হাতে সময় পেলেন ৮-১০ দিন। এর মধ্যে দল তৈরি করতে হবে। একজন কোচের জন্য এটা একটা চাপ। তবে কঠিন কাজটা জেনেশুনেই করছেন সাইফুল বারী (টিটো)। নেপালে ১৮ ও ২০ সেপ্টেম্বর নেপাল জাতীয় দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এসব নিয়েই কথা হলো বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচের সঙ্গে বাফুফে এবার হঠাৎ করেই জাতীয় দলের ক্যাম্প করছে। এটাকে আপনি কীভাবে দেখছেন?সাইফুল বারী: খুবই ভালো উদ্যোগ। নেপালে প্রীতি ম্যাচ খেলাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য নয়। ডিসেম্বরে রাশিয়ায় অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট, আগামী বছর এসএ গেমস—এসব সামনে রেখেই এটি করা হয়েছে। ৭৭ জন থেকে দলকে ২৮-এ নামিয়ে নেপাল সফরের জন্য এখন ক্যাম্প শুরু করেছি কাল (পরশু)। আমি চাই এর ধারাবাহিকতা যেন থাকে। খেলোয়াড়দের কেমন দেখছেন?সাইফুল: অফ সিজনে খেলোয়াড়দের কন্ডিশন যেমন থাকা স্বাভাবিক, তেমনই আছে। বেশির ভাগ খেলোয়াড়ই নিজ উদ্যোগে নিজেকে ফিট রাখতে পারেনি। হয়তো খ্যাপ-ট্যাপ খেলেছে, কিন্তু সেভাবে অনুশীলন করেনি। কিছু কিছু খেলোয়াড়ের ফিটনেস লেভেল অবশ্য ভালোই আছে। নতুন খেলোয়াড় চোখে পড়ল?সাইফুল: নতুন খেলোয়াড় সেভাবে চোখে পড়েনি। যারা আছে, তাদের আমরা চিনি। তারা হয় জাতীয় দল, অনূর্ধ্ব-২৩ বা ২২ বা ২০-এ খেলছে। একেবারে আনকোরা বলতে যা বোঝায়, তেমন খেলোয়াড় দেখলাম না। তাহলে আমাদের পাইপলাইনটা কি ফাঁকাই বলা যায়?সাইফুল: একদমই ফাঁকা বলা যাবে না। কিছু খেলোয়াড় তো আছে। তবে পাইপলাইন শক্তিশালী করতে হবে। ফেডারেশনের একার পক্ষে এটা করা সম্ভব নয়। ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে। যেমন ক্লাবগুলোর যুবদল নেই আমাদের দেশে। এবার তা বাধ্যতামূলক করা হয়েছে। আপনি দুই ম্যাচের জন্য দায়িত্ব পেলেন। সামনে হয়তো বিদেশি কোচ আসবেন। কী মনে হয় ভবিষ্যতে আমরা শক্তিশালী জাতীয় দল আশা করতে পারি?সাইফুল: শক্তিশালী জাতীয় দল গড়া এক-দুই দিনে সম্ভব নয়। ৮-১০ বছর বা কম করে পাঁচ বছরের পরিকল্পনা চাই। এটা না হলে যত বড় বিদেশি কোচই আনুন, লাভ হবে না। প্রতিনিয়তই জাতীয় দল নিয়ে কাজ করতে হবে। নেপালের বিপক্ষে দুটি ম্যাচ নিয়ে কী ভাবছেন। সময় কম, কিন্তু ভালো করার চ্যালেঞ্জ। ঠিকমতো ঘুম-টুম হচ্ছে তো?সাইফুল: (হাসি) না, না, ঘুম ভালোই হচ্ছে। ওসব নিয়ে টেনশন নেই। আপৎকালীন কোচ বা যা-ই বলুন না কেন, ভালো কিছু করাই আমার লক্ষ্য। তবে বাস্তবতাও দেখতে হবে। সর্বোচ্চ ফল যাতে পেতে পারি, সেই পরিকল্পনা করেই এগোব। মাঝমাঠের ওপর বেশি জোর দিয়ে দল গড়বেন বলেছেন। আপনার পরিকল্পনা আসলে কী?সাইফুল: সব দলই এখন মাঝমাঠ শক্তিশালী রেখে খেলতে নামে। গত বছর দিল্লিতে সাফ ফুটবলে নেপালের কাছে বাংলাদেশ দল ১-০ গোলে হেরেছিল, কোচ নিকোলা ইলিয়েভস্কি ওই ম্যাচে ৫ জনকে মিডফিল্ডে খেলিয়েছিলেন। আসলে মাঝমাঠটা সবাই শক্তিশালী করতে চায়। দুজন খুব ভালো স্ট্রাইকার থাকলে একজনকে ওপরে রেখে একজনকে নিচে নামিয়ে খেলানো যায়। তাহলে আপনিও পাঁচ মিডফিল্ডার নিয়ে নামছেন? সাইফুল: হ্যাঁ, হয়তো পাঁচ মিডফিল্ডারই খেলাব। আমি অনুশীলন ম্যাচে তিনজন স্ট্রাইকারও খেলিয়েছি। এমিলি পেছনে মিডফিল্ড থেকে খেলেছে, এনামুল ওপরে ছিল। ৪-৫-১ কিংবা অন্য যেকোনো ফরমেশনই হোক, আমি চাই গোল গেটার মিডফিল্ডার। মিঠুন উইং দিয়ে খেলে গোল করেছে এর আগে। অর্থাৎ গোল করার সামর্থ্য আছে, আবার পেছন থেকেও খেলাতে পারি, এমন খেলোয়াড়ই আমার পছন্দ।