‘ভালোবাসার গল্প’ নিয়ে ঈশিতা
অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা উপস্থাপনা করছেন—এটা কোনো নতুন কথা নয়। কিন্তু ভালোবাসার গল্প নিয়ে শ্রোতাদের সমানে হাজির হলে তা অবশ্য কিছুটা নতুন হতে পারে। তবে সেটা নিজের ভালোবাসার গল্প নয়; ঈশিতা আসছেন আমাদের সমাজের সাধারণ দম্পতিদের অসাধারণ ভালোবাসার গল্প নিয়ে। যেহেতু ভালোবাসার গল্পই হচ্ছে অনুষ্ঠানের মূল, তাই এর সঙ্গে মিল রেখে অনুষ্ঠানের নামও দেওয়া হয়েছে ভালোবাসার গল্প।ঈশিতা বলেন, ‘বাংলাভিশন কর্তৃপক্ষের কাছ থেকে এরই মধ্যে আমার কাছে অনুষ্ঠানটি করার ব্যাপারে প্রস্তাব এসেছে। সবকিছু ঠিকঠাক হলে হয়তো দু-এক দিনের মধ্যে শুটিং শুরু করতে পারব।’ঈশিতা আরও বলেন, ‘যতদূর শুনেছি, অনুষ্ঠানটি কয়েকজন দম্পতির ভালোবাসার গল্প দিয়ে সাজানো হয়েছে। এ ধরনের ভাবনার মাধ্যমে খুব ভালোমানের একটি অনুষ্ঠান করার সম্ভব।’বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘পন্ডস এরই মধ্যে সাধারণ দম্পতিদের নিয়ে একটা নতুন ক্যাম্পেইন শুরু করেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেখান থেকে তাঁরা কয়েকজন দম্পতি নির্বাচন করবেন। তারপর তাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে বিশ্বের বেশ কয়েকটি আকর্ষণীয় স্থানে ভ্রমণের সুযোগ। পাশাপাশি নির্বাচিত দম্পতিদের কাছ থেকে শোনা হবে তাঁদের ভালোবাসার গল্প।’ভালোবাসার গল্প অনুষ্ঠানটির প্রযোজক হিসেবে থাকছেন নাহিদ আহমেদ।২০ জানুয়ারি থেকে বাংলাভিশনে প্রতি শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় দেখানো হবে ভালোবাসার গল্প অনুষ্ঠানটি।