‘ভালো মানুষ হতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতার পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক। ধারালো যুক্তি দিয়ে একজন খণ্ডন করেন আরেকজনের মতামত। পক্ষে-বিপক্ষে হাত তুলতে বললে শিক্ষার্থীর সঙ্গে অভিভাবকও তোলেন হাত। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে প্রতিযোগিতায় প্রথম হওয়া বড় কথা নয়, নিজের চিন্তাশক্তিকে জাগ্রত করতে হবে, কাজে লাগাতে হবে, ভালো মানুষ হতে হবে। এভাবেই গতকাল রোববার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে মেতে উঠেছিল রাজশাহী।‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে রাজশাহী আঞ্চলিক গণিত উৎসবে গতকাল রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেয়।সকাল নয়টায় জাতীয় পতাকা তুলে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা তোলেন ভেন্যু প্রতিষ্ঠান রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক এ বি এম মামুনুল কবির।সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। শিক্ষার্থীরা সোয়া এক ঘণ্টায় ১০টি গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করে। তারা আবার অনুষ্ঠানস্থলে ফিরে এলে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সেলর মাহমুদুল হাসানের সঞ্চালনায় শুরু হয় শিক্ষার্থীদের মজার প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানের অতিথি ও এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিমকে প্রশ্ন করা হয়—পাহাড়ে ওঠা, নাকি নামা কঠিন; এভারেস্টে ওঠার পর তাপ-চাপের কী পরিবর্তন লক্ষ করেছিলেন; তাতে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন কি না—এর জন্য আপনার কী প্রস্তুতি ছিল; উঠতে কত দিন এবং নামতে কত দিন লেগেছিল ইত্যাদি। সেরা প্রশ্ন করা শিক্ষার্থীদের দেওয়া হয় পুরস্কার।সঞ্চালক মাহমুদুল হাসান না বুঝে মুখস্থ, মাদক ও মিথ্যাকে ‘না’ বলার শপথ পাঠ করান। এই পর্বের সঙ্গেই রুবিক্সকিউব প্রতিযোগিতা হয়। এরপর অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সুব্রত মজুমদার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে।’রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ইকবাল মতিন বলেন, ‘গণিতকে কাজে লাগাতে পারলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান সহজ হয়ে যাবে।’মুসা ইব্রাহীম বলেন, ‘মানুষের অসাধ্য কিছু নেই। আমরা চাইলেই যেকোনো কাজ করতে পারি। এ জন্য নিজের ইচ্ছা থাকতে হবে। তাহলে আমরা গণিতেও যেভাবে জয়ী হব, জীবনেও সেভাবে হব।’রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। আজকের এই আয়োজন তারই প্রমাণ। এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে আগামী দিনে আমাদের শিশুরা পৃথিবী জয় করবে।’এ পর্বে আরও বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার সভাপতি মনিরা রহমান ও রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। সবশেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রাথমিকে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচজন, প্রথম রানার্সআপ সাতজন ও দ্বিতীয় রানার্সআপ সাতজন। নিম্নমাধ্যমিকে চ্যাম্পিয়ন হয়েছে চারজন। প্রথম রানার্সআপ হয়েছে চারজন ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে পাঁচজন।মাধ্যমিকে চ্যাম্পিয়ন হয়েছে তিনজন। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে দুজন করে। উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচজন। প্রথম রানার্সআপ হয়েছে সাতজন ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে পাঁচজন।ফলাফল ঘোষণার সময় হঠাৎ মানুষের ভিড় ঠেলে ছুটে গেলেন একজন মা। দৌড়ে গিয়ে তাঁর ছেলেকে জড়িয়ে ধরে চুমু খান। তিনি নওগাঁ থেকে এসেছিলেন। তাঁর ছেলে নূরে আলম প্রাথমিকে প্রথম রানারআপ হয়ে পদক পুরস্কার পায়। দিলশাদ আরা নামের আরেকজন মা ছিলেন খুবই উচ্ছ্বসিত। তাঁর দুই ছেলে সৈয়দ রাফি তানজিম ও সৈয়দ রুবাব রেদুয়ান দুই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়। এসব দৃশ্য উৎসবে এক আবেগঘন পরিবেশ তৈরি করে।