‘ভালো করার জন্য আর কতো কই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামার এই আস্তাটা ভালোয় হয় না। চেয়ারম্যানোক কইতে কইতে হয়রান হয়া পড়ছি। ভালো করার জন্য আর কতো কই।’ সড়কের বেহাল অবস্থার চিত্র তুলে ধরে আক্ষেপ করে কথাগুলো বললেন এলাকার ভুক্তভোগীরা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা থেকে রাজবল্লভসহ কয়েকটি গ্রামে যাওয়ার একমাত্র সড়কটির তিন বছর থেকে বেহাল। সরেজমিনে দেখা গেছে, দেড় কিলোমিটার সড়কের বেহাল দশা। রিকশাসহ অন্যান্য যেকোনো যানবাহন চলাচলে ভোগান্তির শেষ নেই। ১৯৯৬ সালে এ সড়কটি পাকাকরণ করা হলেও কয়েক বছরের মধ্যে সড়কের কার্পেটিং উঠে গিয়ে এবড়োখেবড়ো হয়ে গেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। গত তিন বছর থেকে এই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনে আবেদন-নিবেদন করে আসছেন। শুধুই আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সড়কটি আর সংস্কার করা হয়নি। এই সড়কটি দিয়ে যেতে হয় উপজেলার জয়দেব, ছালাপাক, রমাকান্ত, মহিষাসুর ও জয়রা গ্রাম। রাজবল্লভ গ্রামের কৃষক মজনু আলী বলেন, ‘কতো সাংবাদিক আসিয়া কত যে ছবি তুলিল, পেপারোত ছাপে দিলে, কিন্তু তাও তো হামার এই আস্তাটা ভালো হইল না’। জয়দেব গ্রামের ব্যবসায়ী লিয়াকত আলী আক্ষেপ করে বলেন, ‘ব্যস্ত সড়ক, তার পরেও নজর নেই।’ ছালাপাক গ্রামের চিকিৎসক মহুবার রহমান বলেন, এখন এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাজবল্লভ গ্রামের এক শিক্ষার্থী হুমায়রা খানম বলে, ‘রিকশায়ও চলাচল করা যায় না। আর পায়ে হেঁটে চলতে গিয়ে কলেজের পোশাক ধুলায় ভরে যায়।’ এমনি নানা ভোগান্তির কথা তুলে ধরে এই সড়কটি সংস্কারের দাবি জানালেন জয়রা বাজারের শাহ আলম ও মহিষাসুর গ্রামের আতিকুর রহমানসহ আরও অনেকে। গজঘণ্টা ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনে অনেক দেনদরবার করেছি, কিন্তু কোনো কাজে আসছে না।’ উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, ‘এই সড়ক সংস্কারে চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি, সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যাবে।’