‘ভালোবাসার টানে ফিরে এসেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার তো ফিরে আসার কথা ছিল না, দেশের মানুষের সহযোগিতা আর বন্ধুদের ভালোবাসার টানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি’—চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে আবেগাপ্লুত কণ্ঠে বললেন শিল্পী ঢালী আল মামুন। প্রায় দেড় মাস ব্যাংককে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি দেশে ফেরেন। মামুনের সহধর্মিণী শিল্পী দিলারা বেগম জলি বললেন, ‘ওকে এ রকম সুস্থ ফিরিয়ে আনতে পারব ভাবতেই পারিনি, দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসার এই ঋণ কোনোদিনই শোধ করতে পারব না আমরা।’ গত ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র-নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ পাঁচজন। গুরুতর আহত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী ঢালী আল মামুন। মস্তিষ্ক, ফুসফুস ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। চোয়াল ভেঙে গিয়েছিল, পাঁজরের দুটো ছাড়া বাকি সবগুলো হাড়ই ছিল ভাঙা। ঢাকায় স্কয়ার হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর ১৯ আগস্ট তাঁকে ব্যাংকক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্ক ও ডান হাতে অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানান। এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর চোয়ালে অস্ত্রোপচার করা হয়েছিল। ব্যাংকক নিয়ে যাওয়ার আগে পর্যন্ত মামুন ছিলেন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরে আসার পরও দীর্ঘদিন তাঁকে জানানো হয়নি প্রিয় দুই বন্ধুর মৃত্যুর সংবাদ। দিলারা বেগম বললেন, ‘দীর্ঘদিন ওকে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখতে দেওয়া হয়নি। কারণ, এই শোক সহ্য করবার মতো মানসিক অবস্থা তাঁর ছিল না। সেখানে সিটি স্ক্যান করে অবস্থার উন্নতি হয়েছে দেখার পর আমরা তাঁকে প্রথমে জানাই যে তারেক ও মিশুকের অবস্থা খুবই খারাপ, কোমায় আছে। তারপর মাত্র তিন দিন আগে মৃত্যু সংবাদ জানানো হয়েছে।’বিমানবন্দর থেকে ফেরার পথে দুই বন্ধুর মৃত্যুর সাক্ষী হয়ে থাকার দুর্ভাগ্যের কথা বলছিলেন মামুন। তাঁদের সঙ্গে দীর্ঘদিনের সখ্য আর অজস্র স্মৃতির কথা বলতে গিয়ে অশ্রুসজল হয়ে পড়ছিলেন বারবার। ঢালী আল মামুন এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকেরা বলেছেন, তিন মাস পর আরও একবার পরীক্ষার জন্য ব্যাংকক যেতে পারলে ভালো হয়, অথবা দেশেও সিটি স্ক্যান করে অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব। এ ছাড়া তাঁর ডান হাতটিতে আরও কিছুদিন নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে। ব্যাংকক হাসপাতালে মামুনের চিকিৎসক দলের সমন্বয়ক ছিলেন হাসপাতালের বাংলাদেশি চিকিৎসক শক্তিরঞ্জন পাল। চিকিৎসকদের সেবা ও আন্তরিকতার কথা উল্লেখের পাশাপাশি প্রধানমন্ত্রীসহ দেশের বন্ধু-শুভানুধ্যায়ীদের আর্থিক ও মানসিক সাহায্যের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন শিল্পী দম্পতি। আবেগময় কণ্ঠে মামুন বললেন, ‘জানি না, আমি এ ভালোবাসা পাওয়ার যোগ্য কি না, তবে যত দিন বেঁচে থাকব, আমার সমস্ত সত্তা দিয়ে সৃজনশীলতা দিয়ে এই ভালোবাসারই প্রকাশ ঘটানোর চেষ্টা করব।’