‘ভালো এডা আস্তা কাদপানিতে দও হয়ে যায়!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিচ্চি এনা পানি হলে এত ভালো আস্তা (রাস্তা) কাদপানিতে দও হয়ে যায়।’ কথাগুলো বলেন বটতলী বাজারের দিনমজুর আবদুল মতিন। জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার সড়কের পাশে ড্রেন বা নালা না থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতায় সাধারণ মানুষকে রিকশা, ভ্যানগাড়ি নিয়ে দুর্ভোগে পড়তে হয় নিত্যদিন। পানি জমে থাকে দিনের পর দিন।সরেজমিনে দেখা গেছে, সড়ক ও জনপদ বিভাগের বটতলী বাজারের ভেতরের ওই রাস্তায় জুয়েল হোমিও হল থেকে বটতলী জামে মসজিদ পর্যন্ত অল্প বৃষ্টিতে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত পানি জমে থাকে। কোরবান আলীর মুদির দোকান, মিলনের সাইকেল পার্টসের দোকানসহ ১৫-২০টি দোকানের সামনে যুগ যুগ ধরে পানি জমে থাকে। পুরো বর্ষা মৌসুম বটতলী উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং ফাজিল মাদ্রাসার প্রায় এক হাজার ছাত্রছাত্রী কাদাপানি মেখে শিক্ষাপ্রতিষ্ঠানের যায় বলে অভিযোগ করেছে এলাকাবাসী। বাজারের ভেতর থেকে ক্ষেতলাল উপজেলা পরিষদের দিকে প্রায় ৫০০ মিটার রাস্তার উভয় পাশে ড্রেন না থাকায় অনেক কষ্টে চলাচল করতে হয় বলে এলাকাবাসীর অভিযোগ। বাস-ট্রাক দ্রুত পারাপারের সময় রাস্তার পানি ছিটকে দোকানে ঢোকে বলে অভিযোগ করেন রাস্তার পাশের ব্যবসায়ী মৌলানা আবদুস ছালাম ও ফুলমিয়া। বাজরের রিকশাচালক কোরবান বলেন, ‘এই ঘাটার (রাস্তা) কারণে হামাগেরে রিকশা লিত্তি (প্রতিদিন) ধুয়ে পরিষ্কার করতে হয়। হামরা গরিব মানুষ হামাগেরে যত পরিশ্রম, ক্ষেতি। ভোটের সময় এই বাজারত নেতারা অনেক কতা কছল। এখন আর ওরগেরে সময় নাই।’এ রাস্তা দিয়ে মোলামগাড়ি-ক্ষেতলাল-জয়পুরহাট প্রতিদিন ৩০ থেকে ৪০টি বাস চলাচল করে। এ ছাড়া গোপীনাথপুর ফুলদিঘি বাজারের ৫০ থেকে ৬০টি ট্যাম্পু জেলা শহরে নিয়মিত যাতায়াত করে। ২০ থেকে ২৫টি চাতাল আছে এ রাস্তার পাশে। ওই সব চাতালে সব সময় ট্রাক যাতায়াত করে। প্রায় এক কিলোমিটার দূরে এ রাস্তায় বটতলী হিমাগার ও পুরবী এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রধান কার্যালয়। যেখানে গুদামজাত হয় হাজার হাজার বস্তা আলু। অপর দিকে পুরবী এগ্রো ইন্ডাস্ট্রির মাছ ও মুরগির ফিড বা খাদ্য বহনকারী ট্রাকগুলো প্রতিদিন এ রাস্তায় চলাচল করে। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসক আহসানুল হাবিব, সার ডিলার দুলাল হোসেন, বেলাল হোসেন বলেন, এ রাস্তার দুর্দশা দীর্ঘদিনের। কেউ এদিকে তাকাই বলে মনে হয় না। জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, ওই রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ করা জরুরি। কিন্তু এ অর্থবছরে না হলেও সামনের বছরে ড্রেন নির্মাণ করা হবে। ক্ষেতলাল পৌরসভা থাকলে এ সমস্যা আগেই সমাধান হতো বলে তিনি জানান।