‘ভাঙা সড়ক দুই মাসেও জোড়া লাগেনি’
সুনামগঞ্জ-ডলুরা সড়কের মঙ্গলকাটাবাজারের পাশে গত দুই মাস আগে পাহাড়ি ঢলে প্রায় ১০০ ফুট সড়ক ভেঙে যায়। এ সড়ক দিয়ে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ যাতায়াত করেন জেলা সদরে। একইভাবে জেলা শহরের মানুষ সীমান্তের ডলুরা এলাকায় যাতায়াত করেন। কিন্তু গত দুই মাসেও সড়কটি আর সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই এ সড়কে যাতায়াতকারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।এলাকাবাসী জানান, উজানে বৃষ্টি হলেই এলাকার ধলাই নদী দিয়ে পাহাড়ি ঢল নামে। কখনো নদীর দুই তীর উপচে ঢলের পানি মানুষের বাড়িঘর দোকানপাটে ঢুকে পড়ে। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে একইভাবে রাতের অন্ধকারে প্রচুর পরিমাণে পাহাড়ি ঢল নামে। এতে নদীর তীর উপচে মঙ্গলকাটা বাজারের দোকানপাটে ঢলের পানি ঢোকে। ঢলের তোড়ে কয়েকটি দোকান ভেসে যায়। ক্ষতি হয় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠানের। একই সঙ্গে বাজারের পাশে মঙ্গলকাটা-ডলুরা সড়কের প্রায় ১০০ ফুট পাকা সড়ক ভেসে যায়। এরপর থেকে ওই সড়কে আর মানুষ চলাচল করতে পারে না। রিকশা-টেম্পো চলাচলও বন্ধ রয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও এলজিইডির লোকজন দেখে এলেও গত দুই মাসে সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেয়নি এলজিইডি।মঙ্গলকাটা বাজারের ব্যবসায়ী আবদুর রব, জহির উদ্দিন ও বুরহান উদ্দিন জানান, এই সড়ক দিয়েই এলাকার প্রায় ১৫টি গ্রামের মানুষ জেলা সদরে যাতায়াত করেন। আবার মঙ্গলকাটা বাজারে আসা-যাওয়া করতে হয় এই সড়ক দিয়েই। কিন্তু সড়ক ভাঙা থাকায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকার শিক্ষক আবদুস সোবহান বলেন, ‘শুধু এলাকাবাসী নয়, সুনামগঞ্জ থেকে এই সড়ক দিয়ে ডলুরা শহীদ মিনার এলাকায় লোকজন আসা-যাওয়া করেন। গত দুই মাস ধরে এই রাস্তাটি বিচ্ছিন্ন হওয়ায় সবারই সমস্যা হচ্ছে।’ স্থানীয় ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহেদ আলী বলেন, ‘ঢলে শুধু সড়কই নয়, আমাদের মাদ্রাসার ক্ষতি হয়েছে। এখন সড়ক ভাঙা থাকায় শিক্ষার্থীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করা প্রয়োজন।’ বাজারের আরেক ব্যবসায়ী জুবায়ের আহমদ বলেন, ‘আমরা কয়েকবার যোগাযোগ করেছি। কিন্তু ভাঙা সড়কটি দুই মাসেও জোড়া লাগেনি।’সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বিপুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, ‘আমরা রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু মাটি না পাওয়ায় কাজ করা যায়নি। বৃষ্টি কমলে প্রথমে মাটি ভরাট করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে। পরবর্তী সময়ে পাকা করার কাজ হবে।’