‘ভারতের সরকারি খাত অকার্যকর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অকার্যকর’ ও ‘নিস্তেজ’ সরকারি খাত স্থবির করে রেখেছে ভারতকে। তবে দেশটির সাফল্যজনক সফটওয়্যার ও ব্যাংকিং খাত সীমিত মাত্রায় কর্মসংস্থান ও আয় বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখছে। ‘গ্লোবাল টাইমস’ নামের চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক সংবাদপত্রের এক নিবন্ধে এ কথা বলা হয়েছে। চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের আন্তর্জাতিক সংগঠন ও আন্তর্জাতিক আইন বিভাগের গবেষক জু লেই এ নিবন্ধটি লেখেন। ‘অকার্যকর সরকারি খাত ভারতের উদ্যোক্তা তৈরির উদ্যম নষ্ট করছে’ শীর্ষক এ নিবন্ধে বলা হয়, এশিয়ার আলোচিত উদীয়মান অর্থনীতির দুটি দেশ হিসেবে চীন ও ভারতকে প্রায়ই তুলনা করা হয়। এ তুলনা সত্ত্বেও উভয় দেশ ভিন্ন ভিন্ন মাত্রায় উন্নয়নের পথ খুঁজছে। নিবন্ধে দুদেশের মোট দেশজ উত্পাদন (জিডিপি) নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০১১ সালের একটি হিসাব নিয়ে আলোচনা করা হয়। এতে বলা হয়, ‘মনে রাখা দরকার দুদেশের মধ্যে মাথাপিছু জিডিপিতে বড় ব্যবধান তৈরি হয়েছে। চীনের মাথাপিছু জিডিপি পাঁচ হাজার ৪১৪ ডলার হলেও ভারতের মাত্র এক হাজার ৩৮৯ ডলার। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অর্থনীতিতে বড় আকারে প্রবৃদ্ধি দেখা গেছে। তবে এ ধরনের প্রবৃদ্ধি অর্জনে চীনের তুলনায় ভারতকে অনেক বেশি বেগ পেতে হয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়।এতে বলা হয়, সাত ভাগ মুদ্রাস্ফীতিসহ ভারতে জিডিপিতে ঋণের হার ৭০ ভাগের বেশি। প্রবৃদ্ধি বাড়লেও দেশটিতে অর্থনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। বিপরীতে সহনীয় মাত্রায় মুদ্রাস্ফীতিসহ তুলনামূলক স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ রয়েছে চীনে। এ ছাড়া দ্রুত প্রবৃদ্ধি ও সুষম রাজস্ব আদায় কাঠামো রয়েছে সেখানে। টাইমস অব ইন্ডিয়া।