‘ভাগ্যের পরিবর্তন নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এশিয়ান অ্যামেচার চ্যাম্পিয়নশিপে ছিলেন দেশের সেরা। স্কটল্যান্ড থেকে প্রশিক্ষণ নিয়ে আসার পর এবার আশা করছেন এই টুর্নামেন্ট জয়ের। জাপানে রওনা হওয়ার আগে জাতীয় দলের গলফার শাখাওয়াত হোসেন (সোহেল) বললেন নিজেকে নিয়ে জাপানের এই টুর্নামেন্টটার জন্য প্রস্তুতি কেমন?শাখাওয়াত হোসেন: খুবই ভালো। দেশে প্রস্তুতির পাশাপাশি গত জুলাই মাসে আমি স্কটল্যান্ডে গিয়েছিলাম ৭ দিনের ট্রেনিংয়ে। ওখানে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা খুব কাজে লাগবে।  স্কটল্যান্ডের অভিজ্ঞতাটা কেমন ছিল?শাখাওয়াত: আমি যে কোর্সে অনুশীলন করেছি, ওটা বিশ্বের অন্যতম পুরোনো গলফ কোর্স। ছবির মতো সুন্দর। বিশ্বসেরা সব গলফারকে দেখার সুযোগ পেয়েছি। ইউরোপিয়ান কন্ডিশনে অত সুন্দর কোর্সে খেলার অভিজ্ঞতা খুব কাজে লাগবে। এটা বিরাট এক মজার ব্যাপার। আমি যখন স্কটল্যান্ডে গেলাম, তখনই ওখানে ব্রিটিশ ওপেন চলছিল। ব্রিটিশ ওপেনের এবার দেড় শততম বার্ষিকী ছিল সেন্ট অ্যান্ড্রুজ গলফ কোর্সে। পৃথিবীর সবচেয়ে পুরোনো মেজর বলে এখানে সব সেরা গলফারই অংশ নেন।  তার মানে টাইগার উডসদের দেখলেন কাছ থেকে?শাখাওয়াত: শুধু উডস নয়, আর্নে এলস, ররি ম্যাকলরি, মিগুয়েল অ্যাঞ্জেলদের কাছ থেকে দেখে ফেললাম।  কথা হয়নি কারও সঙ্গে?শাখাওয়াত: উডসের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে স্প্যানিশ গ্রেট মিগুয়েল অ্যাঞ্জেলের সঙ্গে কথা হয়েছে।  কী কথা হলো?শাখাওয়াত: উনি সিদ্দিক ভাইয়ের কারণে বাংলাদেশের নামটা জানতেন। কিন্তু বাংলাদেশের গলফ শুনলে সবাই একটু অবাক হয়। এই দেশে যে গলফ খেলা হয়, সেটাই লোকজন ঠিকমতো জানে না।  জাপানে যে টুর্নামেন্টটা খেলতে যাচ্ছেন, এটা তো আগেই খেলেছেন?শাখাওয়াত: হ্যাঁ। গত বছর এটা হয়েছিল চীনে। ওখানেও আমরা তিনজন গিয়েছিলাম। সেবার তো আপনার পারফরম্যান্সই সবচেয়ে ভালো ছিল?শাখাওয়াত: বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভালো। আমি শেষ পর্যন্ত ৩১তম হয়েছিলাম। তৃতীয় রাউন্ড পর্যন্ত সেরা দশে ছিলাম।  এবার কী আশা?শাখাওয়াত: আমার যেমন প্রস্তুতি, তাতে চ্যাম্পিয়নই হতে চাই। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তো জানি। আমার আত্মবিশ্বাস আছে।  এসএ গেমসে সোনা জেতা ছাড়া অ্যামেচারে আপনার আর অর্জন...শাখাওয়াত: কলকাতায় অল ইন্ডিয়া ওপেন জিতলাম। ওটা তো খুব পুরোনো টুর্নামেন্ট।  এই যে এসএ গেমস বা অ্যামেচার টুর্নামেন্ট জয়, এগুলো আপনার জীবন কি বদলে দিয়েছে?শাখাওয়াত: সত্যি বললে একটুও না। সব ওপরে-ওপরে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই।  কেন! আপনাদের নিয়ে তো এখন অনেক হইচই...শাখাওয়াত: দেখুন, একেবারে কিছু হয়নি, তা নয়। সরকারি পুরস্কার-টুরস্কার পাওয়া গেছে। কিছু নগদ অর্থও। কিন্তু যাকে বলে জীবনযাত্রা বদলে যাওয়া, তা হয়নি। অপেশাদার পর্যায়ে আমরা যারা খেলছি, সবাই আগের মতোই টানাটানির মধ্যে আছি।  কিন্তু আপনাদের তো এখন অনেক পৃষ্ঠপোষক আছে...শাখাওয়াত: আমার নেই। আমি মাসে ১০ হাজার টাকা বেতন পাই। সংসার খরচ ২০-২৫ হাজার টাকা। প্রতি মাসেই টানাটানি হয়।  বেতনের বাইরে কোনো আয় নেই?শাখাওয়াত: ছাত্রদের অনুশীলন করাতে পারলে হয়। কিন্তু জাতীয় দলে খেলে সেটাও বেশি করা যায় না। আয় সমস্যা না। অন্যান্য খেলার মতো সম্মান নেই। একটু খুলে বলেন...শাখাওয়াত: সব কিছু খুলে বলা সম্ভব না। তবে একটা জিনিস বলি। এই যে কাল (আজ) জাপান যাচ্ছি। আমি একজন জাতীয় দলের খেলোয়াড়। বিমানবন্দরে কীভাবে যাব জানেন? যাঁর যাঁর মতো সিএনজি বা কিছু একটা ব্যবস্থা করে।  তাহলে গলফ খেলে যাচ্ছেন কেন?শাখাওয়াত: খেলাটার প্রতি ভালোবাসা আছে। আরেকটা আগ্রহ, পেশাদার গলফে যাওয়া। তখন হয়তো ভালো আয়-টায় হবে।