লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ডে ওঠার। প্রতিটি ম্যাচে বড় ব্যবধানে হেরে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই ব্যর্থতার সঙ্গে নিজেকে নিয়েও কথা বলেছেন অধিনায়ক আমিনুল হক খুব হতাশ?আমিনুল হক: হতাশ তো বটেই। কিন্তু এটাই বাস্তবতা। বলতে পারেন, আবার সেই বাস্তবতার মুখোমুখি হয়ে ফিরলাম চীন থেকে। বাস্তবতা কেন বলছেন?আমিনুল: বাস্তবতা বলব না! উজবেকিস্তান, আরব আমিরাতের কথা বাদ দিন। হংকংয়ের ফুটবল এখন কোথায় চলে গেছে, সেটাই তো আমরা জানতাম না। ৫-৭ দিন অনুশীলন ভরসা করে ওদের মুখোমুখি হলে এই ফলাফল হওয়াই তো স্বাভাবিক। কিন্তু এশিয়ান গেমসে যাওয়ার আগে তো দ্বিতীয় রাউন্ডের লক্ষ্য ঠিক করে গিয়েছিলেন?আমিনুল: সে সময় আমরা শুধু নিজেদের দিকে তাকিয়েই এই লক্ষ্যের কথা বলেছিলাম। ওই যে বললাম, প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ভেবেছিলাম তরুণ দল, ভালো করার সম্ভাবনা আছে। স্বীকার করছি, এই ভাবনাটা ছিল বাস্তবতাবর্জিত। সমস্যা তাহলে শুধু অনুশীলনের ঘাটতি?আমিনুল: না। অনুশীলনের ঘাটতি একটা সমস্যা। হংকংকেই উদাহরণ হিসেবে ধরুন, ওরা এই এশিয়ান গেমস উপলক্ষে কমবেশি তিন বছর প্রস্তুতি নিয়েছে। আর আমরা? ফেডারেশন কাপ শেষে দিন চার-পাঁচেক অনুশীলন করেছি! তার পরও আমি বলছি, অনুশীলন প্রধান সমস্যা না। তাহলে প্রধান সমস্যাটা কী?আমিনুল: প্রধান সমস্যা, আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঘাটতি। আমরা বড় কোনো টুর্নামেন্ট ছাড়া কয়টা আন্তর্জাতিক ম্যাচ খেলি বলুন তো? বছরে দুই বছরে একবার এ রকম টুর্নামেন্ট আসে, আর আমরা খেলতে গিয়ে প্রতিপক্ষকে দেখে চমকে যাই। কিন্তু ব্যাপারটা অন্য রকম হতে পারত। আমরা মাঝেমধ্যে ওদের দাওয়াত করে বা ওখানে গিয়ে প্রীতি ম্যাচ খেলতে পারতাম। তাহলে অন্তত এ রকমভাবে মাঠে হংকংকে দেখে চমকে যেতে হতো না। হংকংকে দেখে খুব চমকে গিয়েছিলেন?আমিনুল: চমকাব না! সত্যি বলি, সবার মতো আমিও আশা করেছিলাম, হংকংয়ের বিপক্ষে জিততে পারব। কিন্তু মাঠে ওদের খেলা দেখে সত্যি আমরা হতভম্ব হয়ে গেছি। আমি হংকংয়ের বিপক্ষে বার দুয়েক খেলেছি, সর্বশেষ খেলেছি বছর পাঁচেক আগে। সেই হংকং আর এই হংকংয়ে আকাশ-পাতাল পার্থক্য। তাহলে এই চক্র থেকে মুক্তির উপায় কী?আমিনুল: কঠিন কিছু না। বিভিন্ন টুর্নামেন্ট সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। আর সবচেয়ে প্রয়োজন, বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার চেষ্টা করতে হবে। নইলে মাঝেমধ্যেই এ রকম বাস্তবতার মুখোমুখি হতে হবে। আপনার নিজের কথায় আসা যাক। চীনে গিয়ে কি অসুস্থ হয়ে পড়েছিলেন?আমিনুল: হ্যাঁ, ও দেশে পৌঁছেই তীব্র জ্বরে পড়ি। এই জ্বর নিয়ে খেলা অসম্ভব ছিল। তার ওপর হিমেল কাঁধে চোট পাওয়ায় মাঠে না নেমে আর উপায় ছিল না। অসুস্থতার প্রভাব তাহলে পারফরম্যান্সেও পড়েছে?আমিনুল: তা তো বটেই। শরীরে ১০৩-১০৪ ডিগ্রি জ্বর নিয়ে নিজের খেলাটা খেলা তো সম্ভব না। এমনিতেই মনে হয় আপনার সময়টা একটু খারাপ যাচ্ছে..আমিনুল: একটু না, বেশ খারাপ যাচ্ছে। এটা অবশ্য সব খেলোয়াড়ের জীবনে আসে। খারাপ সময় আসে। ফেডারেশন কাপের ফাইনালে কি সেই খারাপ সময়ের আমিনুলকেই দেখতে পেলাম আমরা?আমিনুল: তা বলতে পারেন। ফেডারেশন কাপের ফাইনালটাকে অবশ্য আমাদের একটা দুর্ভাগ্যই বলতে পারেন। আমার নিজের ফর্মটা ভালো ছিল না। সঙ্গে...যা-ই হোক, ৫ গোল হজম করায় দায় গোলরক্ষককেই নিতে হবে। আমি সে দায় নিচ্ছি।