শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষে অনূর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্টে আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে চাপে আছে। কাল মুঠোফোনে বাংলাদেশ অধিনায়ক মেজবাবুল হক (মানিক) জানালেন, ভুল থেকে শিক্ষা নিতে প্রস্তুত তাঁর দল। পাকিস্তানের ঘরোয়া ফুটবল বাংলাদেশের চেয়ে দুর্বল। পাকিস্তানি ফুটবলাররা আপনাদের মতো আর্থিকভাবে অত টাকাও পান না। তাহলে পাকিস্তানের কাছে হারের ব্যাখ্যা কী?মেজবাবুল হক: এটা আসলে হয়ে গেছে। আমরাও ভাবিনি পাকিস্তানের কাছে হারব। আমরা ভালোই খেলছিলাম, ওরাও খেলছিল। ম্যাচ যখন ৮০ মিনিট পার হলো, হঠাৎ একটা কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে গেলাম। এ জন্য আমাদের সবারই খুব মন খারাপ। এই হারটা পুরোপুরি অপ্রত্যাশিত।পাকিস্তানকে এই কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় দল তিন গোলে উড়িয়ে দিয়েছে ঢাকায়। অথচ জাতীয় দলের সাতজন খেলোয়াড় নিয়েও অনূর্ধ্ব-২৩ দল হারল। পাকিস্তান কোন জায়গাটায় এগিয়ে আপনাদের চেয়ে?মেজবাবুল: শারীরিকভাবে ওরা একটু ভালো আমাদের চেয়ে। শক্ত-সামর্থ্য প্লেয়ার ওদের বেশি। আমরা এগিয়ে স্কিলে। আসলে গোলটা হয়ে গেছে, আমরা তখন আক্রমণে ছিলাম। একটা বল প্রতি-আক্রমণে ওরা নিয়ে এসে সাইড থেকে ক্রস তোলে বক্সে। গোলরক্ষক মোস্তাক বল আংশিক প্রতিহত করে, কিন্তু ফিরতি বলটা ওরা জালে পাঠায়। কাল (আজ) তো শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচ। না জিতলে টুর্নামেন্ট থেকে আপনাদের বিদায়। কী মনে হয়, জেতা যাবে?মেজবাবুল: জিততেই হবে। এর বিকল্প নেই। ইনশাআল্লাহ আমরা জিতব। আপনারা দোয়া করেন। দোয়া তো সবাই করে। কিন্তু মাঠে নেমে ভালো খেলতে হবে। সেটার জন্য কতটা তৈরি? কেউ কেউ বলেন, অনেক খেলোয়াড়ই ইনজুরির ভয়ে মাঠে এক শ ভাগ দেন না...মেজবাবুল: ভালো খেলার জন্য আমরা এক শ ভাগ তৈরি। সবাই মনপ্রাণ দিয়ে খেলব। শ্রীলঙ্কাকে হারাতেই হবে। আর আমরা মাঠে শতভাগই দিই, সবাই দেশের জন্যই খেলি। এখানে ইনজুরির ভয়ে মাঠে এক শ ভাগ না দেওয়ার চিন্তা কেউ করে না। চার দলের এই টুর্নামেন্টের অন্য দলগুলো কেমন? ওদের ব্যাপারে খোঁজখবর পেয়েছেন?মেজবাবুল: শ্রীলঙ্কা ৩-০ গোলে তাদের প্রথম ম্যাচটা হেরেছে মালদ্বীপের কাছে। আমরা কিছু সময় ম্যাচটা দেখেছি। মালদ্বীপ শক্তিশালী দল। তবে শ্রীলঙ্কা অতটা নয়। এর বাইরে আর কিছু জানি না। আপনাদের এই দলটা সম্প্রতি নেপালে পোখারা কাপে খেলে এসেছে। কাজেই এটা বলা যাবে না, আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা একেবারেই নেই। এখন তো ফেডারেশন আপনাদের দিকে তাকিয়ে আছে...মেজবাবুল: হ্যাঁ, সেটা আমরা জানি। ফেডারেশন তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা সবাই খেলার মধ্যেই আছি। এখন আমাদের করণীয়, মাঠে নেমে নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করা। আশা করি, সেটা আমরা পারব। এমনিতে শ্রীলঙ্কার এই টুর্নামেন্টের আয়োজনটা কেমন?মেজবাবুল: শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পৃষ্ঠপোষণায় তাঁর নামে প্রথমবারের মতো টুর্নামেন্টটা হচ্ছে। আয়োজন মোটামুটি ভালোই, জয়াথিলাকা স্পোর্টস কমপ্লেক্সের মাঠটা মসৃণ। সবুজ ঘাস। ভালো ফুটবলের উপযোগী। সেই তুলনায় অনুশীলন মাঠ অতটা ভালো নয়। স্থানীয় লোকজনের এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ কেমন?মেজবাবুল: টুর্নামেন্টটা হচ্ছে নাওয়ালাপিটিয়ায়, কলম্বো থেকে বাসে ছয় ঘণ্টা লাগে। আমরা আছি একাডেমির মতো একটা জায়গায়। এখানকার স্থানীয় লোকজন টুর্নামেন্ট নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছে। মালদ্বীপ-শ্রীলঙ্কা ম্যাচে অনেক দর্শক এসেছে। টুর্নামেন্ট নিয়ে সাড়া বেশ ভালো।