এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ধরে নিতে পারেন মাশরাফি বিন মুর্তজাই ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন। এই সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেছেন বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ও লক্ষ্যের কথা— বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের সঙ্গে দুটি ওয়ানডে সিরিজ আছে। এর সঙ্গে অনুশীলনের যে রকম পরিকল্পনা শোনা যাচ্ছে, বিশ্বকাপের জন্য এটাই আদর্শ কি না?মাশরাফি বিন মুর্তজা: আমার মনে হয়, আমাদের হাতে এখনো অনেক সময় আছে। এই সময়টা যদি আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলেই যথেষ্ট। এসবের বাইরে আর কী যোগ করা যেত বিশ্বকাপ প্রস্তুতিতে?মাশরাফি: এসবের বাইরে আমরা ঘরোয়া ক্রিকেট খেলব। আমাদের ঘরোয়া ক্রিকেট যদিও ওই মানের নয়, তার পরও যার যেটা আছে, তা নিয়েই তো থাকতে হবে। আমি মনে করি, দুই সিরিজ মিলিয়ে ১০টা ওয়ানডে, ঘরোয়া ক্রিকেট—সব মিলিয়ে যথেষ্ট প্রস্তুতিই আমরা নেব। এর সঙ্গে শুধু আমাদের লক্ষ্যটা ঠিক করতে হবে। বিশ্বকাপে আমরা ভালো কিছু চাই, দলের সবার মধ্যে সে আকাঙ্ক্ষাটা থাকতে হবে। ২০০৭ বিশ্বকাপে খুব ভালো পারফরম্যান্স ছিল বাংলাদেশ দলের। এরপর গত প্রায় চার বছরে ওয়ানডেতে বাংলাদেশ কতটা এগিয়েছে?মাশরাফি: অনেক এগিয়েছি আমরা। তবে দলীয় উন্নতির চেয়ে ব্যক্তিগত উন্নতি বেশি হয়েছে এই সময়ে। পরিসংখ্যান ঘাঁটলে দেখবেন, এই সময়ে আমাদের ব্যাটসম্যানরা অনেক সেঞ্চুরি পেয়েছে, বোলাররাও ভালো করেছে। এখন দলের পারফরম্যান্সটাও সে অনুপাতে ভালো করতে হবে। আমি মনে করি, সঠিক সময়ে সঠিক ব্যাটিং-বোলিং করতে পারাটাই দলীয় পারফরম্যান্সের চাবিকাঠি। গতবারের পারফরম্যান্স মনে রাখলে চার বছর পর আরেকটা বিশ্বকাপে যে প্রত্যাশা নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা নিয়ে কি যেতে পারছে বাংলাদেশ?মাশরাফি: কেন নয়? গ্রুপে চারটা দল র্যাঙ্কিংয়ে আমাদের ওপরে আছে—ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই চারটা দলকেই যে আমাদের হারানোর সামর্থ্য আছে, সেটা আমরা প্রমাণ করেছি। কাজেই আমি বলব, বিশ্বকাপেও আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি। শুধু ঠিক দিনে ঠিক কাজটা করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে সেকেন্ড চান্স বলে কিছু নেই। আমরা যদি আগামী ছয় মাস টানা ভালো খেলে বিশ্বকাপে গিয়ে খারাপ খেলি, তাহলে হবে না। সময়মতো আসল কাজটা করতে হবে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই তো শুরু হচ্ছে বিশ্বকাপ। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত দুই জয়ের দুটিতেই আপনি ম্যান অব দ্য ম্যাচ। প্রথম ম্যাচে ভারতকে পেয়ে কি একটু খুশিই হয়েছেন?মাশরাফি: একজন খেলোয়াড় হিসেবে তো অবশ্যই খুশি। তবে বিশ্বকাপে শুধু ভারতকে ফোকাস করে থাকলে ভুল হবে। এখানে আরও দল আছে। সবার বিপক্ষেই ভালো খেলতে হবে, জিততে হবে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আপনিই হবেন বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক। অনুভূতিটা কেমন?মাশরাফি: এটা অন্যরকম একটা গর্ব। এর কোনো তুলনা নেই। তবে আগেও বলেছি, আবারও বলি—একজন খেলোয়াড় হিসেবে ম্যাচ জেতানো পারফরম্যান্স করাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, অধিনায়কত্ব নয়। আমার প্রথম চিন্তা হলো আমি স্কোয়াডে আছি কি না। কী লক্ষ্য নিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ?মাশরাফি: খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, দর্শক-সমর্থক—সবার তো দেখি একটাই চাওয়া, দ্বিতীয় রাউন্ডে যাওয়া। আপাতত আমারও এর চেয়ে বেশি কিছু বলার নেই, এখনই বেশি কিছু বলা কঠিনও। আর দ্বিতীয় পর্বে যাওয়ার কাজটাও অনেক কঠিন। আমাদের অনেক সিরিয়াস হতে হবে।