গত মাসে নাগপুরে গ্র্যান্ডমাস্টার্স দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গত শনিবার ভাইজাগ জিএম দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হলেন এনামুল হোসেন রাজীব। বিশাখাপত্তনম থেকে কাল টেলিফোনে কথা বললেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার দেশের বাইরে প্রথম কোনো গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন। কেমন লাগছে? এনামুল হোসেন রাজীব: খুবই ভালো লাগছে। এর আগে অবশ্য জার্মানির ডর্টমুন্ড চ্যাম্পিয়নশিপে টাই করে শেষ পর্যন্ত রানারআপ হয়েছিলাম। ১১ ম্যাচে ৬ জয়, ৫টিতে ড্র। আপনার রেটিং তো কিছু বাড়বে।রাজীব: হ্যাঁ। রেটিং পয়েন্ট ২০-এর মতো বাড়তে পারে। নাগপুরে ঠিক আগের গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ১৬তম হয়েছিলেন। এখানে কি ভাবতে পেরেছিলেন চ্যাম্পিয়ন হবেন?রাজীব: নাগপুরে সব মিলিয়ে ভালো হয়নি। অনেক দিন খেলার মধ্যে ছিলাম না বলেই এমনটা হয়েছিল। নিজেকে মানিয়ে নিতে একটু সময় লেগেছিল। তার পরও নাগপুরে শেষের কয়েক রাউন্ড ভালোই করেছি। সত্যি বলতে কি, ভাইজাগে এমন ফল হবে আমি ভাবতে পারিনি। আমি নিজেই অবাক যে, এই পর্যায়ে আমরাও ভালো খেলতে পারি। বাংলাদেশের খেলোয়াড় চ্যাম্পিয়ন হওয়ায় আয়োজকদের প্রতিক্রিয়া কেমন দেখলেন?রাজীব: ওঁদের তো বেশ খুশিই মনে হলো। টানা দুই টুর্নামেন্টে দুই বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার চ্যাম্পিয়ন। রাশিয়ান ব্লকের কেউ পারেনি, প্রতিবেশী দেশ থেকে চ্যাম্পিয়ন বলে ওঁরা বেশ আনন্দই করেছে। ৮ নভেম্বর শুরু জাতীয় দাবার এটা নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে?রাজীব: জাতীয় দাবায় খেলব কি না, নিশ্চিত নই। খেলতে আগ্রহী না কেন?রাজীব: টানা টুর্নামেন্ট খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ভাইজাগে তো শেষ দিকে ভালো ফাইটই করতে পারিনি। সেভাবে ছন্দ পাচ্ছিলাম না। এখানেও যদি এমন হয়, তাই ভাবছি খেলব কি না। কিন্তু দেশের বাইরে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। দেশে না খেললে সমালোচনার মুখে পড়বেন না?রাজীব: হ্যাঁ। সমালোচনা হতে পারে। কিন্তু একটা জিএম টুর্নামেন্ট আর ন্যাশনাল লেভেল তো এক না। আমার খেলতে কোনো আপত্তি নেই। তবে টানা তিনটি টুর্নামেন্ট খেলতে গেলে আমার সমস্যাই হবে। আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশি দাবাড়ুরা বেশ ভালোই করছেন। দলের মধ্যে এটির কেমন প্রভাব?রাজীব: এটা বিশাল ব্যাপার। এতদিন পর আমরা খেলছি, অলিম্পিয়াডে দেশের ইতিহাসে সেরা সাফল্য পেলাম। নাগপুরে জিয়া ভাই চ্যাম্পিয়ন হলেন। এবার আমি। এগুলো দলের সবাইকে অনুপ্রাণিত করে। এমন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট তো বাংলাদেশে এখন হয় না।রাজীব: আমাদের অবশ্যই এমন জিএম টুর্নামেন্ট হওয়া উচিত। আগে ইউনাইটেড ইন্স্যুরেন্স দাবাটা হতো। এমন ভালোমানের জিএম টুর্নামেন্ট হলে আমাদের দাবাড়ুদের রেটিং আরও বাড়বে। ভারতের দাবাড়ুদের মান কেমন ছিল এই টুর্নামেন্টে?রাজীব: খুব বেশি ভালো মানের দাবাড়ু খেলেনি। বরং ওদের চেয়ে আমাদের ফিদে মাস্টাররাও ভালোই খেলে। শেষ দুই রাউন্ডে তো আপনি ওদের ফিদে আর আন্তর্জাতিক মাস্টারের সঙ্গে ড্র করেছিলেন?রাজীব: শেষ দিকে আমার জেতার সুযোগই ছিল। কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইনি। বলতে পারেন এটা আমার কৌশল ছিল। শেষ দিকে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। জানতাম ভালো অবস্থানে আছি, তাই কোনো ঝুঁকি নিতে চাইনি। শিরোপাজয় কেমন উদযাপন করলেন?রাজীব: বিশাখাপত্তনম বেড়ানোর জন্য খুবই চমৎকার। অনেক পর্যটক আসে। তবে খেলার সময় আমাদের বেড়ানোর সুযোগ থাকে না। আমার হোটেলের পেছনেই সমুদ্রসৈকত। ওখানে একটু বেড়াতে গিয়েছিলাম। আর চ্যাম্পিয়ন হওয়ার পর দলের সবাই একসঙ্গে ডিনার করেছি।