‘ভাবি, কী ছিলাম আর কী হলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবনের মোড় কখন ঘুরে যায় কে বলতে পারে! অখ্যাত অ্যাথলেট আমির আলী গত জানুয়ারিতে ঢাকায় জাতীয় অ্যাথলেটিকসে এসে বিখ্যাত হয়ে যান দুটি সোনা জিতে। খুলনার সেই দূরপাল্লার দৌড়বিদ চলমান এসএ গেমসের ক্যাম্পে প্রথম এলেন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শেষে বললেন তাঁর জীবন বদলে যাওয়ার গল্প গত জাতীয় অ্যাথলেটিকসের আগে আপনাকে কেউ চিনত না। এখন নিশ্চয়ই অনেকে চেনে?আমির আলী: অনেকেই চেনে। যেদিন আমার ছবি ছাপা হলো পত্রিকায়, গ্রামের সবাই দেখেছে। সবাই বলেছে, ৫ হাজার মিটারে আমি সোনা জিতলেও আমাকে বিজয়ী ঘোষণা না করে অন্যায় করা হয়েছে। পরদিন আমি ১০ হাজার মিটারে সোনা জেতার পর লোকজন ছিল খুব খুশি। গ্রামের লোকেরা বলে, আমি গ্রামের গর্ব। পরে তো চাপে পড়ে আপনাকে পাঁচ হাজার মিটারে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আমির: সেই ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। গ্রামের অনেক মানুষ আমাকে দেখতে এসেছে। ওখানে একটা পাঠাগার আছে, তারা আমাকে সংবর্ধনা দিয়েছে। পরে সমাজকল্যাণ যুব সংঘ, জেলা ক্রীড়া সংস্থাও সংবর্ধনা দিয়েছে। ২০ হাজার টাকা আর একটা ক্রেস্ট উপহার পেয়েছি। তারপর বাড়িতেই ছিলাম। সাফের ক্যাম্পে ডাক পেয়ে গত ৫ তারিখ ঢাকায় এসেছি।  আগের জীবনটা মনে পড়ে?আমির: খুব মনে পড়ে। আগে আমি মাঠে-ঘাটে পড়ে থাকতাম। কৃষিকাজ করতাম। এখন আর করি না। গ্রামের মানুষ মনে করে, জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে আমি বুঝি কিছু একটা হয়ে গেছি (হাসি)।  আপনার নিজের কাছে নিজেকে কেমন লাগে?আমির: বিছানায় শুয়ে ভাবি, কী ছিলাম, আর কী হলাম। ছিলাম কৃষক। একজন দিনমজুর যেভাবে থাকে সেভাবেই থাকতাম। কখনো কল্পনা করিনি এই পর্যায়ে আসব। আসলে মানুষের পক্ষে সবই সম্ভব। জাতীয় মিটে ভালো করার পর এখন সেনাবাহিনীতে আমার একটা চাকরির কথাবার্তা চলছে। আশা করি, আল্লাহর রহমতে হয়ে যাব।  আপনার এই এগিয়ে চলার পথে প্রেরণা কী?আমির: আমার জেদ এবং চেষ্টা। আগে ন্যাশনাল মিটে পাঁচ-ছয় নম্বর হয়ে চলে যেতাম। বছর খানেক আগে ভাবলাম, সেনাবাহিনী বা অন্য দলের ফার্স্ট হওয়া খেলোয়াড়েরা আমার মতোই মানুষ। ওরা চার পায়ে দৌড়ায় না। দুই পায়ে দৌড়ায়। আমিও দুই পায়ে দৌড়াই। তখন নিয়ত করেছিলাম, প্রথম না হওয়া পর্যন্ত লড়ব। প্রথম জাতীয় দলের ক্যাম্পে এসে কেমন লাগছে?আমির: খুব ভালো লাগতেছে। আগে ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে একটু কথা বলতে পারলেই নিজেকে বড় মনে করতাম। ক্যাম্পে এসে দেখি, সবাই আমাকে ভালোবাসে। রুমমেট আসাদ ভাই, সজীব ভাইসহ সবাই উৎসাহ দেয়। এখন আপনার লক্ষ্য কী?আমির: এসএ গেমসে দেশের জন্য ভালো কিছু করতে চাই। এখানে যেভাবে আছি, খাওয়াদাওয়া করছি, বাড়িতে এভাবে পাই না। এখানকার খাবার এবং চলাফেরা খুবই ভালো এবং নিয়মমাফিক। বাড়িতে দেখা গেল, বিল থেকে আসলাম, তিনটা বেজে গেছে। খাওয়ার টাইম শেষ। এখানে যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে বিশ্বাস আছে ভালো করব।  এমনিতে একটু কি আর্থিক সচ্ছলতা এসেছে?আমির: তেমন বড় কিছু নয়। সংবর্ধনায় ২০ হাজার টাকা, মিটে দুটি সোনার জন্য ৮ হাজার আর ফেডারেশন দিয়েছিল ৮ হাজার টাকা। আপনার পরিবারের কথা বলুন। মা-বা খুশি?আমির: হ্যাঁ, ওনারা খুব খুশি। চার ভাই, দুই বোনের মধ্যে আমি সবার ছোট। সবাই খুশি। আব্বা একটু মানসিক রোগে ভুগছেন। ওই সময় পত্রিকায় ছবিটবি দেখে কেঁদে ফেলেছেন আনন্দে।