‘ভাত খাইয়া গাড়িয়ে আইলে রাস্তাতই অজম অই যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাস্তার অবস্থা অখন (এখন) এমন খারাপ অইছে (হয়েছে)। ভাত খাইয়া গাড়িয়ে আইলে ঝাকরানিতে পেটর ভাত রাস্তাতই অজম অই যায় (ভাত খেয়ে গাড়িতে এলে ঝাকুনিতে পেটের ভাত রাস্তাতেই হজম হয়ে যায়)। দুই-আড়াই বছর ধরি রাস্তার এই অবস্থা। চালকরা রাস্তা খারাপের অজুহাতে ভাড়াও বাড়াই দিছে। ১২ টাকার জাগাত (জায়গায়) তারা ১৫ টাকা নেয়। রাস্তার যে অবস্থা। কিচ্ছু কওয়ার (বলার) নাই।’মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর-পুদিনাপুর সড়কের বর্তমান অবস্থার বর্ণনা দিতে গিয়ে এভাবেই বলেন এই সড়কের প্রতিদিনের যাত্রী কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামের অপূর্ব সোহাগ।এলাকাবাসী জানিয়েছেন, মৌলভীবাজার সদর উপজেলার পুদিনাপুর-কনকপুর একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কনকপুর ও কাগাবলা ইউনিয়নের অনেক মানুষ যাতায়াত করে। কিন্তু তিন বছর ধরে কনকপুর থেকে পুদিনাপুর পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। রাস্তাটি ভেঙেচুরে গেছে। পুরো রাস্তাজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোটবড় গর্ত। এতে করে যানবাহন ও পথচারী চলাচল কঠিন হয়ে পড়েছে। অসুস্থ মানুষ, শিশু ও বয়স্ক লোকজনের এই রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গর্তে পড়ে যানবাহনের যন্ত্রপাতি ভেঙেচুরে যাচ্ছে।এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে কনকপুর ও কাগাবলা ইউনিয়নের ভাদগাঁও, বুদ্ধিমন্তপুর, আব্দা, নলদাড়িয়া, দামিয়া, পুদিনাপুর, হিলারকান্দি, বাদাউরা, বাগমারা, রাজাপুর, বসন্দরপুর, সারিয়া, পালকাপনসহ এলাকার প্রায় ২৫টি গ্রামের প্রতিদিন কয়েক হাজার মানুষ জেলা সদরে যাতায়াত করে। এদের মধ্যে স্কুল ও কলেজের ছাত্রছাত্রী, সরকারি ও বেসরকারি সংস্থার চাকরিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছে। তা ছাড়া এ রাস্তা দিয়ে শুধু যে এই গ্রামগুলোর মানুষই চলাচল করে, তা নয়। রাস্তাটি ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার-শেরপুর অংশের থানারবাজার এলাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর অংশের সঙ্গে যুক্ত হয়েছে। এতে করে এই রাস্তার ওপর যানবাহনের চাপ বেড়ে গেছে। এক মহাসড়ক থেকে আরেক মহাসড়কে যেতে পথ সংক্ষিপ্ত হওয়ায় অনেক গাড়িচালকই এ পথটি ব্যবহার করে থাকেন।এলাকাবাসী ও গাড়িচালকেরা জানিয়েছেন, এ সড়ক দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করায় ছোট গর্তটিও এখন বড় হয়ে গেছে। বৃষ্টি হলে ভয়াবহ হয়ে ওঠে। গর্তে পানি জমে থাকায় গর্তের গভীরতা অনুমান করা চালকদের পক্ষে সম্ভব হয় না। তখন গর্তের মধ্যে চাকা পড়ে তীব্র ঝাকুনি খেতে হয় যাত্রীদের। এ জন্য প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।সিএনজিচালিত অটোরিকশার চালক সাইদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘রাস্তার অবস্থা খুব খারাপ। সাপ্তাত কম করিও দুদিন গাড়ির কাম করানো লাগে। রাস্তার মাঝে এমন বড় বড় গর্ত অইছে। এমন কোনো জায়গা নাই যে চাকা গর্তের মধ্যে না ফালাইয়া যাওয়া যাইব। দিড়িম দিড়িম করি গাড়ি গর্তের মধ্যে পড়ে। দেখউকা আমরার লাগি কোনো উপকার করতা পারইননি। দুই আড়াই বছর ধরি এই অবস্থা আমরার।’সাইদ মিয়া জানান, এ রাস্তা দিয়ে বিশ্বরোডে (ঢাকা-সিলেট মহাসড়ক) মানুষ আসা-যাওয়া করে বলে রাস্তার ওপর গাড়ির প্রচুর চাপ। রাস্তাটিও ছোট। এতে করে রাস্তাটি একেবারে ভেঙেচুরে গেছে। অপর গাড়িচালক ময়নু মিয়া বলেন, ‘রাস্তার মাঝে প্রচুর ভাঙা। কিতা কইতাম (কী বলব)। রাস্তা দিয়া একবারে চলার মতো নায়।’রাস্তা সম্পর্কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী গোপালচন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘কনকপুর-পুদিনাপুর সড়কের কাজ হবে আমাদের যেটুকু বাজেট আছে, তাই দিয়ে। যে রাস্তাগুলো যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো মেরামত করার চেষ্টা করছি।’