‘ভারতের ধীরে চলো নীতি পরিহার করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ বলেছেন, কাশ্মীর সমস্যা নিরসনে ভারতের উচিত ধীরে চলো নীতি পরিহার করা। আজ মঙ্গলবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পারভেজ বলেন, ‘আমরা আশা করি জাতিসংঘের প্রস্তাবনার প্রতি শ্রদ্ধা রেখে কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণাধিকার দিতে ধীর নীতি পরিহার করবে ভারত। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরীদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এ সমস্যা সমাধান করা উচিত। তিনি আরও বলেন, ‘আমরা কাশ্মীরের জনগণের প্রতি অব্যাহত রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাব।’দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির স্বার্থে ভারতের সঙ্গে পাকিস্তান সুসম্পর্ক রাখতে চায় উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সমঝোতা ও আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুসহ সব ধরনের বিতর্কিত বিষয়ের সমাধান চায় পাকিস্তান। তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছি। এতে দুদেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে।’ অনুষ্ঠানে পাকিস্তানের মন্ত্রী, এমপি, বিভিন্ন বাহিনীর প্রধান ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।