমানের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী শফিউদ্দিন আহমেদ তাঁদের জামিন চান। বিচারক নুরু মেম্বার, ইলিয়াস মাতবর ও আবুল কালামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আর ভণ্ড পীর আমজাদ হোসেনকে পুষ্পরানী ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী জরিনা বেগমের ছেলে এনামুল হকের মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য তাঁকে বিচারক হাকিম আবুল হাসনাতের কাছে পাঠানো হয়। আমজাদ দুপুর দুইটার দিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত সূত্র জানায়, ১৮ এপ্রিল আমজাদ হোসেনের জামিনের শুনানি হবে।রিমান্ডে জিজ্ঞাসাবাদ: গত মঙ্গলবার আমজাদসহ চারজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে আসামিরা অমানবিক পন্থায় চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেন।তিনটি মামলারই তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান। তিনি প্রথম আলোকে বলেন, আমজাদ হোসেন জিজ্ঞাসাবাদে জানান, তিনি দেড় মাস আগে স্বপ্নে দেখেন, তাঁর মৃত বাবা নাজির হোসেন তাঁকে বলছেন, ‘সূরা ফাতিহা ও সূরা এখলাস পড়ে ফুঁ দিস, তাহলে যেকোনো রোগ ভালো হয়ে যাবে।’ এটা লোকজনকে জানানোর পর প্রথমে তাঁর কাছে রোগী নুরু মেম্বারের মা আসেন। তাঁর চিকিৎসা করেন। এর পর থেকেই নুরু মেম্বার চারদিকে বিষয়টি ছড়িয়ে দেন। এরপর রোগী বাড়তে থাকে। এরপর নুরু মেম্বারের প্ররোচনায় একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি টাকা তুলত। প্রতিদিন দু-তিন হাজার টাকা পাওয়া যেত। সপ্তাহে ২০ হাজার টাকার মতো উঠত। তাঁকে সপ্তাহে আড়াই হাজার টাকা দেওয়া হতো। বাকি টাকা কমিটি নিয়ে নিত। তবে জিজ্ঞাসাবাদে নুরু মেম্বার, ইলিয়াস মাতবর ও আবুল কালাম কমিটিতে থাকার বিষয়ে বলেন, তাঁরা শুনেছেন একটি কমিটি করা হয়েছে। ওই কমিটিতে তাঁদের রাখা হয়েছে কি না, তাঁরা তা জানেন না। আমজাদ জানান, তিনি মাত্র দুটি সূরা জানেন। লেখাপড়া জানেন না। কমিটির সবার বাড়ি আমজাদের আস্তানার আশপাশে। তাই আশপাশের লোকজন তাঁরই লোক। তারা তাঁর পক্ষে বলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় আমজাদের আস্তানার মালামাল জব্দ করা হয়েছে। খাবারসহ বিভিন্ন ফল গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে।সিরাজদিখান থানার ওসি মতিয়ার রহমান প্রথম আলোকে জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে তিন দিন ধরে অভিযান চালানো হচ্ছে। কিন্তু আসামিরা কেউ বাড়িতে থাকছেন না।তদন্ত প্রতিবেদন: ভণ্ড পীরের অমানবিক চিকিৎসার বিষয়ে গঠিত তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে কিছু বলা যাবে না।জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন জানান, তদন্ত প্রতিবেদন ওপরে পাঠানোর আগ পর্যন্ত কিছু বলা ঠিক হবে না।