‘ভাঙা ঘরে ক্লাস করতে আমাদের ভয় করে’
দশম শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তার পপি বলে, ‘বৃষ্টি হলে ক্লাস করা যায় না। শ্রেণীকক্ষে বৃষ্টির পানি পড়ে। যেদিন একটানা বৃষ্টি হয়, সেদিন শ্রেণীকক্ষের মেঝেতে পানি জমে থাকে। তা ছাড়া ভাঙা ছাদ ও টিন কখন যে ভেঙে পড়ে, তাই আমাদের ভয়ের মধ্যেই থাকতে হয়।’অষ্টম শ্রেণীর ছাত্রী প্রিয়াংকা সোম বলে, ‘ভাঙা ঘরে ক্লাস করতে আমাদের ভয় করে। যেকোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে।’রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এভাবেই জানায় তাদের বিদ্যালয়টির বিভিন্ন সমস্যার কথা। তবে এর বাইরেও সমস্যা আছে। শিক্ষক-সংকট, সীমানাপ্রাচীর, খেলাধুলার জায়গার অভাব—সব মিলিয়ে গ্রামীণ জনপদের এ বিদ্যালয়টি ছাত্রছাত্রীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ দিতে হিমশিম খাচ্ছে।এলাকাবাসী জানিয়েছেন, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা উচ্চবিদ্যালয়টি এখানকার ছাত্রছাত্রীদের শিক্ষাগ্রহণের একমাত্র ভরসার স্থল। বিদ্যালয়টির অবস্থান কামারচাক ইউনিয়নের তারাপাশা এলাকায় হলেও ইউনিয়নের বৃহত্তর অংশের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়ালেখা করে। কামারচাক ইউনিয়ন ছাড়াও টেংরাবাজার ইউনিয়ন ও কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়ালেখা করছে। কিন্তু বেশ পুরোনো এই বিদ্যালয়টি এখন নানা রকম সমস্যার মধ্যে আছে। বড় সমস্যা হচ্ছে, বিদ্যালয়ের ভবন সমস্যা। এর পরই আছে শিক্ষক-সংকট। তারপাশা উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিদ্যালয়টির টিন শেডের দুটি দালানই জরাজীর্ণ। দালানের টিন ছিদ্র হয়ে গেছে। ছাদের অবস্থাও নাজুক। মেঝে ভেঙে গেছে। দেয়ালে শ্যাওলা জমা। ক্লাস চলাকালীন ঝড় দেখা দিলে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সবাই উদ্বেগের মধ্যে থাকেন। অন্য দুটি দালানের দোতলা ভবনটি ভালো আছে। একতলা দালানটি এমনিতে ভালো আছে। কিন্তু ভিত্তি দুর্বল থাকায় এই দালানের ঊর্ধ্বমুখী উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। এই দালানের উন্নয়ন করতে গেলে সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করতে হবে। অন্যদিকে, অনেকদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকের সংকট চলছে। আটজন শিক্ষক আছেন, যাঁরা অস্থায়ী ভিত্তিতে পাঠদান করছেন। ১৮ জন শিক্ষকের স্থলে শিক্ষক আছেন ১০ জন। এ ছাড়া বিদ্যালয়ের খেলার মাঠটি এখন কোনো কাজে লাগছে না। মাঠের অর্ধেক মনু নদীর ভাঙনে তলিয়ে গেছে। বাকি অর্ধেক বেদখল হয়ে গেছে। এ নিয়ে মামলা চলছে। বিদ্যালয়ের ইংরেজির জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. রইছ আলী বলেন, বিদ্যালয়টিতে এখন দালান নির্মাণ ও শিক্ষক নিয়োগ জরুরি হয়ে পড়েছে। দুটি দালান যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি অনেক দিন ধরে খালি আছে। শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৩১ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে এখন ছাত্রছাত্রীর সংখ্যা ৮০০। এর মধ্যে ছাত্র ৩০০ ও ছাত্রী ৫০০। তারাপাশা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফয়জুল হক প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণের লম্বা ঘরে (টিন শেডের দালান) আমরাও পড়েছি। একেবারে ভেঙে পড়ছে। পশ্চিমের ঘরেরও একই অবস্থা। অন্য দালানের ভিটাও খারাপ। একতলা দালানকে দোতলা করার সুযোগ নেই। আমি এখন প্রথমত চেষ্টা করছি, শিক্ষার মান বাড়াতে। এরপর বাকি সমস্যাগুলোর সমাধান করা হবে।’