এবারের বিশ্বকাপটা তাঁর জন্য ছিল আনন্দ-হতাশার মিশ্রণে এক অদ্ভুত অনুভূতি। অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু পুরো বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ হলো না একটিও। বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন, কাল ফতুল্লার প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকসহ নিয়েছেন ৪ উইকেট। এবার জন হেস্টিংসের লক্ষ্য অস্ট্রেলিয়ার জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করা... হ্যাটট্রিক করার অনুভূতি কেমন?জন হেস্টিংস: আমি নিজেই আসলে অবাক হয়ে গেছি। ভাবিনি হ্যাটট্রিক করে ফেলব। ক্রিকেট হ্যাটট্রিক প্রতিদিন হয় না। যখন হয়, অবশ্যই তা বিশেষ মুহূর্ত। তবে সত্যি বলতে এর চেয়েও ভালো লাগছে দলের জন্য কিছু করতে পেরে। ওই সময় ব্রেক থ্রুর খুব প্রয়োজন ছিল দলের। এর আগে কখনো হ্যাটট্রিক করেছেন?হেস্টিংস: বয়স কম থাকতে দু-একটি হ্যাটট্রিক ছিল। তবে এই পর্যায়ের ক্রিকেটে এই প্রথম। প্রথম স্পেলে তো আপনি উইকেট পাননি, পরের স্পেলে ৪ উইকেট। রিভার্স সুইংয়ের কোনো ভূমিকা আছে এতে?হেস্টিংস: খুব বেশি রিভার্স সুইং ছিল না। তবে বাতাসে কিছু রিভার্স পেয়েছি। নতুন বলেও উইকেট থেকে খুব বেশি মুভমেন্ট পাওয়া যায়নি। দলে আমার মূল ভূমিকা রান আটকানো, পরে উইকেট নেওয়া। লাইন-লেন্থ অনুযায়ী বোলিং করা, ব্যাটসম্যানকে ক্রিজে বেঁধে রাখা। আমি তা-ই করার চেষ্টা করেছি। উপমহাদেশের কন্ডিশন উপযোগী বলে আপনাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছিল। অথচ পুরো বিশ্বকাপটা বসে থাকতে হলো। নিশ্চয়ই খুব খারাপ লেগেছে?হেস্টিংস: খারাপ তো লাগবেই। প্রায় ছয় সপ্তাহের ব্যাপার। এত দিন দলের সঙ্গে থাকা, অনুশীলনে কঠিন পরিশ্রম করার পরও খেলতে না পারা ছিল হতাশার। এটা আসলে নির্বাচকদের ব্যাপার। আমি নিজের কাজটা ঠিকঠাক করে গিয়েছি। কঠোর পরিশ্রম তো আছেই, বাইরে থেকে যতটা পারা যায় দলকে সাহায্য করার চেষ্টা ছিল আমার। এখানকার উইকেট তো পেস বোলারদের খুব একটা সাহায্য করে না। এখানে কতটা সফল হবেন বলে মনে করছেন?হেস্টিংস: উপমহাদেশের উইকেট অবশ্যই অস্ট্রেলিয়ার চেয়ে আলাদা। কিন্তু কিছু করার নেই। আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। সম্প্রতি দীর্ঘ সময় আমরা ভারতে কাটিয়েছি। সবারই তাই এই কন্ডিশনে অনেকটা অভ্যস্ত থাকার কথা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে আমরা খুবই হতাশ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ নিয়ে কী ভাবছেন?হেস্টিংস: সবাই মুখিয়ে আছে এই সিরিজে ভালো করার জন্য। নতুন অধিনায়ক, কিছু নতুন ক্রিকেটার—সব মিলিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য সামনের সময়টা রোমাঞ্চকরই মনে হচ্ছে। নতুন অধিনায়ক মাইকেল ক্লার্ককে কেমন দেখছেন?হেস্টিংস: অস্ট্রেলিয়ার হয়ে আমার খেলা সাতটি ওয়ানডেতেই চোটের কারণে রিকি ছিল মাঠের বাইরে। অধিনায়ক ছিল মাইকেল ক্লার্ক। ক্লার্কের অধিনায়কত্ব তাই আমার কাছে নতুন নয়। বিশ্বকাপে অধিনায়ক রিকিকে কাছ থেকে দেখেছি। ও অসাধারণ একজন ক্রিকেটার, দারুণ একজন নেতা। তবে সবাইকেই একদিন চলে যেতে হয়। আশা করি মাইকেল ভালো করবে। গত বছর ‘ব্র্যাডম্যান প্লেয়ার অব দ্য ইয়ার’ হয়েছিলেন। এবার নিশ্চয়ই লক্ষ্য জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করা?হেস্টিংস: আশা তো করছিই। ওই পুরস্কার পাওয়া ছিল দারুণ। এর আগে ওই পুরস্কার পাওয়া খেলোয়াড়েরা অস্ট্রেলিয়ার হয়ে অনেক দিন খেলেছে এবং খুব ভালো করেছে। আশা করি আমিও পারব। এই সিরিজে গোটা দুই ম্যাচ খেলার সুযোগ পাব বলে আমার বিশ্বাস। তাহলে নিজেকে মেলে ধরতে চাইব।