‘ভারোত্তোলক বানানো আমার নেশা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলায় গোটা পাঁচেক পদক ঝুলিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে হাসিমুখে ঘুরছিলেন ভারোত্তোলক গড়ার কারিগর মোয়াজ্জেম হোসেন। পদকগুলো নিজের নয়, সবই শিষ্যদের। ২০ বছর ধরে নিরলসভাবে গড়ে চলেছেন ভারোত্তোলক। ঢাকায় অনুষ্ঠানরত আন্তক্লাব ভারোত্তোলনের এক ফাঁকে মেহেরপুরের গাংনীর মোয়াজ্জেম জিমন্যাস্টিকস ক্লাবের ৪৫ বছর বয়সী কোচ বললেন নিজের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আপনি কত দিন ধরে ভারোত্তোলন অঙ্গনে? মোয়াজ্জেম হোসেন: খেলা শুরু করি ১৯৮০ সাল থেকে। কোচিং শুরু ১৯৯১ সালে।  আন্তক্লাব ভারোত্তোলনে কবে থেকে অংশ নিচ্ছে আপনার ক্লাব?মোয়াজ্জেম: ১৯৮৬ সাল থেকে।  আপনার কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা যদি বলেন...মোয়াজ্জেম: শুরুর দিকে ভারোত্তোলনের কোনো সরঞ্জাম ছিল না। একসময় বাঁশ আর বালুর বস্তা দিয়ে অনুশীলন করাতাম ছেলেদের। খুব কষ্ট হতো। রাতের অন্ধকারে কখনো হারিকেন, কখনো মোমবাতি জ্বালিয়ে অনুশীলন করিয়েছি। তখনকার মেহেরপুরের ডিসি সাহেব আমাকে বললেন, তুমি যদি এই ছেলেদের চ্যাম্পিয়ন করতে পারো তাহলে তোমাকে সরঞ্জাম কিনে দেব। প্রথম বছরই সেনাবাহিনীর সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলো। আমরা জিতলাম। এভাবেই শুরু। এই ছেলেরাই এরপর সেনাবাহিনী, কেই আনসারে চাকরি পেয়েছে। রাতে কেন অনুশীলন করাতেন? মোয়াজ্জেম: আমার ছিল হাঁড়ি-পাতিলের ব্যবসা। দিনে দোকান করতাম। রাতে অনুশীলন। এটা করতে গিয়ে ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। এ নিয়ে স্ত্রীর সঙ্গে কত যে মনোমালিন্য হয়েছে! তারপর ঠিক করলাম, দোকানদারি শেষ করে রাতেই অনুশীলন করাব। আপনার ক্লাব থেকে উঠে আসা কতজন এ পর্যন্ত চাকরি পেয়েছেন?মোয়াজ্জেম: এসএ গেমসে সোনাজয়ী হামিদুল, একরামুল, হাসানুজ্জামানদের মতো ভালো ভালো ভারোত্তোলক আমার হাতে গড়া। এ পর্যন্ত ১৮ জন সেনাবাহিনীতে, ৪ জন আনসারে চাকরি পেয়েছে।  শিক্ষানবিশ ভারোত্তোলকদের কীভাবে খুঁজে আনেন? মোয়াজ্জেম: বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে, অনেকের বাড়িতে গিয়ে বুঝিয়ে নিয়ে আসি। ওদের বলি, ভারোত্তোলন খেললে তোমার চাকরি হবে, তুমি এসো। হামিদুল কাজ করত ওর মামার হোটেলে। ওকে একরকম জোর করেই এনেছিলাম। ওরা ছিল তিন ভাই। এক ভাই আইসক্রিম বিক্রি করত। তাকেও ধরে এনেছি। সেও চাকরি পেয়েছে। বলতে পারেন ভারোত্তোলক বানানো আমার নেশা। এসব ছেলেদের কোথায় অনুশীলন করান?মোয়াজ্জেম: নির্দিষ্ট কোনো জায়গা নেই। গাংনী উপজেলার পুরোনো জেলখানার পাশে কখনো অনুশীলন করি। কখনো বিআরটিসির পরিত্যক্ত জায়গা বেছে নিই। আমার যদি নিজস্ব একটা জায়গা হতো...তাহলে মনের মতো করে প্রশিক্ষণ দিতে পারতাম।  এদের নিয়ে কখনো স্বপ্ন দেখেন?মোয়াজ্জেম: স্বপ্ন দেখি বলেই আমার ছাত্ররা এসএ গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে। শুধু অলিম্পিকেই আমার কোনো ছাত্র অংশ নেয়নি। আমার স্বপ্ন একদিন অলিম্পিকেও খেলবে কোনো ছাত্র। এ পর্যন্ত আপনার ক্লাব কতগুলো পদক জিতেছে?মোয়াজ্জেম: জাতীয় পর্যায়ে ৬০টি সোনা, ৫০টি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে আমার ক্লাবের ছেলেরা।