‘ভারতের ঋণ পদ্মা সেতুতে ব্যবহারে আপত্তি নেই’
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের জন্য বরাদ্দ করা ১০০ কোটি মার্কিন ডলার ভারতীয় ঋণ পদ্মা সেতু নির্মাণে ব্যয় করা হলে এ ব্যাপারে তাঁদের কোনো আপত্তি নেই। তাঁরা বলেন, ‘আমরা আগেই বলেছি, আপনাদের জন্য সুবিধাজনক যেকোনো খাতে এ ঋণের অর্থ ব্যয় করতে পারেন।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ শুক্রবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ কথা জানান।এদিকে ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা এ ব্যাপারে বলেন, ইতিমধ্যেই এ ঋণ প্রধানত রেলওয়ে খাতসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। কাজেই বর্তমানে এ ধরনের পদক্ষেপ গ্রহণ খুবই ‘জটিল বিষয়’ হবে।বৈদেশিক ঋণ বিষয়ে সংশ্লিষ্ট ইআরডির যুগ্ম সচিব আসিফিজ্জামান বাসসকে বলেন, এ অর্থ ছাড়ের ক্ষেত্রে কৌশলগত প্রতিবন্ধকতাগুলো দূর হওয়ার প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ এ পর্যন্ত ভারতকে এ ঋণের খাত পরিবর্তনের ব্যাপারে কোনো প্রস্তাব দেয়নি অথবা এ বিষয়ে নয়াদিল্লির কাছ থেকেও কোনো প্রস্তাব পায়নি।ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, ১০০ কোটি ডলার ঋণের আওতাধীন নয়টি প্রকল্প এ পর্যন্ত দুটি দেশ চূড়ান্ত করেছে। তবে ঢাকার ইআরডি কর্মকর্তারা জানান, আরও কয়েকটি প্রকল্প চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে।বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অর্থায়নের ব্যাপারে দুই বছর আগে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ১০০ কোটি ডলারের এই ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। বাসস।