‘ভারতীয় বা এশীয়দের আবেদনের প্রয়োজন নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ও এশীয়দের আবেদন না করার অনুরোধ জানিয়ে একটি চাকরির বিজ্ঞাপন দেওয়ায় তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার চেইন সুপার মার্কেট কোলস কর্তৃপক্ষ। একটি ওয়েবসাইটে গত রোববার প্রকাশিত ওই বিজ্ঞাপনে বলা হয়, ‘ভারতীয় বা এশীয়দের আবেদন করার প্রয়োজন নেই। ভালো ইংরেজি জানা আবশ্যক।’টাইমস অব ইন্ডিয়ার এক খবরে আজ বলা হয়, অস্ট্রেলিয়ার হোবার্টের ইস্টল্যান্ডস শপিং সেন্টারে অবস্থিত কোলসের একটি দোকানের জন্য পরিচ্ছন্নতা কর্মী খুঁজতে গামট্রি নামে একটি ওয়েবসাইটে দেওয়া হয় বিজ্ঞাপনটি।এ বিজ্ঞাপন প্রকাশের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোতে কোলসের দোকানের প্রতি বিষোদগার করা হয়। একই সঙ্গে কোলস সুপার মার্কেট বর্জনেরও আহ্বান জানানো হয়। স্থানীয় পত্রিকা মার্কারি জানায়, জন-অসন্তোষের কারণে চাকরির বিজ্ঞাপনটি ওই ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। কোলসের মুখপাত্র জিম কুপার গতকাল সোমবার বলেন, বিজ্ঞাপনটি দিয়েছিল তাঁদের রোসনির দোকানের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তিনি বলেন, ‘কোলস কর্তৃপক্ষকে অবহিত না করেই বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছিল। বিজ্ঞাপন ও সেটির ভাষার কারণে আমরা যথেষ্ট উদ্বিগ্ন।’তাসমানিয়ার বৈষম্যবিরোধী কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রবিন ব্যাঙ্কস ওই পত্রিকাকে বলেন, পরিচ্ছন্নতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘কোনো একটি বিশেষ জাতির লোক হওয়ার কারণে কাউকে ঢালাওভাবে অযোগ্য ঘোষণা করা বেআইনি।’ তিনি আরও বলেন, সম্প্রতি চাকরির ক্ষেত্রে কোনো বিশেষ জাতির সদস্য হওয়ার কারণে কারও কারও প্রতি বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ আসছে।