‘ভাবিনি পেশাদার ফুটবলার হব’
২৬ জুন জার্মানিতে শুরু হবে ফিফা মহিলা বিশ্বকাপের ষষ্ঠ আসর। ঘরের মাঠে এই বিশ্বকাপ খেলে ফুটবল থেকে বিদায় নিতে চান তিনবারের ফিফা মহিলা বর্ষসেরা ফুটবলার বির্জিত প্রিঞ্জ। ফিফাডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহিলা ফুটবলের এই জার্মান কিংবদন্তি অতীত স্মৃতিচারণার পাশাপাশি বলেছেন আসছে জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্ট নিয়ে প্রথম ফুটবল শুরু করলেন কীভাবে?প্রিঞ্জ: গল্পটা সাদামাটা। ছোট্টবেলায় সব সময়ই ছেলেদের সঙ্গে খেলতাম। কখনো কখনো বোনদের সঙ্গে মিলে পড়শিদের বিপক্ষে। একটা পর্যায়ে মনে হলো, খেলাটা খুবই উপভোগ যখন করছি, তখন একটা ক্লাবে যোগ দেওয়া দরকার। আরও বেশ কিছু খেলা খেলতাম আমি। কিন্তু ফুটবলটা এত বেশি উপভোগ করতাম যে শেষ পর্যন্ত এটাই বেছে নিই। কখন বুঝলেন ফুটবলকে পেশা হিসেবে বেছে নেওয়া যায়?প্রিঞ্জ: আসলে এটা নিয়ে ভাবিইনি। যখন ছোট ছিলাম, সে সময় ক্যারিয়ার হিসেবে এটা (মেয়েদের জন্য) ততটা নির্ভরযোগ্য ছিল না। আমি স্রেফ উপভোগের জন্য খেলতাম। হ্যাঁ, বুঝতে পেরেছিলাম, আমার মধ্যে প্রতিভা আছে। কারণ বিভিন্ন বয়সভিত্তিক দলে আমার ডাক পড়ত। তখন মনে হচ্ছিল, হয়তো পেশা হিসেবে এটা বেছে নেওয়া সম্ভব। তবে সত্যি বলছি, আমি পেশাদার ফুটবলার হব, এমনটা ভাবিনি। জার্মানির সর্বকালের সফলতম মহিলা ফুটবলার হওয়ার কারণে অনেক মেয়েই আপনাকে আদর্শ হিসেবে নিয়েছে। এটা কীভাবে দেখেন?প্রিঞ্জ: আমি খেলাটার যে মূল্যবোধ সেটাই তুলে ধরার চেষ্টা করি। আমি বিশেষ কেউ, এমন হামবড়া ভাব নিই না। এটা সব সময়ই করে এসেছি। সামনের দিনগুলোতেও করব। যারা আমাকে অনুসরণ করে, তাদের বলব, খেলাটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য যে পরিশ্রম আর নিবেদন লাগে, খেলাটা উপভোগ করলে সেই কাজটা অনেক সহজ হয়ে যায়। আপনার মধ্যে অনেক বেশি তাড়না আর প্রেষণাও থাকতে হবে। নিজের অর্জন নিয়ে আপনি কতটা গর্বিত?প্রিঞ্জ: গর্ব ব্যাপারটা ব্যাখ্যা করা আমার জন্য মুশকিল। তবে যা অর্জন করেছি, তাতে আমি তৃপ্ত। নিজের ক্যারিয়ারের দিকে যখন ফিরে তাকাই, অনুভব করি, বিশেষ কিছু অর্জন করতে পেরেছি। মেয়েদের ফুটবল খেলছেন অনেক দিন হয়ে গেল। কতটা পাল্টেছে খেলাটার চেহারা?প্রিঞ্জ: ফুটবলের সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে, তাই কোনো একটা নির্দিষ্ট দিক নিয়ে বলাটা একটু মুশকিলই। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে ফুটবলকে ঘিরে যে আবহ ছিল সেখানে। মেয়েদের ফুটবল এখন আগের চেয়ে অনেক বেশি স্বীকৃতি পাচ্ছে এবং মেয়েদের খেলাটা এখন আর অস্বাভাবিক কিছু না। খেলোয়াড়েরা খুব কম বয়স থেকেই পরিকল্পিত প্রশিক্ষণে অংশ নিচ্ছে আর সুযোগ-সুবিধাও ক্রমান্বয়ে বাড়ছে। উন্নত প্রশিক্ষণ মানেই মানোন্নয়ন। এবার মহিলা বিশ্বকাপ তো আপনার দেশেই....প্রিঞ্জ: দিনকে দিন আমার উৎসাহ-উচ্ছ্বাস বেড়েই চলেছে। অবশ্যই এবারও আমরা ফেবারিট। পরিস্থিতি পুরোপুরি আমাদের অনুকূলে। হারানোর কিছুই নেই। আমরা কেবল ভালো ফুটবল খেলতে চাই। বিশ্বকাপের জন্য আমার তর সইছে না! দলীয় চেতনাই কি সাফল্যের মূল রহস্য?প্রিঞ্জ: দেখুন, দলের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। কিন্তু দলে সবার ওপর সবার বিশ্বাসটা থাকতে হবে। আপনাকে নিশ্চিত হতে হবে, সতীর্থের ওপর আপনি নির্ভর করতে পারেন। কেবল তখনই সাফল্য ধরা দেয়। দলের তরুণদের সঙ্গে অভিজ্ঞদের সম্পর্কের সেতু কীভাবে গড়ে ওঠে?প্রিঞ্জ: আমরা সবাই একসঙ্গে থাকি, জার্মান দলে খেলি। পাদপ্রদীপের আলোটা এক-দুজন খেলোয়াড়ের ওপর নেই। হ্যাঁ, একটা পদক্রমবিন্যাস তো আছেই। তবে সবার জন্যই সবকিছু আদতে সমান। আগামী বির্জিত প্রিঞ্জ হিসেবে কাকে বেছে নেবেন?প্রিঞ্জ: প্রশ্নটা আগামীর বির্জিত প্রিঞ্জ হওয়া নিয়ে নয়। জার্মানি বেশ কিছু নতুন প্রতিভাবান খেলোয়াড় পেয়েছে। তাদের নিজেদের নামেই পরিচিত হতে হবে। প্রত্যেক খেলোয়াড়কেই নিজের সেই পথ গড়ে নেওয়া উচিত। শেষ প্রশ্ন। আপনি তো এই বিশ্বকাপের পরই অবসর নিয়ে নেবেন। নিশ্চয়ই অবসরের কথা ভেবে খারাপ লাগছে?প্রিঞ্জ: সত্যি বলতে কি, আমার মনোযোগ পুরোপুরি বিশ্বকাপকে ঘিরে। বিশ্বকাপ খেলে আমার অবসরের সিদ্ধান্তটা তো আর আচমকা নয়। এটা নিয়ে আমি কয়েক বছর ধরেই ভেবেছি। বিশ্বকাপই যে আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট, এটা আমি অনেক আগে থেকেই তাই জানি। তাই বলতে পারেন, এরপর কী হবে, এ নিয়ে আমি মোটেও ভাবিত নই।ভাষান্তর: রাজীব হাসান