‘ভাবতেও মজা লাগছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের জন্য টুর্নামেন্ট ছিল মিশ্র, তাঁর জন্য দুর্দান্ত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ হয়েছে সপ্তম, কিন্তু দলের অধিনায়ক ব্যাট হাতে টুর্নামেন্ট-সেরা। দুটি সেঞ্চুরিসহ করেছেন ৩৬৫ রান। আনামুল হক শোনাচ্ছেন তাঁর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিজ্ঞতা সার্বিকভাবে যদি মূল্যায়ন করতে বলা হয়, কেমন হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ?আনামুল হক: এককথায় যদি বলি, ভালো। তবে আরও ভালো হতে পারত। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল কাপ পর্বে খেলা, সেটা আমরা পেরেছি। সেমিফাইনাল খেলতে পারলে দারুণ হতো। ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চম হতে পারলেও ভালো লাগত। কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে, সেটাই বা খারাপ কী! সপ্তম হওয়া, শ্রীলঙ্কা-পাকিস্তানকে হারানো, সব মিলিয়ে আমি ভালোই বলব। এর আগেও দুবার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য কি তবে শেষ আটেই বাঁধা?আনামুল: আগের কথা বলতে পারছি না, তবে এবার আমরা অস্ট্রেলিয়াকে হারাতেও পারতাম। অজুহাত মনে হবে, কিন্তু ওই ম্যাচে আম্পায়ারিং আসলেই ভালো হয়নি। ব্যাটিংয়ের সময় ২-৩টি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে, না হলে স্কোর ১৭১ না হয়ে আরও বড় হতে পারত। ফিল্ডিংয়ের সময়ও ওদের অধিনায়ককে (উইলিয়াম বসিস্টো) নিশ্চিত রানআউট দেওয়া হয়নি, ও-ই পরে ম্যাচ জিতিয়ে দেয়। আমাদের কিছু ঘাটতি তো ছিলই। সব মিলিয়ে দিনটাই হয়তো আমাদের ছিল না। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং যদি আলাদা করে মূল্যায়ন করতে বলা হয়...আনামুল: ফিল্ডিং নিয়ে কিছু বলার নেই, পুরো টুর্নামেন্টেই দারুণ ছিল। ব্যাটিংয়ে মিডল-অর্ডারের আরও ধারাবাহিক হওয়া উচিত ছিল। বোলিংয়ে প্রায় প্রতি ম্যাচেই আমাদের শুরুটা ভালো হলেও পরে আমরা সেটা ধরে রাখতে পারিনি। মাঝের ওভারগুলোয় স্পিনাররা সেভাবে উইকেট নিতে পারেনি। আসলে উইকেটও স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না।  শেষ আট ও পঞ্চম স্থান নির্ধারণী—সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচেই কিন্তু ভালো শুরুর পরও ব্যাটিংয়ে ধস নেমেছে। সমস্যাটি মনস্তাত্ত্বিক ছিল নাকি মিডল-অর্ডার আসলে তেমন ভালো ছিল না...আনামুল: মিডল-অর্ডার অবশ্যই ভালো ছিল, ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে এই ছেলেরাই দারুণ খেলেছে। বড় ম্যাচের চাপটা ওরা হয়তো নিতে পারেনি। অভিজ্ঞতার অভাবে এটা হতে পারে। বলতে পারেন, অনূর্ধ্ব-১৯-এ আবার অভিজ্ঞতা কী। কিন্তু খেয়াল করে দেখেন, আমাদের দলের অনেক ক্রিকেটারের বয়স ১৭-১৮, অন্য দলগুলোয় বেশির ভাগই ১৯। ওরা ম্যাচও অনেক বেশি খেলেছে।  আপনার নিজের পারফরম্যান্সে নিশ্চয়ই তৃপ্ত?আনামুল: হোক অনূর্ধ্ব-১৯, বিশ্বকাপ তো! এমন একটা আসরে আমি সবচেয়ে বেশি রান করেছি, এটা জেনে যেমন মজা লেগেছে, এখনো শুনতেও মজা লাগছে, ভাবতেও মজা লাগছে। আমি মনে করি, বিশ্ব আসরে সেরা হওয়া মানে বিরাট একটা ব্যাপার। এ বছরটাই আসলে ভালো যাচ্ছে, জাতীয় লিগে সবচেয়ে বেশি রান করেছি (৮১৬), বিপিএল ভালোই গেল, জাতীয় দলে ঢুকলাম। বিশ্বকাপের দুই সেঞ্চুরিসহ এই বছরেই আমার ৭টি সেঞ্চুরি হয়ে গেল। আগে ফিফটির পর আউট হয়ে যেতাম। এখন বড় ইনিংস খেলতে পারছি নিয়মিত, নিশ্চয়ই ঠিক পথেই আছি। স্টুয়ার্ট ল তো অস্ট্রেলিয়ার কোচ ছিলেন। কথা হয়নি বাংলাদেশের সাবেক কোচের সঙ্গে?আনামুল: কথা হয়েছে। বলল, ‘বিজয়, ভালো করছ, এভাবেই এগিয়ে যাও।’ অনেক মজাও করেছে, হাসিঠাট্টা করেছে। কিছু টিপসও দিয়েছেন। আমাদের একাডেমির সাবেক কোচ অ্যালান ক্যাম্পবেল সিডনি থেকে নিয়মিত যোগাযোগ করেছেন, উৎসাহ দিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপ অভিজ্ঞতা কেমন হলো?আনামুল: দারুণ। অস্ট্রেলিয়া-পাকিস্তান-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এমন দলের বিপক্ষে খেলাটাই তো বড় অভিজ্ঞতা। তা ছাড়া বড় টুর্নামেন্টের আবহ, এসবের সঙ্গে মানিয়ে নেওয়া সবকিছুই ভবিষ্যতে কাজে লাগবে। আর এত বড় মঞ্চে নেতৃত্ব দেওয়াটাও অনেক কিছু শিখিয়েছে। আরও বড় মঞ্চে, মানে বড়দের বিশ্বকাপেও নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন?আনামুল: স্বপ্ন তো দেখিই। তবে সেটা অনেক দূরের পথ। এখন ভালো খেলছি, সেটা ধরে রাখতে চাই। জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। ভালো খেলতে পারলে নিশ্চয়ই সব হবে। তবে আপাতত ৩-৪ দিন শান্তিমতো ঘুমাতে চাই। এরপর নির্বাচকেরা যেখানেই ডাকবেন, ছুট লাগাব! একটু অন্য প্রসঙ্গ, আপনার নামটা কোথাও আনামুল লেখা হয়, কোথাও বা এনামুল, ঠিক কোনটা?আনামুল: নাম নিয়ে ভালোই বিপদে পড়েছি। আমার নামটা ইংরেজিতে ‘A’ দিয়ে লিখি, বাংলাতেও ‘এ’। কীভাবে যে আনামুল হয়ে গেল, আসলে হবে এনামুল। দেখেন না, কিছু করা যায় কি না...!