প্রধান বিচারপতির বিচারকক্ষের সামনে বিক্ষোভ
‘ভবিষ্যতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে’
বেঞ্চ পুনর্গঠনসহ বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে প্রধান বিচারপতির আদালত বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরকারবিরোধী আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির বিচারকক্ষের সামনে এক ঘণ্টা অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। তবে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাখ্যান করে আপিল বিভাগের বিচার কার্যক্রমে অংশ নেন সরকার-সমর্থক আইনজীবীরা।এদিকে আদালতের বিচারিক কার্যক্রম, বিশেষ করে সর্বোচ্চ আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করে—এমন কোনো কর্মসূচি নেওয়া হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অন্যদিকে আইনজীবীদের বিক্ষোভ প্রদর্শনকালে আপিল বিভাগ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সর্বোচ্চ আদালতে এ ধরনের বিশৃঙ্খলা নজিরবিহীন। আইনানুযায়ী আদালত ব্যবস্থা নিতে পারেন। তবে আদালত তা করছেন না। কিন্তু ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে।কর্মসূচি শেষে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাধারণ আইনজীবীরা ধৈর্যসহকারে কর্মসূচি পালন করেছেন। আমরা তাঁদের কোনো উসকানিতে প্ররোচিত হওয়া থেকে নিবৃত্ত করেছি। তবে সাধারণ আইনজীবীদের কোনো উসকানি দেওয়া হলে এর ফল হবে অত্যন্ত ভয়াবহ।’২৬ জানুয়ারি এক সভায় সমিতির সরকারবিরোধী আইজীবীরা বেঞ্চ গঠন, হাইকোর্টের মামলার কার্যতালিকায় হস্তক্ষেপ ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে প্রধান বিচারপতির আদালত বর্জন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচি চলে।গতকাল সমিতির সভাপতির কার্যালয়ের সামনে সকাল সাড়ে আটটা থেকে সরকারবিরোধী আইনজীবীরা জড়ো হতে থাকেন। পৌনে নয়টার দিকে খন্দকার মাহবুব হোসেন ও এম বদরুদ্দোজার নেতৃত্বে অর্ধশতাধিক আইনজীবী বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান বিচারপতির ১ নম্বর কোর্টের দিকে আসতে থাকেন। মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, গাজী কামরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ অংশ নেন। এ সময় আইনজীবীরা ‘বর্জন, বর্জন’, ‘আইনজীবী-জনতা গড়ে তোল একতা’ ইত্যাদি স্লোগান দেন।বিক্ষোভ চলাকালে সরকার-সমর্থক আইনজীবীরা ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা আদালতকক্ষে যান। তবে সরকারবিরোধী আইনজীবীরা তাঁদের প্রবেশে বাধা দেননি। আদালতকক্ষে প্রবেশের দুই দিকসহ বিভিন্ন প্রবেশপথে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালতের কার্যক্রম: সকাল নয়টা ২০ মিনিটে এজলাসে বসেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও অপর তিন বিচারপতি। শুরু হয় আদালতের কার্যক্রম। দৈনন্দিন কার্যতালিকা অনুসারে বিচার কার্যক্রম শুরুর আগে আইনজীবীদের কর্মসূচি নিয়ে মন্তব্য করেন আদালত। আদালত বলেন, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। আদালতের মর্যাদা রক্ষা করতে হবে। সর্বোচ্চ আদালতে বিশৃঙ্খলা নজিরবিহীন। এটা আশা করা যায় না।এ সময় আদালতকক্ষে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম, এম আমীর-উল ইসলাম ও আবদুল বাসেত মজুমদার মতামত দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেনসহ অর্ধশত আইন কর্মকর্তা তখন উপস্থিত ছিলেন।কর্মসূচি শেষে: খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বিচার কার্যক্রমে হস্তক্ষেপ করছেন। পুলিশ বেষ্টনীর মধ্যে আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন। সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি ও আইন অঙ্গনকে পবিত্র রাখার জন্য সমিতির এই আন্দোলন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বর্তমান প্রধান বিচারপতি বঙ্গবন্ধু হত্যা মামলা, পঞ্চম সংশোধনী ও সেনানিবাসের বাড়ির মামলায় রায় দিয়েছেন বলে একটি মহল তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র করছে। হাইকোর্ট কোন মামলা শুনবেন, সেটা নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার প্রধান বিচারপতির রয়েছে। কারও কোনো অসুবিধা থাকলে তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করতে পারেন। তাঁরা সেটা না করে বিশৃঙ্খলার কর্মসূচি বেছে নিয়েছেন।সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি: বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত প্রাঙ্গণে বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করে—এমন কাজ বা কর্মসূচি শাস্তিযোগ্য অপরাধ। আদালতের বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার স্বার্থে এমন কর্মসূচি থেকে বিরত থেকে আদালতের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। আদালতের বিচারিক কার্যক্রম, বিশেষ করে সর্বোচ্চ আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সূত্র জানায়, গতকাল দুপুরে বিজ্ঞপ্তি জারি করা হয়। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আইনসচিব, বাংলাদেশ বার কাউন্সিল, সারা দেশের অধস্তন আদালত ও আইনজীবী সমিতিতে পাঠানো হয়েছে।সরকার-সমর্থক আইনজীবীদের সভা: প্রধান বিচারপতির উদ্দেশে দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং তাঁর এজলাসের সামনে অবস্থান কর্মসূচির জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সরকার-সমর্থক আইনজীবীরা। নইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের ভোজসভা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সভা থেকে সমিতির আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা এই ঘোষণা দেন। সমিতির কোষাধ্যক্ষ নুরুজ্জামান খানের সভাপতিত্বে সাবেক সভাপতি এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, এ এম আমিন উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।