প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচ মিলিয়ে মাত্র ২৩ রান! তবে চতুর্থ ও পঞ্চম ম্যাচে পরপর দুই সেঞ্চুরি দিয়ে নিজেকে ফিরে পেলেন শাহরিয়ার নাফীস। কাল বগুড়ায় মোহামেডানের তোলা ৩৩৯ রানের পাহাড়টাও গাজী ট্যাংক টপকে গেল তাঁর অপরাজিত ১১৪ রানের সৌজন্যে! বাঁহাতি এই ব্যাটসম্যানের বিশ্বাস, সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স টেনে নিয়ে যেতে পারবেন বিশ্বকাপেও পরপর দুই ম্যাচে সেঞ্চুরি পেলেন, দারুণ ব্যাপার... শাহরিয়ার নাফীস: খুবই ভালো লাগছে। দুটি ম্যাচেই আমরা জিতেছি, এটাও একটা বড় পাওয়া। আমার রান করা দরকার ছিল, রান পাচ্ছি। চেষ্টা করব যেন বাকি ম্যাচগুলোয় রানের এই ধারা অব্যাহত থাকে। আজ (গতকাল) মোহামেডানের মতো বড় দলের বিপক্ষে ৩৩৯ তাড়া করেও জিতে গেলেন! কী পরিকল্পনা নিয়ে নেমেছিলেন?শাহরিয়ার: পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত ব্যাট করব, তাহলে জয়ের সুযোগ থাকবে।্রপুরো ৫০ ওভার ব্যাটিং না করলে এত বড় রান কোনোভাবেই তাড়া করা যায় না। আমাদের চেষ্টা ছিল একটা পাশ ধরে রেখে অন্য পাশ থেকে ফ্রি খেলা। এক পাশ ধরে রাখার কাজটা আমি করেছি, বাকিরা অন্য পাশ থেকে খেলেছে। জাতীয় দলে ইনিংস উদ্বোধন করলেও লিগে তিন নম্বরে ব্যাট করছেন। এখানেই কি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন?শাহরিয়ার: আমি আসলে দুই মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করছি, ভালো রানও পাচ্ছি।্রএই জায়গাটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি স্বাচ্ছন্দ্যও বোধ করি এখানে খেলতে। তবে ওপেন করা আর ওয়ানডাউনে খেলার মধ্যে খুব একটা পার্থক্য নেই।্রভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। ওপেনিং বলুন বা তিন নম্বর-চার নম্বর, দলের যেখানে প্রয়োজন সেখানেই আমি খেলতে পারব আশা করি। লিগে তো শুরুর দিকে রান পাচ্ছিলেন না। সেখান থেকে এমন ঘুরে দাঁড়ালেন কীভাবে?শাহরিয়ার: পরিবারের সদস্য, সতীর্থ—সবাই আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছে। সবাই বলছে, তিন ম্যাচে রান না পেলেও এটা সাময়িক ব্যাপার। হতাশ হওয়ার কিছু নেই। কঠোর পরিশ্রম করতে থাকলে সামনে নিশ্চয়ই ভালো সময় আসবে। সবার সমর্থনেই আসলে এই দুটি ম্যাচে ভালো খেললাম। জিম্বাবুয়ে সিরিজে দলে না থাকায় প্রিমিয়ার লিগের আগে নিজেকে প্রস্তুত করার সময় পেয়েছেন। ব্যাটিং নিয়ে বিশেষ কোনো কাজ কি করেছেন এই সময়ে?শাহরিয়ার: বিশেষ কাজ বলতে এবার কন্ডিশনের সঙ্গে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।্রজাতীয় দলের অনুশীলনে অনেক সুযোগ-সুবিধা থাকে, উইকেট ভালো থাকে। লিগের খেলায় সব সময় সেসব পাওয়া যায় না। এখন যেমন শীতের মধ্যে খেলা হচ্ছে, কন্ডিশনটাও একটু ভিন্ন। ঘাসের ওপর প্রচুর নক করছি। সুযোগ-সুবিধা যা-ই আছে সেটা সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করছি। সামনে বিশ্বকাপ। ঘরোয়া ক্রিকেটের এই পারফরম্যান্স নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াচ্ছে...শাহরিয়ার: দলে নেওয়া না নেওয়াটা পুরোপুরি নির্ভর করে বোর্ড বা নির্বাচকদের ওপর। আমার কিছু করার নেই। আমি চেষ্টা করব ভালো খেলে যাওয়ার। যেখানেই খেলুন, পারফরম্যান্স সব সময়ই আত্মবিশ্বাস বাড়ায়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা শুধু গুরুত্বপূর্ণ। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর ধরেই আমার পারফরম্যান্স ভালো। ঘরোয়া ক্রিকেটে এবার অনেক তারকা ব্যাটসম্যানই রান পাচ্ছেন। সামনে বিশ্বকাপ বলেই কি সবাই একটু বেশি সিরিয়াস?শাহরিয়ার: আমার কাছে তা-ই মনে হয়। সামনে যেহেতু বিশ্বকাপ...গত কয়েক বছরের তুলনায় এ বছর সবাই একটু বেশি সিরিয়াস। সবাই চেষ্টা করছে বিশ্বকাপের আগে নিজের সামর্থ্য দেখানোর।