একসময় বয়সভিত্তিক ফুটবলে খুব ভালো করত বাংলাদেশ। সেই দিন আর নেই। নেপালে চলমান এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলে টানা তিন ম্যাচে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে নেপালের কাছে উড়ে গেছে ৪ গোলে! কাঠমান্ডু থেকে টেলিফোনে দলের কোচ সৈয়দ গোলাম জিলানী জানিয়েছেন বিপর্যয়ের কারণ বাংলাদেশ দল হেরেই চলেছে। এর কারণ কী?সৈয়দ গোলাম জিলানী: কারণ অনেক। আমরা সব খেলোয়াড়কে অনুশীলনে পেয়েছি মাত্র দুই দিন। কাজেই দলের মধ্যে সমন্বয় হয়নি। তার ওপর গত ম্যাচ উজবেকিস্তানের সঙ্গে একটু ভালো খেলার পর আজ (কাল) জর্ডানের বিপক্ষে দলটাকে ক্লান্ত লাগল। সেভাবে লড়াই করতে পারেনি। যাওয়ার আগে ভালো প্রস্তুতি হলো না কেন?জিলানী: ভালো প্রস্তুতি নিতে হলে সব খেলোয়াড়কে তো পেতে হবে। লিগ চলার কারণে খেলোয়াড় পাওয়া যায়নি। আমরা ভেবেছিলাম, যেহেতু খেলোয়াড়েরা খেলার মধ্যেই আছে, সমস্যা হবে না। কিন্তু কাঠমান্ডু এসে দেখছি সমস্যা ঠিকই হচ্ছে। কোনো অনুশীলন ম্যাচও তো খেলা হয়নি। এভাবে কি সফরে যাওয়া উচিত?জিলানী: একটা অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থা করেছিল ফেডারেশন। আবাহনীর বিপক্ষে। ৯ জুন লিগ বন্ধ হলে সেটা সম্ভব হতো। কিন্তু লিগ বন্ধ না হওয়ায় ওই ম্যাচ আর খেলা যায়নি। তারপর তো নেপাল গিয়ে প্রথম ম্যাচেই ৪-১ গোলে বড় হার। নেপালের কাছে বাংলাদেশ কখনো ৪ গোল খায়নি। এটা কীভাবে নিচ্ছেন?জিলানী: আমি নিজেও তো স্তম্ভিত হয়েছি। নেপালের মতো দলও ৩-৪ মাস একসঙ্গে অনুশীলন করেছে। অনেক প্রস্তুতি ম্যাচ খেলেছে। আমরা সে রকম ম্যাচ খেলতে পারলে ফল আরও ভালো হতে পারত। তাহলে এখন আপনারা এই সফর থেকে কী শিক্ষা পেলেন? জিলানী: আমরা টেকনিক্যাল ও ট্যাকটিক্যালি পিছিয়ে আছি। ফিটনেসও আহামরি মনে হয়নি। গোলরক্ষকসহ রক্ষণে সমস্যা। সব মিলিয়ে অন্যদের তুলনায় আমরা ভালো অবস্থানে নেই। এটাই সবচেয়ে বড় শিক্ষা। দুজন খেলোয়াড়কে নাকি দলের সঙ্গে অহেতুক নেওয়া হয়েছে। তাঁদের নিবন্ধনই হয়নি! জিলানী: হ্যাঁ, এটা একটু সমস্যা হয়ে গেছে। ডিফেন্ডার মামুন মিয়া আর মিডফিল্ডার শরিফুল খেলতে পারছে না। ওরা আমার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কাঠমান্ডু আসার পর জানলাম, এএফসিতে ওদের দুজনের নিবন্ধন হয়নি। তার জন্য খেলানো যাচ্ছে না। ভুলটা কাদের? কেন এমন হলো?জিলানী: জানি না। ফেডারেশন থেকে ওদের এএফসিতে নাম পাঠানো হয়েছে জানি। কিন্তু গোলমালটা কোথায় হয়েছে বুঝতে পারছি না। অথচ এর ভুক্তভোগী হচ্ছে আমার দল। একসময় বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ অনেক ভালো করত। দিন দিন কেন এই অবনতি?জিলানী: বাইরের দলগুলোর প্রস্তুতি খুব ভালো থাকে। ওদের অনেক উন্নতিও হয়েছে। নেপালের উন্নতিটা আলাদা করে চোখে পড়ল। উজবেকিস্তান, জর্ডানের কথা না-ই বা বললাম। উজবেকদের সঙ্গে আমরা ২-১ গোলে হারলেও লড়াই করেছি। আজ জর্ডানের কাছে ৩-০ হারটা আমি মানতে পারছি না। আমাদের আসলে ভালো প্রস্তুতি নিয়ে আসা উচিত।