‘ভারতে বিনিয়োগ পরিস্থিতির অবনতি, দরকার সংস্কার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র শিল্পের মতো বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করেছে ভারত। সামগ্রিকভাবে দেশটির বিনিয়োগ পরিস্থিতিরও অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত সরকারের উচিত আরেক দফা অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেওয়া। আজ দেশটির বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পিটিআইকে দেওয়া ওই সাক্ষাতকারে বিশ্ব অর্থনীতি, ভারত-পাকিস্তান সম্পর্ক এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশল সম্পর্কিত বহু প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির উল্লেখ করে ওবামা বলেন, বিশ্ব অর্থনীতির ধীর গতির প্রভাবে ভারতের অর্থনীতিতেও একই অবস্থা তৈরি হয়েছে। তবে দেশটিতে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো সমালোচনা করেননি ওবামা। এ ব্যাপারে মার্কিন ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারিত্বের রক্ষক মার্কিন ব্যবসায়ীরা ভারতে বিদেশি বিনিয়োগ পরিস্থিতির অবনতির কথা বলেছেন। ওবামা বলেন, তাঁদের (যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা) মতে ভারতে বিনিয়োগ করা খুবই কঠিন। দেশটিতে অন্যান্য অনেক খাতের মতো ক্ষুদ্র শিল্পেও বিদেশি বিনিয়োগ নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ। অথচ বিনিয়োগের সুযোগ উন্মুক্ত হলে দু’দেশেই নতুন কর্মসংস্থান তৈরি হবে। ভারতের প্রবৃদ্ধির জন্যও তা দরকার। অবশ্য এপরিস্থিতি থেকে উত্তরণের কোনো পরামর্শ দেননি ওবামা। তিনি বলেন, ভারত কিংবা অন্যান্য দেশের অর্থনৈতিক ভবিষ্যত্ নির্ধারণ নিয়ে পরামর্শ দেওয়া যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। এটা নির্ধারণ করতে হবে ভারতকেই। মার্কিন প্রেসিডেন্টের মতে, ভারতে কিছু মাত্রায় প্রবৃদ্ধি হলেও বিশ্ব অর্থনীতিতে টিকতে হলে দেশটিতে আরও অর্থনৈতিক সংস্কার প্রয়োজন, যেগুলো ভারতকে বিশ্ব বাজারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। আর এ দুঃসাধ্য সংস্কার চললে যুক্তরাষ্ট্রের ভেতরে অনেক মিত্র মিলবে ভারতের। তিনি বলেন, গত কয়েক দশকে ভারতের অভাবনীয় প্রবৃদ্ধি ও উন্নয়ন হলেও সংস্কারের বিষয়টি মাথায় রাখতে হবে। প্রেসিডেন্ট (ওবামা) বলেন, ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ড দারিদ্র সীমার নিচে বাস করা লাখ লাখ মানুষকে বিশ্বের অন্যতম বড় মধ্য শ্রেণিতে টেনে তুলেছে করেছে। তিনি বলেন, ভারতের বিভিন্ন ধরনের উদ্ভাবন বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর উচ্চস্বিত প্রশংসা করেন ওবামা। মনমোহনকে তিনি বন্ধু ও সাথী সম্বোধন করেন। তিনি বলেন, জি২০’র মতো বেশ কয়েকটি বৈঠকে তিনি মনমোহনের অন্তর্দৃষ্টির সক্ষমতা পরখ করেছন। মনমোহন তাঁর মতোই মনে করেন বিশ্বের অর্থনৈতিক সঙ্কট কাটাতে প্রবৃদ্ধি ও নতুন কাজ সৃষ্টি ছাড়া ভিন্ন কোন পথ নেই।