অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রানে ফিরলেন বড় ভাই, পরশু প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেলেন ছোট ভাই। কাল আউট হয়েছেন ১৪৯ রানে। শাহরিয়ার নাফীসের ছোট ভাই ইফতেখার নাঈম কথা বললেন ভাইয়ের সঙ্গে সম্পর্ক, তাঁর অনুপ্রেরণা আর ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেলেন, কেমন লাগছে?ইফতেখার নাঈম: সেঞ্চুরি পেলে ভালো লাগারই কথা। আমার কাছে অনুভূতিটা আরও স্পেশাল। কারণ, প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে আমার ফিফটিও ছিল না। পাঁচ বছর ধরে খেলছি, হয়তো খুব বেশি খেলিনি (চলতি ম্যাচ প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর নবম)। কিন্তু দলের সঙ্গে তো ছিলাম। ফিফটি হওয়ার পর অধিনায়ক শাহীন ভাই বললেন, প্রথম ফিফটিটা যেন প্রথম সেঞ্চুরি হয়ে যায়। সেটা হয়ে গেল। ১৩৫ রান নিয়ে দিন শুরু করে ডাবল সেঞ্চুরিটা পেলে আরও ভালো লাগত না?ইফতেখার: অবশ্যই। একজন ব্যাটসম্যান কখনোই তৃপ্ত হয় না। ডাবল পেলে তো ভালো হতোই, দেড় শ পেলেও দারুণ হতো। এক রানের জন্য প্রথম সেঞ্চুরিটায় দেড় শ হয়নি, এই দুঃখ জীবনেও যাবে না। বড় ভাইকে রানে ফিরতে দেখেই কি সেঞ্চুরির অনুপ্রেরণা পেলেন?ইফতেখার: বলতে পারেন। আসলে রানে থাকুক আর না থাকুক, ভাইয়া সব সময়ই আমার অনুপ্রেরণা। পরিবারে এমন একজন থাকলে অনুপ্রেরণার জন্য আর কী চাই! ভাইয়া গত কিছুদিন ঠিক নিজের মতো খেলতে পারছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ফিফটি পেতে দেখে খুব ভালো লেগেছে। তবে মা-বাবার কথাও বলতে হবে। তাঁদের দেওয়া উৎসাহটা অবিশ্বাস্য। মা আমাদের মাঠে নিয়ে যেতেন, পুরো সময় বসে থাকতেন। সকালে খেলা থাকলে বাবা নিয়ে যেতেন। প্রথম সেঞ্চুরিটা মা-বাবাকে উৎসর্গ করতে চাই। ক্রিকেট খেলার শুরু কি ভাইকে দেখেই?ইফতেখার: ভাইকে দেখে নয়, বলতে পারেন ভাইয়ের সঙ্গেই। ১৯৯৩ সালের দিকে হবে। খালাতো ভাই ফারুক আহমেদ তখন জাতীয় দলে খেলেন। প্র্যাকটিসের জন্য বাসার ছাদে নেট লাগিয়েছিলেন ফারুক ভাই। ওখানেই আমার আর ভাইয়ার শুরু। এরপর ভাইয়া ধানমন্ডি মাঠে ওয়াহিদ স্যারের কাছে কোচিং নেওয়া শুরু করে। আমিও ভাইয়ার সঙ্গে মাঠে যেতাম। একদিন স্যার বললেন, তুমিও শুরু করো। সেই শুরু। জাতীয় দলে ভাইয়ের সঙ্গে খেলার স্বপ্ন দেখেন না?ইফতেখার: দেখি না বললে মিথ্যা বলা হবে। তবে সত্যি বলতে আমার প্রথম ইচ্ছে ভাইয়ের সঙ্গে বরিশাল দলে খেলা। বরিশালের হয়ে ভাইয়ের সঙ্গে কখনো খেলা হয়নি। জাতীয় দল নিয়ে তাহলে এখনই ভাবছেন না?ইফতেখার: ঠিক সে রকম নয়। আমি ব্যাপারটাকে ধাপে ধাপে নিতে চাই। তাড়াহুড়ার কিছু নেই। আমি যদি বলি দুই বছরের মধ্যে জাতীয় দলে খেলব, এই মুহূর্তে হয়তো খানিকটা অবাস্তব শোনাবে। জাতীয় লিগে অনেক রান করতে চাই, প্রিমিয়ার লিগে নিয়মিত খেলতে চাই। তারপর একাডেমি দল, ‘এ’ দল, এরপর হয়তো জাতীয় দল। বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন?ইফতেখার: খুবই ভালো। ও যতটা না আমার বড় ভাই, তার চেয়ে অনেক বেশি বন্ধু। শুধু ক্রিকেট নয়, সব ব্যাপারেই আমাকে অনেক সাহায্য করে। দেশে-বিদেশে প্রিয় ক্রিকেটার কে কে?ইফতেখার: ভাইয়া অবশ্যই। তামিম-সাকিবও প্রিয়। ওদের সঙ্গে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছি। দেশের বাইরে সবচেয়ে প্রিয় তিলকরত্নে দিলশান। ও আগে মিডল-অর্ডারে খেলত, এখন ওপেনিংয়ে দারুণ করছে। মানিয়ে নেওয়ার কাজটা খুব কঠিন। আমিও আগে মিডল-অর্ডারে খেলতাম, এখন টপ-অর্ডারে খেলছি। আপনার ছোট ভাইও তো ক্রিকেট খেলছে?ইফতেখার: হ্যাঁ, ইকতেদার নাদীফ। অনূর্ধ্ব-১৯ দলের সর্বশেষ সফরেও ও ছিল।